https://www.prothomalony.com/

18714

north-america

উত্তর আমেরিকা

লন্ডনে বর্ণবাদী হামলায় প্রাণ হারানো শ্রীমঙ্গলের কিশোর আহমেদ ইকবাল

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৬:১৯

১৯৭৩ সালে জন্ম নেওয়া আহমেদ ইকবাল মাত্র ১৩ বছর বয়সে ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের একটি স্কুল প্রাঙ্গণে নিহত হন। তাঁর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ণবাদী হামলার শিকার হয়ে এক কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীর হাতে প্রাণ হারান তিনি। এই হত্যাকাণ্ড সে সময় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

আহমেদ ইকবালের পৈতৃক বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামে। তাঁর বাবা আলহাজ্ব হাবিব উল্লাহ এবং মা আলহাজ্ব ফাতেমা বেগম। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করতেন এবং সেখানকার বার্নেজ হাইস্কুলে পড়াশোনা করতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর স্কুলের মাঠে বর্ণবাদী হামলার শিকার হন আহমেদ ইকবাল। মাত্র ১৩ বছর বয়সে তাঁর এমন মর্মান্তিক মৃত্যু যুক্তরাজ্যজুড়ে বসবাসরত বাংলাদেশিদের ক্ষুব্ধ করে তোলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে সে সময় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

তৎকালীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আহমেদ ইকবালের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছিলেন। ম্যানচেস্টার সিটি কাউন্সিলও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আহমেদ ইকবাল ছিলেন মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী। বই পড়া, সৃজনশীল লেখালেখি এবং খেলাধুলার প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। কিন্তু কৈশোরেই তাঁর জীবনের সমাপ্তি ঘটে। তাঁর মৃত্যুর বহু বছর পরও মেধাবী এই কিশোরের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৯৯ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় তাঁর স্মৃতি সংরক্ষণে ‘আহমেদ ইকবাল উল্লাহ রেস রিলেশনস রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠা করে। বর্ণবাদ, জাতিগত সম্পর্ক ও বৈষম্যবিষয়ক গবেষণার সঙ্গে যুক্ত এই কেন্দ্র তাঁর নামকে আন্তর্জাতিক পরিসরে স্মরণীয় করে রেখেছে।

এ ছাড়া তাঁর পরিবারের উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে আহমেদ ইকবাল মেমোরিয়াল হাইস্কুল। শিক্ষার প্রসারের মধ্য দিয়ে তাঁর স্মৃতি ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও মৃত্যুর ইতিহাস তুলে ধরার উদ্যোগ এটি।

শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামের সন্তান আহমেদ ইকবালকে সমাহিত করা হয়েছে ম্যানচেস্টারের একটি কবরস্থানে। জন্মভূমি থেকে বহু দূরে সমাহিত এই কিশোরের স্মৃতি আজও বহন করছে তাঁর পরিবার এবং তাঁর নামাঙ্কিত শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন