https://www.prothomalony.com/

15845

canada

কানাডা

প্যানোরমা আন্তর্জাতিক বুক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন কবি মৌ মধুবন্তী

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ০০:৫২

প্যানোরমা আন্তর্জাতিক বুক অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন কবি মৌ মধুবন্তী

আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে আবারও বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন কানাডা–প্রবাসী কবি ও সাহিত্যিক মৌ মধুবন্তী। মর্যাদাপূর্ণ ‘প্যানোরমা ইন্টারন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫’ এ ভূষিত হয়েছেন তিনি। তার লেখা ইংরেজি কাব্যগ্রন্থ ‘The Art of Haiku & Tanka’ এর জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

‘রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন’ আয়োজিত এই আন্তর্জাতিক পুরস্কার বিশ্বসাহিত্য অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। হাইকু ও তানকার মতো জাপানি কবিতার সূক্ষ্ম ফর্মে মৌ মধুবন্তীর দক্ষতা এবং শিল্পসম্মত উপস্থাপনাই তাকে এই অর্জনের শীর্ষে পৌঁছে দিয়েছে।

দীর্ঘ সাহিত্যপথ ও আন্তর্জাতিক স্বীকৃতি

মৌ মধুবন্তীর এই অর্জন হঠাৎ আসেনি। ২০২০ সাল থেকে তিনি রাইটার্স ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত সাহিত্যচর্চা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সাহিত্যের প্রতি গভীর অনুরাগ, ধারাবাহিকতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্ম থেকে তিনি একাধিকবার সম্মাননা পেয়েছেন।

এর আগে ফাউন্ডেশনের বিখ্যাত প্রকাশনা ‘Quill Compendium’ এ তার ইংরেজি কাব্যগ্রন্থ ‘Dearly Alone’ ফিচার্ড হয়, যা আন্তর্জাতিক পাঠকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে।

নতুন দায়িত্ব ও নেতৃত্বের স্বীকৃতি

শুধু কবি হিসেবে নয়, সংগঠক ও সম্পাদক হিসেবেও মৌ মধুবন্তী নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি ইতিমধ্যে ২০২৬ সালের ‘প্যানোরমা ইন্টারন্যাশনাল লিটারেচার ফেস্টিভ্যাল’ এর ডিরেক্টর অব লিটারেচার অ্যান্ড কালচার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া চলতি বছর তাকে ‘Quill Compendium’ এর এডিটোরিয়াল বোর্ডের এডিটর হিসেবে মনোনীত করা হয়েছে, যা তার সাহিত্যিক গ্রহণযোগ্যতা ও নেতৃত্বগুণের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি।

গবেষণা ও সৃজনশীলতার সমন্বয়

সৃজনশীল লেখালেখির পাশাপাশি গবেষণাধর্মী কাজেও সমানভাবে সক্রিয় মৌ মধুবন্তী। প্রতি বছর প্যানোরমা ফেস্টিভ্যালের নির্ধারিত থিমের ওপর ভিত্তি করে কবিতা রচনা করে তিনি নিয়মিত অবদান রাখছেন।

২০২৪ সালে একটি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করে তিনি সাহিত্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন, যা প্রশংসিত হয় বিভিন্ন মহলে।

হাইকু ও তানকার মতো সংক্ষিপ্ত অথচ গভীর কবিতার ফর্মে তার দক্ষতা এবং ‘The Art of Haiku & Tanka’ বইটির আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে বাংলা সাহিত্যের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে তিনি নিজেকে একজন বিশ্বমানের লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

কানাডা থেকে আরো পড়ুন