https://www.prothomalony.com/
17975
canada
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ০৫:০৫
কানাডায় বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের অর্জিত সুনামের পাশাপাশি সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। দোকানে চুরি, পার্কে অপরিচ্ছন্নতা, অনুমতি ছাড়া ভিডিও ধারণ, জনসমক্ষে অসৌজন্যমূলক আচরণ কিংবা বিভিন্ন অপরাধের অভিযোগ—এসব ঘটনায় অভিযুক্তের সংখ্যা তুলনামূলক কম হলেও এর প্রভাব পড়ছে পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তিতে।
মন্ট্রিয়লের একটি সুপারমার্কেটে চুরির ঘটনায় অভিযুক্ত কয়েকজন বাংলাদেশি তরুণের সঙ্গে কথা বলতে গিয়ে একজন বাংলাদেশি কর্মীকে অনুবাদ করতে হয়। একইভাবে আরেক ঘটনায় বাংলাদেশি এক দম্পতির বিরুদ্ধেও পণ্য চুরির অভিযোগ ওঠে। এসব ঘটনায় দীর্ঘদিন কানাডায় বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই বিব্রত ও হতাশ।
টরন্টো, সাসকাটুনসহ বিভিন্ন শহরেও বাংলাদেশিদের কিছু আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়েছে। পার্কে ময়লা ফেলে যাওয়া, শিশুদের অনুমতি ছাড়া ভিডিও করা, জনসমক্ষে উচ্চস্বরে কথা বলা কিংবা নারীদের বিব্রত করার মতো অভিযোগও সামনে এসেছে। কোথাও কোথাও এসব ঘটনা স্থানীয়দের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে।
তবে এসব বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো বাংলাদেশি জনগোষ্ঠীকে বিচার করার সুযোগ নেই। কানাডায় বাংলাদেশিদের অবদান বরং অনেক বড়। রাজনীতি, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা, গবেষণা, ব্যবসা, সরকারি-বেসরকারি চাকরি এবং বিভিন্ন পেশায় বাংলাদেশিরা সুনামের সঙ্গে কাজ করছেন। বহু বাংলাদেশি তাদের কর্মনিষ্ঠা, দক্ষতা ও সততার মাধ্যমে কানাডার সমাজে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
কানাডায় বাংলাদেশিদের অভিবাসনের ইতিহাসও অর্ধশতাব্দীর বেশি পুরোনো। টরন্টো, মন্ট্রিয়ল, অটোয়া, ক্যালগেরি, ভ্যাঙ্কুভার ও এডমন্টনসহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি। নতুন প্রজন্মও উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে সাফল্য অর্জন করছে।
তবে সাম্প্রতিক কিছু ঘটনার পর পুরোনো প্রবাসীদের অনেকে মনে করছেন, নতুন-পুরোনো সবাইকে কানাডার আইন, সামাজিক শিষ্টাচার, ব্যক্তিগত গোপনীয়তা, পরিবেশ ও নাগরিক দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে কোনো ব্যক্তির অপরাধ বা অসচেতনতার দায় যেন পুরো কমিউনিটির ওপর না পড়ে, সেটিও মনে রাখা জরুরি।
কানাডার মতো বহুসাংস্কৃতিক সমাজে নিজেদের সংস্কৃতি ও পরিচয় ধরে রাখার পাশাপাশি স্থানীয় আইন ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বাংলাদেশির সাফল্য যেমন পুরো কমিউনিটির গর্ব, তেমনি একজনের দায়িত্বহীন আচরণও অনেকের অর্জিত সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
তাই আত্মসমালোচনা ও সচেতনতার মাধ্যমে নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে। নতুন-পুরোনো সব প্রবাসীকে সঙ্গে নিয়ে কানাডার মূলধারায় একটি দায়িত্বশীল, মর্যাদাপূর্ণ ও ইতিবাচক বাংলাদেশি পরিচয় আরও শক্তিশালী করাই হওয়া উচিত সবার সম্মিলিত লক্ষ্য।
কানাডা থেকে আরো পড়ুন