https://www.prothomalony.com/

8040

bangladesh

বাংলাদেশ

ভোট সুষ্ঠু হয়নি জানিয়ে জি এম কাদের সংসদে যাওয়ার বিষয়ে যা বললেন

প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৪ ০৮:০৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচন ভালো হয়নি, সুষ্ঠু হয়নি, গ্রহণ যোগ্য হয়নি। আওয়ামী লীগ যেখানে চেয়েছে সেখানে সুষ্ঠু নির্বাচন করছে, যেখানে চায়নি সেখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। তবে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকলেও জাতীয় পার্টি নির্বাচন প্রত্যাখান করবে না, সংসদে যাবেন তিনি।

৮ জানুয়ারী সোমবার সকালে রংপুর নগরীর সেনপাড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ভোটের দিন নানান ভাবে জাতীয় পার্টির প্রার্থীদের হয়রানি করা হয়েছে। ভোটের দিন সকাল ১০ টার মধ্যে কেন্দ্র দখল করে সিল মেরেছে। প্রশাসন তাদের পক্ষে ছিলো। রংপুরে প্রতিদ্বন্দ্বিতা করার অবস্থান ছিলো কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পরিবেশ দেয়া হয়নি। ভোটের ফলাফল আশানুরূপ পায়নি।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের (লাঙ্গল)। আগে এ আসনের সংসদ সদস্য ছিলেন তার ভাতিজা এরশাদপুত্র রাহগীর আলমাহি সাদ।

৭ জানুয়ারী রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের ৮১ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃতীয় লিঙ্গের আলোচিত স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (ঈগল) পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।

রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র দুইজন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন