https://www.prothomalony.com/
17973
canada
কানাডার এডমন্টনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান সোসাইটির বার্ষিক বনভোজন। গত ১৫ আগস্ট স্থানীয় রান্ডেল পার্কে আয়োজিত এ বনভোজন ঘিরে প্রবাসী সাস্টিয়ানদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
এডমন্টনসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাস্টিয়ানরা পরিবার-পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেন। মূল আয়োজন বিকেলে শুরু হলেও সকাল থেকেই পার্কে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। পরিচিতজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের পর শুরু হয় দেশীয় খাবারের আয়োজন। পোলাও, চিকেন রোস্ট, খাসির রেজালা, সালাদ ও মিষ্টি দইসহ নানা পদে চলে ভোজনপর্ব।

দিনব্যাপী আয়োজনে কানাডার জীবনযাত্রা, আইন-কানুন, কর্মসংস্থান ও পেশাগত নানা বিষয়ে আলোচনা হয়। কানাডায় নতুন আসা সাস্টিয়ানদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন অভিজ্ঞ ও সফল প্রাক্তন শিক্ষার্থীরা।
পরে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিনিয়র সাস্টিয়ানরা।

বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামিল আহমেদ, মোহাম্মদ রাশিদ তাহের, ফয়েজ আহমেদ, ফাহিমদা খানম উর্মি, জুলফিকার রাসেল, রাব্বানী রাসেল, আজিজুল হক, সাইফুল ইসলাম, সাদমান আবসার চৌধুরী, নূজহাট আনজুম, গৌরব কুমার সেন, আমিনুল হাসান, তাসলিমা সুলতানাসহ অন্য সাস্টিয়ানরা।
সমাপনী বক্তব্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আয়োজক ও অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সাস্টিয়ানদের এমন মিলনমেলার আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
কানাডা থেকে আরো পড়ুন