https://www.prothomalony.com/
18715
bangladesh
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ ০৬:২১
আন্তর্জাতিক সম্পর্কে রাজনৈতিক সৌহার্দ্য, কূটনৈতিক যোগাযোগ কিংবা কৌশলগত সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও রাষ্ট্রে-রাষ্ট্রে সম্পর্কের স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে পারস্পরিক অর্থনৈতিক স্বার্থের ওপর। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উৎপাদনব্যবস্থা এবং সরবরাহ শৃঙ্খলের সংযোগই অনেক সময় রাজনৈতিক সম্পর্কের চেয়েও গভীর ও দীর্ঘস্থায়ী আন্তঃনির্ভরশীলতা তৈরি করে। আধুনিক আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতির আলোচনায় ক্রমেই স্পষ্ট হচ্ছে যে, কেবল সামরিক বা রাজনৈতিক প্রভাব নয়; বরং অর্থনৈতিক সহযোগিতা, বাজারের সংযোগ, প্রযুক্তির প্রবাহ এবং উৎপাদন নেটওয়ার্কের মধ্য দিয়েই রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে তাকালে এই বাস্তবতা বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ তাই শুধু কূটনৈতিক সৌহার্দ্যের ওপর নয়, বরং অর্থনৈতিক সহযোগিতাকে কতটা ভারসাম্যপূর্ণ, উৎপাদনশীল ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্বে রূপান্তর করা যায়, তার ওপরও নির্ভরশীল। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক আলোচনায় ‘জটিল আন্তঃনির্ভরশীলতা’ (কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স) ধারণাটি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক। এই ধারণা অনুযায়ী, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক শুধু রাজনৈতিক বা সামরিক শক্তির ভিত্তিতে পরিচালিত হয় না; বরং বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের মধ্য দিয়েও পারস্পরিক নির্ভরশীলতা তৈরি হয়। তবে অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা সব সময় রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। বরং তা সহযোগিতার পাশাপাশি নতুন ধরনের নির্ভরশীলতা, দর-কষাকষি এবং কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করতে পারে। ফলে কোনো দুটি রাষ্ট্র কতটা ঘনিষ্ঠ, তাদের সম্পর্ক কতটা গভীর এবং ভবিষ্যতে সেই সম্পর্ক কতটা টেকসই হতে পারে, তা মূল্যায়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো তাদের বাণিজ্য ও বিনিয়োগের প্রকৃতি।
বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রেও এই বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক দশকে অবকাঠামো নির্মাণ, শিল্পায়ন, বিদ্যুৎ, যোগাযোগ, প্রযুক্তি এবং বাণিজ্যিক বিনিময়ের বিস্তৃত ক্ষেত্র দুই দেশের সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে। চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি উৎস এবং অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বাস্তবতার আলোকে বলা যায়, বাংলাদেশ-চীন সম্পর্কের সবচেয়ে দৃশ্যমান, পরিমাপযোগ্য এবং কার্যকর ভিত্তি হলো অর্থনৈতিক সম্পর্ক। এই সহযোগিতা এখন আর দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো পার্শ্ববর্তী উপাদান নয়; বরং এর অন্যতম কেন্দ্রীয় চালিকাশক্তি। গত দুই দশকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ চীন থেকে প্রায় ১৮.৫৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে চীনে রপ্তানি করেছে প্রায় ৬৯৪.৫ মিলিয়ন ডলারের পণ্য। ফলে দুই দেশের পণ্যবাণিজ্যের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৯.২৫ বিলিয়ন ডলারে। এই পরিসংখ্যান একদিকে বাংলাদেশের অর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে, অন্যদিকে দ্বিপাক্ষিক বাণিজ্যের কাঠামোগত ভারসাম্যহীনতাও স্পষ্ট করে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, শিল্প সরঞ্জাম, বৈদ্যুতিক পণ্য, রাসায়নিক দ্রব্য, ইস্পাতজাত পণ্য, টেক্সটাইল উপকরণ এবং প্রযুক্তিগত সরঞ্জামের ক্ষেত্রে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ চীন কেবল বাংলাদেশের ভোগ্যপণ্যের সরবরাহকারী নয়; বরং বাংলাদেশের উৎপাদনব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ-চীন সম্পর্কের অর্থনৈতিক ভিত্তি বিশ্লেষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতির প্রকৃতি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ চীন থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করলেও রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি উল্লেখযোগ্য। তবে এই ঘাটতির প্রকৃতি বিশ্লেষণ না করে কেবল সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো বিভ্রান্তিকর হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষণে সব ধরনের আমদানিকে নেতিবাচক হিসেবে দেখা হয় না। বিশেষত যখন আমদানি করা পণ্য শিল্প উৎপাদন, অবকাঠামো নির্মাণ এবং রপ্তানিমুখী অর্থনীতিকে সহায়তা করে, তখন তার অর্থনৈতিক তাৎপর্য ভিন্ন হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বিপুল পরিমাণ সুতা, কাপড়, রাসায়নিক উপকরণ ও যন্ত্রপাতি চীন থেকে আসে, যা পরবর্তী সময়ে প্রক্রিয়াজাত হয়ে বৈশ্বিক বাজারে রপ্তানি হয়। এর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, অবকাঠামো নির্মাণ, টেলিযোগাযোগ, ইলেকট্রনিকস, নির্মাণসামগ্রী, প্রকৌশল শিল্প এবং উৎপাদন খাতের বহু উপকরণও চীন থেকে আমদানি করা হয়। অর্থাৎ চীন থেকে আমদানিকৃত অনেক উপকরণ সরাসরি বাংলাদেশের উৎপাদন কাঠামোর অংশ হয়ে যায় এবং পরবর্তী সময়ে দেশের রপ্তানি আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখে। উন্নয়ন অর্থনীতিতে এ ধরনের আমদানিকে প্রায়ই ‘উৎপাদনশীল আমদানি’ হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়া, চীন ও ভিয়েতনামসহ বহু উদীয়মান অর্থনীতি তাদের শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি, প্রযুক্তি ও কাঁচামাল আমদানি করেছিল। পরবর্তী সময়ে এসব উপকরণ ব্যবহার করেই তারা রপ্তানিমুখী শিল্প অর্থনীতি গড়ে তুলেছে।
তবে সব শিল্প-সম্পর্কিত আমদানিই যে স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনশীল বা অর্থনৈতিকভাবে লাভজনক, তা মনে করার কারণ নেই। কোনো আমদানি প্রকৃত অর্থে উৎপাদনশীল কি না, তা নির্ভর করে সেই আমদানি থেকে কতটা স্থানীয় মূল্য সংযোজন হচ্ছে, উৎপাদনশীলতা কতটা বাড়ছে এবং শেষ পর্যন্ত তা কতটা রপ্তানি আয়, কর্মসংস্থান কিংবা আমদানি বিকল্প উৎপাদন তৈরি করছে, তার ওপর। একই সঙ্গে দীর্ঘমেয়াদে অতিরিক্ত বাণিজ্য ভারসাম্যহীনতা অর্থনৈতিক সম্পর্কে কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত দিতে পারে। যদি আমদানি দ্রুত বাড়তে থাকে কিন্তু রপ্তানি তুলনামূলকভাবে স্থবির থাকে, তাহলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ, একক বাজারের ওপর নির্ভরশীলতা এবং অর্থনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। সুতরাং বাংলাদেশের জন্য চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার মূল প্রশ্ন শুধু বাণিজ্য ঘাটতি কমানো নয়; বরং কীভাবে এই সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ, উৎপাদনশীল এবং পারস্পরিক লাভজনক করা যায়, সেটি নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন রপ্তানি বহুমুখীকরণ, চীনা বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, মূল্য সংযোজনভিত্তিক শিল্প উন্নয়ন এবং আঞ্চলিক উৎপাদন শৃঙ্খলে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো। অর্থনৈতিক সম্পর্ক তখনই টেকসই হয়, যখন তা একমুখী বাণিজ্য থেকে বেরিয়ে এসে যৌথ প্রবৃদ্ধি, শিল্প সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ নেয়। বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ শক্তি নির্ধারিত হবে মূলত এই রূপান্তর কতটা সফলভাবে ঘটানো যায়, তার ওপর।
চীনের অর্থনীতি যত বড়, তার বাজারও তত বিশাল। বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা ও আমদানিকারক বাজার হিসেবে চীন উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। কৃষিপণ্য, সামুদ্রিক পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ, পাটজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, সিরামিক, প্লাস্টিকজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং তথ্যপ্রযুক্তি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প, চামড়া শিল্প, হিমায়িত মাছ ও সামুদ্রিক পণ্য, পাটভিত্তিক পরিবেশবান্ধব পণ্য এবং কিছু বিশেষায়িত কৃষিপণ্যের ক্ষেত্রে সম্ভাবনা উল্লেখযোগ্য। তবে সম্ভাবনা থাকা আর সেই সম্ভাবনাকে বাণিজ্যিক সাফল্যে রূপান্তর করা এক বিষয় নয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য শুধু পণ্যের প্রাপ্যতা যথেষ্ট নয়; প্রয়োজন মান, উৎপাদন সক্ষমতা, মূল্য প্রতিযোগিতা, সরবরাহের ধারাবাহিকতা এবং বাজার সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান। তাই বাংলাদেশ-চীন বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো চীনের শুল্কমুক্ত বাজার সুবিধা। ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চীন তার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন স্বল্পোন্নত দেশগুলোর জন্য ১০০ শতাংশ ট্যারিফ লাইনে শুল্কমুক্ত প্রবেশাধিকার কার্যকর করেছে। বাংলাদেশও এই সুবিধার আওতাভুক্ত। তবে ট্যারিফ কোটার আওতাভুক্ত পণ্যের ক্ষেত্রে নির্ধারিত কোটার সীমার বাইরে একই সুবিধা প্রযোজ্য নয়। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুযোগ। কিন্তু শুধু বাজার উন্মুক্ত হলেই হবে না; সেই সুযোগ কাজে লাগানোর সক্ষমতাও থাকতে হবে। বাস্তবে অনেক উন্নয়নশীল দেশ বাজারপ্রবেশের আনুষ্ঠানিক সুযোগ পেলেও পণ্যের মান (কোয়ালিটি অ্যাসুরেন্স), পরিমাণ, সরবরাহের ধারাবাহিকতা, ব্র্যান্ডিং, সার্টিফিকেশন এবং লজিস্টিকস সমস্যার কারণে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রেও এই চ্যালেঞ্জগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় এই সময়কে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। তবে শুল্কমুক্ত বাজার সুবিধা স্থায়ী বা সব ধরনের
বাংলাদেশ থেকে আরো পড়ুন