https://www.prothomalony.com/

18469

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাংলাদেশ বেদান্ত সোসাইটির দুর্গোৎসব

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৪২

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্কের দুই দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। গত ১৭ ও ১৮ অক্টোবর জ্যামাইকার অঙ্গন পার্টি হলে আয়োজিত এ উৎসবে মিলিত হন বিভিন্ন বয়সী ও পেশার প্রবাসী বাঙালিরা।

দুই দিনব্যাপী এ আয়োজনে পূজা-অর্চনা, মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ ও প্রসাদ বিতরণের পাশাপাশি ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি। ভক্তরা পুষ্পাঞ্জলি, আরতি ও সিঁদুর খেলায় অংশ নেন। এ সময় পরিবারের কল্যাণ, বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া এবং প্রবাসী বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা।

বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্কের সভাপতি রীনা সাহা ও সাধারণ সম্পাদক রতন দাশ বলেন, এ দুর্গোৎসব প্রবাসী বাঙালিদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে। তারা বিজয়ার আবহে আগামী বছর আবারও সবাইকে একসঙ্গে মিলিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন