https://www.prothomalony.com/
18447
canada
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ ০৩:২২
কানাডার ভ্যাঙ্কুভারে নতুন আসা অভিবাসী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের সহায়তায় অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্যারিয়ার অ্যান্ড সেটেলমেন্ট ওয়ার্কশপ ২০২৬’। গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের (জিভিবিসিএ) উদ্যোগে গত ১১ অক্টোবর সাইমন ফ্রেসার বিশ্ববিদ্যালয়ের সাব বলরুমে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কানাডায় নতুন অভিবাসীদের পেশাগত জীবন শুরু, মানসম্পন্ন আবাসন লাভ এবং স্থানীয় অভিজ্ঞতা না থাকার চ্যালেঞ্জ উত্তরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও বাস্তবভিত্তিক সহায়তা প্রদান করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সংগঠনের সভাপতি মাহমুদুল হক লিটন ও সাধারণ সম্পাদক মো. আবিদ হুসাইনের পরিচালনায় কর্মশালায় পেশাদার জীবনবৃত্তান্ত (রিজিউমি) ও কভার লেটার তৈরি, ক্যারিয়ার উন্নয়ন, চাকরি খোঁজার কৌশল, ইমিগ্রেশন, আবাসন এবং মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিসি পাবলিক সার্ভিসেস, ফ্রেসার হেলথ অথরিটি, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া (ইউবিসি), সাউথ ভ্যাঙ্কুভার নেইবারহুড হাউস, অপশনস কমিউনিটি সার্ভিসেস এবং কর্পোরেট ও প্রযুক্তি খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞ, এইচআর প্রতিনিধি ও ক্যারিয়ার কাউন্সিলররা উপস্থিত থেকে পরামর্শ দেন।
কর্মশালায় সরাসরি প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী স্লাইড উপস্থাপনের মাধ্যমে স্থানীয় চাকরির বাজার সম্পর্কে ধারণা দেন। এছাড়া বাংলা স্কুলসহ স্থানীয় একাধিক প্রতিষ্ঠানের বুথ স্থাপন করা হয়, যেখানে অতিথিরা সরাসরি যোগাযোগের সুযোগ পান।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে ২০২৬ সালে হাইস্কুল (গ্রেড ১২) এবং ইউবিসি থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের তাদের অসামান্য শিক্ষাগত অর্জনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কানাডায় নতুন আসা অভিবাসীদের সার্বিক কল্যাণ ও সামাজিক অন্তর্ভূক্তিতে জিভিবিসিএ ভবিষ্যতেও এ ধরনের তথ্যসমৃদ্ধ কর্মসূচি অব্যাহত রাখবে।
কানাডা থেকে আরো পড়ুন