https://www.prothomalony.com/
18717
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি মঈন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান। গত ১৮ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় মিশিগানের ওয়ারেন শহরের একটি রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী, আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “দল-মত নির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য।”
তিনি বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় পরিচয় কিংবা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে মানুষের আইনগত অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আইন পেশার মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। মক্কেলের আইনগত স্বার্থ রক্ষায় প্রচলিত আইন ও পেশাগত নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা আইনজীবীদের দায়িত্ব।
বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মহাব্বত খান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম (মাছুম)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট কল্যাণী চৌধুরী, অ্যাডভোকেট রুকসানা ও অ্যাডভোকেট সামিনাসহ অন্যান্য আইনজীবী এবং কমিউনিটির প্রতিনিধিরা।
সংবর্ধিত অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী অভিবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং প্রবাসী কমিউনিটির মধ্যে আইনবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছেন। অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের আইনগত অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের মতে, এ সংবর্ধনার মধ্য দিয়ে মিশিগানে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন