https://www.prothomalony.com/

18471

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ২ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ১০ হাজার নতুন আসন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৪৪

নিউইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যের প্রারম্ভিক শিক্ষা ও শিশু পরিচর্যা কর্মসূচি ‘২-কে’ সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি ও গভর্নর ক্যাথি হোকুল। ২০২৭ সালের শরৎকাল থেকে এ কর্মসূচিতে নতুন করে ১০ হাজার আসন যুক্ত হবে। এর ফলে নগরীর আরও বেশি পরিবারের জন্য শিশুদের যত্ন ও প্রাথমিক শিক্ষার সুযোগ তৈরি হবে।

গত সোমবার মেয়র মামদানি, গভর্নর হোকুল এবং অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধি কর্মসূচিটির সম্প্রসারণের ঘোষণা দেন। নতুন আসনগুলো নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতেই চালু করা হবে। এর মধ্যে ব্রঙ্কসের সব এলাকা ও স্ট্যাটেন আইল্যান্ডের আরও বেশি পরিবার এ সুবিধার আওতায় আসবে।

নতুন সম্প্রসারণের মাধ্যমে নগরীর আরও ১৭টি স্কুল ডিস্ট্রিক্টে ২-কে কর্মসূচি চালু হবে। এর আগে চলতি শরতে পাঁচটি ডিস্ট্রিক্টে দুই হাজার শিশু এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। নতুন আসন যুক্ত হলে নিউইয়র্ক সিটির মোট ৩২টি স্কুল ডিস্ট্রিক্টের মধ্যে ২২টিতে এ কর্মসূচি চালু থাকবে।

মেয়র মামদানি বলেন, পরিবারগুলোর জন্য সাশ্রয়ী ও সহজলভ্য শিশু পরিচর্যার প্রয়োজনীয়তা স্পষ্ট। তার হিসাবে, বিনামূল্যের ২-কে কর্মসূচির মাধ্যমে অভিভাবকদের বছরে প্রায় ২৫ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। শিশুদের পরিচর্যার বাড়তি ব্যয় কমলে অভিভাবকেরা কর্মক্ষেত্রে থাকা বা কাজে ফিরে যাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন জানান, সাশ্রয়ী ও সহজলভ্য শিশু পরিচর্যার ব্যবস্থা না থাকায় প্রায় ৩ লাখ ৭৫ হাজার অভিভাবক কর্মক্ষেত্র ছেড়েছেন। তাদের বড় অংশই নারী। এ পরিস্থিতিতে বিনামূল্যের শিশু পরিচর্যা কর্মসূচির সম্প্রসারণ পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।

নগর কর্তৃপক্ষের এ উদ্যোগের লক্ষ্য দুই বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা ও পরিচর্যার সুযোগ বাড়ানো এবং পরিবারের শিশু লালন-পালনের ব্যয় কমানো। ২০২৭ সালের শরতে নতুন আসন চালু হলে নিউইয়র্কের আরও অনেক পরিবার এ কর্মসূচির সুবিধা পাওয়ার সুযোগ পাবে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন