https://www.prothomalony.com/
17961
canada
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ ১০:৪৩
উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন ৪০তম ফোবানা সম্মেলন আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ৪০তম ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুইটস-এ। এতে যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে শিল্পী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, সম্মেলনে প্রায় ৪০ হাজার দর্শনার্থী সমাগম হবে।
ফোবানার মূল লক্ষ্য উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা এবং ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে তাদের অবস্থান আরও শক্তিশালী করা। সংগঠনটি অলাভজনক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কাজ করছে।
এবারের সম্মেলনে তরুণ প্রজন্মকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে উত্তর আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে। ৪০তম আয়োজন উপলক্ষে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে ফোবানার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন ফোবানার সাবেক চেয়ারম্যান শাহনওয়াজ, আয়োজক বাংলাদেশ সোসাইটি অব কানাডার প্রধান উপদেষ্টা ড. আবু জুবায়ের দারা, সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার এবং যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন সাগরসহ ৪০তম ফোবানা সম্মেলনের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা।
কানাডা থেকে আরো পড়ুন