https://www.prothomalony.com/
18472
new-york
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৪৫
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে মেডিকেইড জালিয়াতির অভিযোগে একটি প্রাপ্তবয়স্কদের ডে-কেয়ার সেন্টারের মালিক ও প্রোগ্রাম পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চার মাসে প্রায় ৫ লাখ ৩০ হাজার ডলারের কথিত স্বাস্থ্যসেবা জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্ট্যাটেন আইল্যান্ডের ফরেস্ট অ্যাভিনিউয়ের মেরিনার্স হারবার এলাকায় অবস্থিত স্ট্যাটেন আইল্যান্ড অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টারের দুই পরিচালকের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া চার মাসের একটি সময়ের মধ্যে তারা মেডিকেইডের অর্থ পেতে ব্যাপক অনিয়ম করেছেন বলে অভিযোগ তদন্তকারীদের।
স্ট্যাটেন আইল্যান্ডের জেলা অ্যাটর্নি মাইকেল ম্যাকমোহনের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা এমন ব্যক্তিদের নামে সেবার বিল জমা দিয়েছেন, যারা মারা গেছেন অথবা ওই সময়ে যুক্তরাষ্ট্রের বাইরে ছিলেন। এভাবে অন্তত ৩২ জন জ্যেষ্ঠ নাগরিকের নামে প্রায় ১৩ হাজার ডলারের অতিরিক্ত বিল করার অভিযোগও রয়েছে।
মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ট্যাটেন আইল্যান্ডের ওই কেন্দ্রসহ ব্রুকলিন ও কুইন্সের কয়েকটি প্রাপ্তবয়স্কদের সেবা কেন্দ্রে অভিযান চালায়। এসব অভিযান বৃহত্তর একটি ফেডারেল তদন্তের অংশ। তদন্তকারীদের সন্দেহ, কিছু সেবা প্রতিষ্ঠানের পরিচালকেরা গ্রাহকদের বাস্তবে সেবা না দিয়েও মেডিকেইডের অর্থ দাবি করেছেন।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এ উদ্যোগকে স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপব্যবহার বন্ধের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। এফবিআই জানিয়েছে, বিপুল অঙ্কের স্বাস্থ্যসেবা জালিয়াতির পরিকল্পনা শনাক্ত ও বন্ধ করতে তারা কাজ করছে।
নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার জেমস ম্যাকডোনাল্ড বলেন, জালিয়াতির কারণে হারানো প্রতিটি ডলার এমন অর্থ, যা নিউইয়র্কবাসীর প্রয়োজনীয় চিকিৎসা ও সেবায় ব্যয় হওয়ার কথা।
এদিকে, ওই ভবনে কর্মরত কয়েকজনের বক্তব্যে ভিন্ন চিত্র পাওয়া গেছে। এক নারী দাবি করেন, প্রতিদিন গাড়ি নিয়ে লোকজনকে আনার মতো কার্যক্রম দেখা গেলেও অনেক সময় কাউকে নামতে দেখা যেত না। তবে অন্য এক ব্যক্তি জানান, কেন্দ্রটিতে ক্লাস, কারাওকে, গান ও নাচের আয়োজন হতো। তার মতে, কেন্দ্রটির ওপর নির্ভরশীল সেবাগ্রহীতাদের জীবনেও এর প্রভাব পড়তে পারে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন