https://www.prothomalony.com/

8311

bangladesh

বাংলাদেশ

কথাসাহিত্যিক জাকির তালুকদার ফেরত দিলেন বাংলা একাডেমি পুরস্কার

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৪ ০৯:১০

কথাসাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন।  ২০১৪ সালে তিনি কথাসাহিত্যে অবদানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন। ২৮ জানুয়ারী রোববার তিনি ওই পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন।

জাকির তালুকদার নিজেই এই তথ্য প্রকাশ করে অভিযোগ করেন বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি। বাংলা একাডেমির গণতন্ত্রহীনতা, আমলাতান্ত্রিকতা, ২৫ বছর ধরে কার্যনির্বাহী পরিষদের নির্বাচন না করে ইচ্ছেমতো একাডেমি চালানোর জন্য বাংলা একাডেমি সচেতন মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে জাকির তালুকদারের অভিমত। তারই পরিপ্রেক্ষিতে জাকির তালুকদার বলেন, প্রতিষ্ঠানের গুরুত্ব কমে গেলে পুরস্কারের গুরুত্ব থাকে না। এ জন্য এই পুরস্কার এখন তার কাছে অর্থহীন বোঝা বলে মনে হচ্ছে। বাংলা একাডেমি নিজের মান ধরে রাখতে পারেনি, এটা দুঃখজনক।

জাকির তালুকদার জানান, সবকিছু ফেরত পাঠানোর সঙ্গে একটি চিঠিও তিনি দিয়েছেন। যেখানে পুরস্কার ফেরত দেওয়ার কারণ উল্লেখ আছে। জাকির তালুকদার তাঁর ‘মুসলমানমঙ্গল’ গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ১০ বছর পর তিনি এটি ফেরত দিলেন।

কথাসাহিত্যিক জাকির তালুকদারের ২৪টির বেশি সাহিত্যকর্ম আছে। এর মধ্যে ‘পিতৃগণ’, ‘কুরসিনামা’, ‘কবি ও কামিনী’, ‘ছায়াবাস্তব’, ‘রাজার সেপাই’ প্রভৃতি উল্লেখযোগ্য।

বাংলাদেশ থেকে আরো পড়ুন