https://www.prothomalony.com/

18707

canada

কানাডা

কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারের রিয়েল এস্টেট এবং আবাসন বিশেষজ্ঞ জহির উদ্দিনের সাথে আলাপচারিতা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৪:৫২

কানাডায় একজন অভিবাসী বা ইমিগ্র্যান্টের নির্দিষ্ট  আবাসন ঠিকানার প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভারের ক্রমবর্ধমান আবাসন বাজার, নতুন অভিবাসীদের সুযোগ, সরকারি নানা সুবিধা এবং এই পেশায় নিজের সফল যাত্রার নানা অজানা দিক নিয়ে কথা বলেছেন আবাসন বিশেষজ্ঞ বাংলাদেশি কানাডিয়ান জনাব জহিরউদ্দিন। দীর্ঘ প্রবাসজীবনে বহুমুখী অভিজ্ঞতার পর রিয়েল এস্টেটকে পেশা হিসেবে বেছে নেওয়া এবং সততা ও পেশাদারিত্বের সঙ্গে কমিউনিটির পাশে দাঁড়ানোর গুরুত্ব পূর্ণ তথ্য সম্বলিত এক অনুপ্রেরণামূলক এবং বাস্তবমুখী নির্দেশনাসমৃদ্ধ দিক আলোকপাত করেছেন সাক্ষাৎকারে। চলুন, জেনে নেওয়া যাক তাঁর মুখ থেকেই।

রিয়েল এস্টেট পেশায় যাত্রার প্রেক্ষাপট ও কতদিন ধরে তিনি আছেন সেই প্রসঙ্গে প্রথমেই পাঠকদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, 'আমি ২০১২ সালে কানাডায় আসি। শুরুতে বিজনেস ডেভেলপমেন্ট, ক্লায়েন্ট রিলেশনস এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেছি। সেই কাজ করতে গিয়েই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় আর্থিক সিদ্ধান্ত হলো বাড়ি কেনা, অথচ আমাদের কমিউনিটির অনেকেই এই প্রক্রিয়ায় সঠিক দিকনির্দেশনা পান না। সেই উপলব্ধি থেকেই ২০২৩ সালে লাইসেন্স নিয়ে রিয়েল এস্টেটে আসি, অর্থাৎ প্রায় তিন বছর ধরে এই পেশায় নিয়োজিত আছি। বর্তমানে আমি RE/MAX Performance Realty-তে REALTOR® হিসেবে সারে, ফ্রেজার ভ্যালি ও গ্রেটার ভ্যাঙ্কুভারে কাজ করছি। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যেই ২০২৬ সালে ফ্রেজার ভ্যালি রিয়েল এস্টেট বোর্ডের (FVREB) MLS Medallion Club-এর সদস্য হয়েছি, যা বোর্ডের শীর্ষ ১০ শতাংশ রিয়েলটরদের দেওয়া হয়।

অন্য পেশা না বেছে রিয়েল এস্টেট পেশা বেছে নেবার ক্ষেত্রে তিনি বলেন, মূলত তিনটি কারণে আমি এই সিদ্ধান্ত  নিয়েছি,  প্রথমত, এই পেশায় মানুষের সঙ্গে সরাসরি কাজ করা যায়, আর মানুষের সঙ্গে সম্পর্ক গড়া আমার স্বভাবজাত শক্তি। দ্বিতীয়ত, আমি বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি ও তাগালগ ভাষায় কথা বলতে পারি। ভ্যাঙ্কুভার অঞ্চলের বহুভাষিক অভিবাসী সমাজে এই দক্ষতা সত্যিকারের কাজে লাগে। তৃতীয়ত, রিয়েল এস্টেট একই সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি ও মানুষের স্বপ্নের মিলনস্থল। একটি পরিবারকে তাদের প্রথম বাড়ির চাবি হাতে তুলে দেওয়ার যে আনন্দ, তা অন্য কোনো পেশায় পাইনি।

কানাডার রিয়েল এস্টেট  পেশার প্রয়োজনীয় লাইসেন্স, কোর্স ও যোগ্যতা বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন কানাডায় রিয়েল এস্টেট লাইসেন্স প্রভিন্স বা প্রদেশভিত্তিক। ব্রিটিশ কলাম্বিয়ায় UBC Sauder School of Business-এর Real Estate Trading Services Licensing Course সম্পন্ন করে পরীক্ষায় পাস করতে হয়। এরপর একটি ব্রোকারেজে যুক্ত হয়ে BC Financial Services Authority (BCFSA)-তে লাইসেন্সের আবেদন করতে হয়। লাইসেন্স পাওয়ার পর Applied Practice Course, নিয়মিত পেশাগত প্রশিক্ষণ এবং আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। অন্টারিও বা অন্য প্রদেশে নিয়ম আলাদা। তবে সফলতার জন্য লাইসেন্সই যথেষ্ট নয়। বাজার বিশ্লেষণ, চুক্তি বোঝা, যোগাযোগ দক্ষতা, মার্কেটিং এবং সবচেয়ে বড় কথা সততা আর ধৈর্য প্রয়োজন।

কানাডার বর্তমান হাউজিং মার্কেটের মূল্যায়ন বিষয়ে প্রশ্ন করাহলে  তিনি জানান,  বর্তমান বাজারকে আমি ক্রেতাদের জন্য সুযোগের বাজার বলব। গ্রেটার ভ্যাঙ্কুভারে অক্টোবর ২০২৬-এ সব ধরনের আবাসনের বেঞ্চমার্ক মূল্য ছিল প্রায় ১০ লাখ ৬৯ হাজার ডলার, যা এক বছর আগের তুলনায় ৫.২ শতাংশ কম। ফ্রেজার ভ্যালিতে এই মূল্য ৮ লাখ ৬০ হাজার ডলার, যা বছরে ৬.৪ শতাংশ কমেছে। ফ্রেজার ভ্যালিতে ডিটাচড বাড়ির বেঞ্চমার্ক প্রায় ১২ লাখ ৯৪ হাজার, টাউনহোম ৭ লাখ ৪২ হাজার এবং কন্ডো ৪ লাখ ৬১ হাজার ডলার। ফ্রেজার ভ্যালি রিয়েল এস্টেট বোর্ডের মতে, মহামারির সময়ের মূল্যবৃদ্ধির বড় অংশই মুছে গেছে, ফলে বাড়ি কেনার সামর্থ্য পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় এসেছে। টরন্টো ও অটোয়াতেও একই ধরনের ধীরগতি দেখা যাচ্ছে, বিশেষ করে টরন্টোর কন্ডো বাজারে সরবরাহ বেশি। সামগ্রিকভাবে বাজারে এখন তাড়াহুড়ো নেই, ক্রেতারা দরকষাকষির সুযোগ পাচ্ছেন।

কানাডায় সুদের হার ও মূল্যস্ফীতির প্রভাব বিষয়ক প্রশ্ন করা হলে তিনি  তার মতামত  দেন, ' সুদের হার রিয়েল এস্টেটের সবচেয়ে বড় চালিকাশক্তি। ব্যাংক অব কানাডা অক্টোবর ২০২৬-এ নীতি সুদহার ২.২৫ থেকে বাড়িয়ে ২.৫০ শতাংশ করেছে এবং আরও বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেয়নি। প্রায় এক বছর স্থির থাকার পর এই বৃদ্ধি অনেক ক্রেতাকে আবার দ্বিধায় ফেলেছে। তাই এখনকার কম দামের সুযোগের পাশাপাশি বাড়তি ঋণখরচের বিষয়টিও ক্রেতাদের বিবেচনা করতে হবে। আমার পরামর্শ হলো, বাজার "টাইম" করার চেষ্টা না করে নিজের আর্থিক সামর্থ্য বুঝে সিদ্ধান্ত নেওয়া। একজন ভালো মর্টগেজ ব্রোকারের মাধ্যমে আগে থেকে প্রি-অ্যাপ্রুভাল নিয়ে রেট লক করে রাখলে ঝুঁকি অনেকটা কমে।

কানাডার প্রথমবার বাড়ি র ক্রেতাদের জন্য সরকারি ব্যবস্থা প্রসঙ্গে তিনি জানান এখন প্রথমবার ক্রেতাদের জন্য বেশ কয়েকটি সুবিধা একসঙ্গে ব্যবহার করা যায়। ফেডারেল পর্যায়ে রয়েছে FHSA (জীবনে সর্বোচ্চ ৪০,০০০ ডলার করমুক্ত সঞ্চয়), RRSP থেকে Home Buyers' Plan-এর আওতায় ৬০,০০০ ডলার পর্যন্ত উত্তোলন, এবং ১,৫০০ ডলারের Home Buyers' Tax Credit। স্বামী-স্ত্রী দুজনে মিলে শুধু FHSA আর HBP থেকেই ২ লাখ ডলার পর্যন্ত কর-সুবিধাপ্রাপ্ত অর্থ ব্যবহার করতে পারেন। নতুন বাড়ির ক্ষেত্রে বড় সুখবর হলো, মার্চ ২০২৬-এ আইন পাস হয়ে প্রথমবার ক্রেতাদের জন্য নতুন GST রিবেট চালু হয়েছে, যাতে ১০ লাখ ডলার পর্যন্ত নতুন বাড়িতে সর্বোচ্চ ৫০,০০০ ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। তবে এই রিবেট রিসেল বাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ ছাড়া প্রথমবার ক্রেতারা ইনসিওর্ড মর্টগেজে ৩০ বছরের অ্যামর্টাইজেশন পান, এবং ব্রিটিশ কলাম্বিয়ায় নির্দিষ্ট মূল্যসীমার মধ্যে প্রপার্টি ট্রান্সফার ট্যাক্সেও ছাড় পান। প্রতিটি সুবিধার শর্ত আলাদা, তাই কেনার আগে একজন রিয়েলটর, মর্টগেজ ব্রোকার ও হিসাবরক্ষকের সঙ্গে পরামর্শ করা জরুরি।

কানাডার গ্রেটার ভ্যাঙ্কুভার ও ফ্রেসার ভ্যালি তে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির চাহিদার বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান 'আমাদের কমিউনিটিতে বাড়ির মালিক হওয়ার আকাঙ্ক্ষা খুবই প্রবল। এটা শুধু বিনিয়োগ নয়, নিরাপত্তা ও সম্মানের বিষয়ও। দক্ষিণ এশীয় পরিবারগুলো সাধারণত বড় পরিবার বা বাবা-মাকে সঙ্গে রাখার কথা ভেবে ডিটাচড বাড়ি পছন্দ করেন, বিশেষ করে যেগুলোতে ভাড়া দেওয়ার মতো বেসমেন্ট স্যুট আছে। এই ভাড়া মর্টগেজের বোঝা অনেকটা হালকা করে। প্রথমবার ক্রেতারা টাউনহোম বা কন্ডো দিয়ে শুরু করেন। লোকেশনের ক্ষেত্রে তারা ভালো স্কুল, মসজিদ বা উপাসনালয়, দেশি দোকান ও স্কাইট্রেনের কাছাকাছি এলাকা খোঁজেন। এ কারণে সারে, ডেল্টা ও ল্যাংলি আমাদের কমিউনিটির কাছে বেশ জনপ্রিয়। প্রিসেল প্রজেক্টের প্রতিও আগ্রহ বাড়ছে।

 কানাডায় বাংলাদেশিরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হনসেই প্রেক্ষিতে তিনি জানান কানাডায় প্রথম চ্যালেঞ্জ ক্রেডিট হিস্ট্রি। নতুন আসা অনেকের কানাডিয়ান ক্রেডিট ইতিহাস ছোট থাকে, ফলে মর্টগেজ পেতে সমস্যা হয়। দ্বিতীয়ত, ডাউন পেমেন্টের অর্থ দেশ থেকে আনলে সেটির উৎস কাগজপত্রে প্রমাণ করতে হয়, যা অনেকে আগে থেকে জানেন না। তৃতীয়ত, চুক্তির শর্ত, সাবজেক্ট ক্লজ, স্ট্রাটা ডকুমেন্ট বা ক্লোজিং খরচের মতো বিষয়গুলো নতুনদের কাছে জটিল লাগে। চতুর্থত, অনেকে শুধু পরিচিতজনের কথায় সিদ্ধান্ত নেন, পেশাদার পরামর্শ ছাড়া। আর কেউ কেউ বাজেটের বাইরে গিয়ে কিনে পরে চাপে পড়েন। এসব বিষয়ে সচেতনতা বাড়াতে আমি নিয়মিত First-Time Home Buyer ওয়েবিনার ও কমিউনিটি সেশন করি।

জনাব জহিরউদ্দিন  নতুন অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পরামর্শ বিষয়ক মতামত দেন 'শুরুতেই বাড়ি কেনার তাড়াহুড়ো না করে প্রথম কাজ হলো শক্ত ভিত্তি গড়া। আসার পরপরই একটি ক্রেডিট কার্ড নিয়ে নিয়মিত পরিশোধ করে ক্রেডিট হিস্ট্রি তৈরি করুন। স্থায়ী চাকরি ও আয়ের ধারাবাহিকতা নিশ্চিত করুন। স্থায়ী বাসিন্দা বা নাগরিক হলে FHSA খুলে এখনই সঞ্চয় শুরু করুন। ভাড়া নেওয়ার সময় লিখিত চুক্তি করুন এবং BC-র Residential Tenancy আইনে নিজের অধিকার জেনে নিন। শিক্ষার্থীরা শেয়ার্ড বাসা দিয়ে খরচ কমাতে পারেন। নতুনদের জন্য বিশেষ মর্টগেজ প্রোগ্রামও আছে, তাই একজন অভিজ্ঞ মর্টগেজ ব্রোকারের সঙ্গে আগেভাগে কথা বলে নিবেন 

কানাডায় বাংলাদেশি এজেন্টের সাহায্য কেন সুবিধাজনক সেই বিষয়ে তার ভাষ্য ছিল  ' ভাষা ও সংস্কৃতির মিল একটি আস্থার ক্ষেত্র তৈরি করে। একজন ক্লায়েন্ট যখন নিজের মাতৃভাষায় প্রশ্ন করতে পারেন, তখন তিনি কোনো দ্বিধা ছাড়াই সবকিছু বুঝে নিতে পারেন। আমরা বুঝি যে পরিবারের মুরুব্বিরাও সিদ্ধান্তে অংশ নেন, দেশ থেকে অর্থ আনার প্রক্রিয়া কেমন, বা কোন এলাকায় কমিউনিটির সুবিধা বেশি। তবে আমি সবসময় বলি, শুধু বাংলাদেশি হওয়াই যথেষ্ট নয়। এজেন্টের অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও রেকর্ডও যাচাই করুন। আমার ক্লায়েন্টদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতীয়, পাকিস্তানি, আরব, ফিলিপিনো ও মূলধারার কানাডিয়ানরা আছেন' 

ক্লায়েন্টের বাজেট অনুযায়ী সেরা ডিল খোঁজার পদক্ষেপ প্ক্লয়েন্টের সঙ্গে বসে তাদের প্রয়োজন, পরিবার, কর্মস্থল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বুঝি। তারপর মর্টগেজ প্রি-অ্যাপ্রুভালের মাধ্যমে সত্যিকারের বাজেট নির্ধারণ করি, যাতে কেউ সামর্থ্যের বাইরে না যান। এরপর MLS ছাড়াও এক্সক্লুসিভ ও প্রিসেল সুযোগগুলো খুঁজি। প্রতিটি প্রপার্টির তুলনামূলক বাজার বিশ্লেষণ (CMA) করে দেখি দাম ন্যায্য কি না। কন্ডো বা টাউনহোম হলে স্ট্রাটা ডকুমেন্ট খুঁটিয়ে পড়ে ঝুঁকি চিহ্নিত করি। সবশেষে শক্ত দরকষাকষির মাধ্যমে ক্লায়েন্টের জন্য সর্বোত্তম দাম ও শর্ত আদায়ের চেষ্টা করি। আমার নীতি হলো "Real Estate Done Right." অর্থাৎ কাজটা সঠিকভাবে করা, তাড়াহুড়ো করে নয়।

আবাসন ক্ষেত্রে মর্টগেজ ব্রোকার, আইনজীবী ও হোম ইনস্পেক্টরের ভূমিকা বিষয়ে জহিউদ্দিন বলেন ' যে প্রত্যেকেই একটি সফল লেনদেনের অপরিহার্য অংশ। মর্টগেজ ব্রোকার বিভিন্ন ব্যাংক ও ঋণদাতার মধ্যে তুলনা করে সবচেয়ে উপযুক্ত সুদহার ও শর্ত খুঁজে দেন। আইনজীবী বা নোটারি মালিকানা হস্তান্তর, টাইটেল যাচাই এবং অর্থ লেনদেন আইনগতভাবে সম্পন্ন করেন। হোম ইনস্পেক্টর বাড়ির কাঠামো, ছাদ, বৈদ্যুতিক ও প্লাম্বিং ব্যবস্থার লুকানো সমস্যা খুঁজে বের করেন, যা ক্রেতাকে বড় ক্ষতি থেকে বাঁচায়। আমি ক্লায়েন্টদের বিশ্বস্ত ও অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে যুক্ত করে দিই এবং পুরো প্রক্রিয়ায় সবার মধ্যে সমন্বয় রাখি, যাতে ক্লায়েন্টকে আলাদা আলাদা দৌড়াতে না হয়।

জনাব জহিরউদ্দিন তার শিক্ষাজীবন, ব্যক্তিগত ও পারিবারিক জীবন, অবসর জীবন প্রসঙ্গে বলেন ' আমার একাডেমিক পটভূমি রাষ্ট্রবিজ্ঞানে। পাশাপাশি প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে CCNP নেটওয়ার্কিং সার্টিফিকেশন সম্পন্ন করেছি। এই দুই ভিন্ন ক্ষেত্রের জ্ঞান আজ আমার পেশায় কাজে লাগে: রাষ্ট্রবিজ্ঞান মানুষ ও নীতি বুঝতে সাহায্য করে, আর প্রযুক্তি জ্ঞান আধুনিক মার্কেটিং ও ক্লায়েন্ট সেবায়। ব্যস্ততার মাঝে অবসর পেলে পরিবারের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। এর বাইরে নতুন ব্যবসায়িক মডেল ও বিনিয়োগের সুযোগ নিয়ে পড়াশোনা করি এবং নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ভালোবাসি।

 পেশাগত প্রতিবন্ধকতা ও স্মরণীয় ঘটনা বিষয়ে তার অভিজ্ঞতা বলেন নতুন দেশে শূন্য থেকে শুরু করা সহজ ছিল না। রিয়েল এস্টেটে নির্দিষ্ট বেতন নেই, পুরোটাই কমিশনভিত্তিক। প্রথম দিকে পরিচিতি গড়া, আস্থা অর্জন করা এবং প্রতিযোগিতাপূর্ণ বাজারে নিজের জায়গা তৈরি করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ছাড়া বাজারের ওঠানামা, সুদহারের পরিবর্তন এবং ক্লায়েন্টের দুশ্চিন্তা সামলানোও প্রতিনিয়ত শিখতে হয়েছে। ধৈর্য, সততা ও কঠোর পরিশ্রমই আমাকে এগিয়ে নিয়েছে।

জীবনের স্মরণীয় ঘটনার বিষয়ে তিনি বলেন ' একটি অভিজ্ঞতা আমার মনে গেঁথে আছে। একটি স্ট্রাটা টাউনহাউস কমপ্লেক্সে আমার ক্রেতার অফার গৃহীত হওয়ার পর, লেনদেন সম্পন্ন হওয়ার আগেই সেই কমপ্লেক্সে আগুন লাগে। আমাদের কেনা ইউনিটটি সরাসরি আগুনে পোড়েনি, আগুন লেগেছিল পাশের প্রপার্টিতে। অনেকেই হয়তো ভাবতেন, যেহেতু আমাদের ইউনিট অক্ষত, তাই চিন্তার কিছু নেই। কিন্তু স্ট্রাটা টাউনহাউসে দেয়াল, ছাদ ও অবকাঠামো একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তাই পাশের ইউনিটের আগুনের ধোঁয়া, পানি বা কাঠামোগত ক্ষতি এবং ভবিষ্যতে স্ট্রাটার মেরামত খরচ বা বিশেষ লেভির ঝুঁকি আমার ক্রেতার ঘাড়েও আসতে পারত। আমি পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নিয়ে বিক্রেতার পক্ষের সঙ্গে আলোচনা করি এবং ক্রেতার সুরক্ষার জন্য বিক্রেতার কাছ থেকে ২০,০০০ ডলার হোল্ডব্যাক রাখার ব্যবস্থা করি। এতে আমার ক্লায়েন্ট নিশ্চিন্তে লেনদেন সম্পন্ন করতে পেরেছেন। এই ঘটনা আমাকে শিখিয়েছে, একজন রিয়েলটরের আসল দায়িত্ব শুধু চুক্তি সম্পন্ন করা নয়, বরং অপ্রত্যাশিত সংকটে ক্লায়েন্টের স্বার্থ রক্ষা করা। এছাড়া ২০২৬ সালে Medallion Club-এর স্বীকৃতিও আমার পেশাগত জীবনের একটি বিশেষ অর্জন।

 নতুনদের প্রতি তার পরামর্শ ছিল বেশ গঠনমূলক 'প্রথম এক-দুই বছর আয় অনিশ্চিত থাকতে পারে, তাই অন্তত ছয় মাস থেকে এক বছরের খরচ সঞ্চয় রেখে শুরু করুন। একজন অভিজ্ঞ মেন্টর ও ভালো ব্রোকারেজ বেছে নিন। দ্রুত টাকা কামানোর চেয়ে মানুষের আস্থা অর্জনকে অগ্রাধিকার দিন, কারণ এই পেশা চলে রেফারেলে। নিয়মিত শিখুন, চুক্তি ও আইনকানুন ভালোভাবে জানুন, এবং ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শিখুন। আর কখনো সততার সঙ্গে আপস করবেন না। একটি লেনদেন হারানো যায়, কিন্তু সুনাম হারালে ফিরে পাওয়া কঠিন'।

জহিরউদ্দিন মানবাধিকার ও মানবকল্যাণ বিষয়ক মতামত দেন  রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি মনে করি, মানবাধিকার হলো প্রতিটি মানুষের জন্মগত মর্যাদা ও অধিকার: স্বাধীনভাবে বাঁচা, মত প্রকাশ, ন্যায়বিচার, শিক্ষা ও নিরাপদ আশ্রয়ের অধিকার। এটি কারও দয়া নয়, প্রাপ্য। আর মানবকল্যাণ হলো সেই অধিকার বাস্তবায়নে আমাদের সক্রিয় ভূমিকা, অর্থাৎ অন্যের কষ্ট লাঘবে কিছু করা। দুটি একে অপরের পরিপূরক। জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় পর্যাপ্ত আবাসনকেও মৌলিক অধিকারের অংশ হিসেবে ধরা হয়েছে। তাই আমার কাছে একটি পরিবারকে নিরাপদ ও সাশ্রয়ী আবাসন খুঁজে দেওয়া শুধু ব্যবসা নয়, একটি সামাজিক দায়িত্বও। কমিউনিটির নতুনদের বিনামূল্যে তথ্য ও পরামর্শ দেওয়ার চেষ্টাও সেই দায়বদ্ধতা থেকেই।

আগামী ৩ থেকে ৫ বছরে রিয়েল এস্টাট বাজার  কোন দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে তার মতামত ছিল,  ভবিষ্যৎ নিশ্চিত করে বলা কঠিন, তবে কিছু প্রবণতা লক্ষ্য করা যায়। আগামী এক-দেড় বছর সুদহারের গতিপথ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাজার ধীর ও স্থিতিশীল থাকতে পারে। মাঝারি মেয়াদে আমি ভ্যাঙ্কুভার ও ফ্রেজার ভ্যালি নিয়ে আশাবাদী। জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত আছে, জমি সীমিত, আর সারে-ল্যাংলি স্কাইট্রেনের মতো অবকাঠামো প্রকল্প এই অঞ্চলের গুরুত্ব বাড়াবে। কানাডার BC সরকারের নতুন জোনিং নীতিতে মাল্টিপ্লেক্স ও টাউনহোম বেশি তৈরি হবে, ফলে মধ্যম আয়ের পরিবারের জন্য বিকল্প বাড়বে। অভিবাসন নীতির পরিবর্তন চাহিদায় প্রভাব ফেলবে, তবে দীর্ঘমেয়াদে কানাডার রিয়েল এস্টেট নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবেই থাকবে বলে আমি মনে করি। আমার পরামর্শ হলো, বাজারের খবরে আতঙ্কিত না হয়ে নিজের প্রয়োজন ও সামর্থ্য বুঝে দীর্ঘমেয়াদি চিন্তা করুন।

কানাডা থেকে আরো পড়ুন