https://www.prothomalony.com/
13320
canada
প্রকাশ: ০৭ মে ২০২৫ ০২:০৮
ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কাজের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তার দাবিতে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার আয়োজনে টরন্টোয় পালিত হলো মহান মে দিবস। গত রবিবার টরন্টোর ডেনফোর্থের হোপ ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব আজফর সৈয়দ ফেরদৌস এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ রঞ্জন দে, মাহবুব আলম এবং সারাহ। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য ও এনডিপি নেত্রী ডলি বেগম এবং কমিউনিস্ট পার্টি অব কানাডার কমরেড ড্রিউ গারভি। এছাড়া আফগানিস্তান, ইরান, চিলি ও সুদানসহ বিভিন্ন দেশের প্রবাসী বামপন্থী সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে আজও বিশ্বের শ্রমজীবী মানুষ মে দিবস পালন করে চলেছে। অথচ আন্দোলনের সূতিকাগার আমেরিকা এবং পাশ্ববর্তী কানাডা দিনটিকে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তারা বলেন, বিশ্বজুড়ে শ্রমিকরা এখনো উপযুক্ত মজুরি, সুরক্ষিত কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নের দাবিতে সংগ্রাম করে যাচ্ছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় আবৃত্তি করেন আহমেদ হোসেন, ফারজানা বেবী ও রওশান জাহান উর্মী। দলীয় আবৃত্তি পরিবেশন করে সংগঠন ‘বাচনিক’-এর সদস্য সুমন মালিক ও মার্জিয়া আফরোজ। নৃত্য পরিবেশন করেন অরুণা হায়দারের নেতৃত্বে ‘সুকন্যা’ দল এবং তাপস দেবের নেতৃত্বে ‘তাপস ড্যান্স একাডেমি’। একক সংগীতে অংশ নেন আসিফ চৌধুরী, এম আতিক ইসলাম ও সাদমান সাকিব স্বপ্নীল। সবশেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের শিল্পীরা দলীয় গণসংগীত পরিবেশন করেন।
কানাডা থেকে আরো পড়ুন