https://www.prothomalony.com/
18326
north-america
যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা উদ্বোধন করেছে বাংলাদেশ সোসাইটি ইনক। গত ২ অক্টোবর জ্যামাইকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই শাখার যাত্রা শুরু হয়।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের কর্মকর্তা, ট্রাস্টি বোর্ডের সদস্য, সাবেক নেতৃবৃন্দ, আজীবন ও সাধারণ সদস্য, গণমাধ্যমকর্মী এবং শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সোসাইটির ব্রুকলিন শাখা ও সোসাইটির নিজস্ব কার্যালয়ে গত ১২ থেকে ১৫ বছর ধরে সফলভাবে বাংলা স্কুল পরিচালিত হচ্ছে। জ্যামাইকায় তৃতীয় শাখা উদ্বোধন তাদের জন্য বিশেষ মুহূর্ত উল্লেখ করে তিনি স্কুলের পরিচালক সৈয়দ উল্লাহ, পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের ধন্যবাদ জানান।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, বাংলা স্কুল প্রতিষ্ঠা করা ছিল তাদের নির্বাচনী অঙ্গীকার। প্রতিটি এলাকায় একটি করে বাংলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ব্রঙ্কসে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে এবং পরবর্তী সময়ে উডসাইডেও স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ জন্য অভিভাবকদের সহযোগিতা ও শিশুদের নিয়মিত স্কুলে আনার আহ্বান জানান তিনি।
স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। নতুন প্রজন্ম যেন মাতৃভাষা ও শিকড়কে ভুলে না যায়, সে লক্ষ্যেই বাংলা স্কুল কাজ করছে। তাঁর মতে, বাংলা স্কুল শুধু ভাষা শেখার প্রতিষ্ঠান নয়, এটি নতুন প্রজন্মের সঙ্গে তাদের পরিচয় ও শিকড়ের সেতুবন্ধন।
অনুষ্ঠানে ব্রুকলিন শাখার শিক্ষিকা ফারজিন রাখি কবির বলেন, তাঁর তিন সন্তানই বাংলাদেশ সোসাইটির বাংলা স্কুলের শিক্ষার্থী ছিল। তাঁর বড় সন্তান স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ওয়াশিংটন ডিসিতে ফেডারেল চাকরি করছেন, দ্বিতীয় সন্তান নাসায় কাজ করছেন এবং ছোট সন্তান কাব্য কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ছেন। তিনি জ্যামাইকা শাখার সাফল্য কামনা করেন।
জ্যামাইকা শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রুমানা আফরোজ বলেন, তিনি শিশুদের সঙ্গে থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এ কাজে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
সোসাইটির কার্যকরী পরিষদের সদস্য আবুল কাশেম চৌধুরীসহ সাবেক নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল বাংলা স্কুল সম্প্রসারণ। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই জ্যামাইকায় তৃতীয় শাখা চালু করা হয়েছে। তারা জানান, বর্তমান কমিটির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং এর মধ্যেই আরও দুটি স্কুল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে শিশুরা বাংলা বর্ণমালার অ, আ, ক, খ লেখা কার্ড এবং ‘বাংলা স্কুল’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মঞ্চের সামনে জড়ো হয়। এ সময় আমেরিকান পতাকা হাতে শিশুদের উচ্ছ্বাস করতে দেখা যায়। অভিভাবকেরা সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন।
সবশেষে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী, ট্রাস্টি বোর্ড ও কার্যকরী পরিষদের সদস্য এবং শিক্ষকদের সঙ্গে নিয়ে জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আয়োজকেরা জানান, স্কুলটি সপ্তাহে দুই দিন পরিচালিত হবে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে আনা-নেওয়ার দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন