https://www.prothomalony.com/

14579

canada

কানাডা

টরন্টোয় ফেনীবাসীদের মিলনমেলায় উপচেপড়া ভিড়

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ ০৬:০১

কানাডায় বসবাসরত ফেনীবাসীদের আয়োজনে ২৩ আগস্ট স্কারবোরোর অ্যাডাম্স পার্কে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশেষ পিকনিক, যা শেষ পর্যন্ত প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

টরন্টো ও আশপাশের শহর থেকে প্রায় আড়াই শতাধিক ফেনীবাসী পরিবার-পরিজন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই আয়োজনে। সকাল থেকেই পার্কের সবুজ-শ্যামল পরিবেশে অতিথিরা আগমন শুরু করেন। দুপুর নাগাদ পুরো পার্ক ভরে যায় ফেনীবাসীদের পদচারণায়, যার মধ্যে তৈরি হয় এক আনন্দমুখর পরিবেশ।

প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এ আয়োজন প্রবাসীদের একে অপরের সঙ্গে পুনর্মিলন এবং সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এক অনন্য সুযোগ হিসেবে আবির্ভূত হয়। দিনভর শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা, প্রাপ্তবয়স্কদের জন্য বিনোদনমূলক খেলা এবং নানা আয়োজন ছিল। মধ্যাহ্নভোজে পরিবেশিত হরেক রকমের সুস্বাদু খাবার অতিথিদের মুগ্ধ করে।

পর্বের শেষ দিকে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তির মাধ্যমে অংশগ্রহণকারীরা মাতিয়ে তোলে পুরো পরিবেশকে। মিলনমেলার এই আয়োজন ফেনীবাসীদের মধ্যে এক অনন্য আনন্দ, ঐক্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক উদযাপনের প্রতিফলন হয়ে ওঠে।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত হন স্কারবোরো সাউথওয়েস্টের জনপ্রিয় এমপিপি ডলি বেগম। তিনি ফেনীবাসীদের একতা, উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং কমিউনিটির সহযোগিতা ও ভ্রাতৃত্বের এই সংস্কৃতিকে অনুকরণীয় বলে অভিহিত করেন। অনুষ্ঠানে তিনি আয়োজকদের হাতে একটি স্মারকও তুলে দেন।

দিনভর নানা আয়োজন আর প্রাণবন্ত অংশগ্রহণে ফেনীবাসীদের এই মিলনমেলা হয়ে উঠেছে কানাডার প্রবাসী জীবনে এক স্মরণীয় দিন। যা প্রমাণ করে, দূর প্রবাসেও আপন সংস্কৃতি, কৃষ্টি ও ঐক্যের বন্ধন ধরে রাখা সম্ভব।

কানাডা থেকে আরো পড়ুন