https://www.prothomalony.com/

11861

canada

কানাডা

পিডিআই কানাডার আয়োজনে টরন্টোতে বিজয় দিবস উদযাপিত

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩১

ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ- এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় টরন্টোর বাংলা টাউনে বিজয় দিবস ২০২৪ উদযাপন করেছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজফর সৈয়দ ফেরদৌস। মনির জামান রাজুর পরিচালনায় প্রথম পর্বে কানাডায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের মধ্যে চারজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। লাল সবুজের উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয় তাদেরকে। তারা হলেন আজিজুল মালিক, মোহাম্মদ মাশুক মিয়া, মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সৈয়দ নাজমুল হোসেন মনা। তারা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধের।

সভায় বক্তব্য দেন বিদ্যুৎ রঞ্জন দে, সাংবাদিক সৈকত রুশদী, সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজা, উদীচীর সাধারণ সম্পাদক মিনারা বেগম, অন্যস্বরের প্রধান আহমেদ হোসেন, নাট্যকর্মী নয়ন হাফিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ খন্দকার টুকু, পাঠশালার ফারহানা আজিম শিউলী, স্বপন দেব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও এখনও ব্যবস্থার কোন পরিবর্তন হয় নি। দেশে সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা বেড়েছে।’

বক্তারা দেশে দ্রুততম সময়ে প্রযোজনীয় সংস্কার শেষে একটি অবাধ এবং ধর্ম ও কালোটাকার প্রভাবমুক্ত একটি সাধারণ নির্বাচন দাবী করেন।

সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রওশান জাহান উর্মীর উপস্থাপনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পী অরুনা হায়দার। কবিতা আবৃত্তি করেন কবি রেজা অনিরুদ্ধ, মাসুদ পারভেজ, সৈয়দ মার্জিয়া আফরোজ, ফারজানা বেবি। গান করেন ফারহানা আজিম শিউলী, আসিফ চৌধুরী, ক্লোজআপ তারকা নওরিন শরীফ, সুমন মালিক। গণসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী কানাডা।


 

কানাডা থেকে আরো পড়ুন