https://www.prothomalony.com/

18122

canada

কানাডা

টরন্টোয় ভয়াবহ বজ্রঝড় ও বন্যা, বিদ্যুৎহীন ৬৫ হাজার গ্রাহক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭

কানাডার টরন্টো ও বৃহত্তর টরন্টো এলাকায় তীব্র বজ্রঝড় ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টিতে ডন নদীর পানি বেড়ে ডন ভ্যালি পার্কওয়েসহ বিভিন্ন সড়ক তলিয়ে যায়। নিচু এলাকার আন্ডারপাসে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে। পানি ঢুকে পড়ায় টরন্টো ট্রানজিট কমিশনের (টিটিসি) সাবওয়ে ও গণপরিবহন সেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়।

সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের তাণ্ডবে শত শত গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ বিতরণ লাইনের ওপর পড়ায় ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। টরন্টো হাইড্রোর তথ্য অনুযায়ী, ঝড়ের পর প্রায় ৬৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন।

ঝড়ে রজার্স স্টেডিয়ামের বাইরের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। মাইকেল গ্যারন হাসপাতালের জরুরি বিভাগেও পানি ঢুকে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার কার্যক্রম চালায়। পানিতে আটকে পড়া চালক ও যাত্রীদের উদ্ধার করা হয় এবং ঝড়ে উপড়ে পড়া গাছ ও বিদ্যুৎ লাইনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় কাজ করা হয়।

বাসিন্দাদের সতর্ক থাকার, ছিঁড়ে পড়া বিদ্যুৎ তার থেকে দূরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডা থেকে আরো পড়ুন