https://www.prothomalony.com/
7416
bangladesh
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ ০৭:৩১
আগামী ডিসেম্বরেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছ থেকে ১১০ কোটি টাকা ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ। ২৪ নভেম্বর শুক্রবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে এ আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
মেজবাউল হক বলেন, ‘আমরা আশা করছি আগামী ডিসেম্বরে আইএমএফ ও এডিবি থেকে ঋণ পাব।’
তবে এই ঋণের ব্যাপারে আইএমএফ এবং এডিবি'র সঙ্গে যোগাযোগ করে কোন সাড়া পায়নি বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরোও জানান, গত জানুয়ারিতে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি টাকার ঋণ চুক্তি স্বাক্ষর হয়। সেটির অংশ হিসেবে আইএমএফ থেকে ৬৮ কোটি ১০ লাখ ডলার এবং আইডিবি থেকে ৪০ কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ। এ ছাড়া গত অক্টোবরে বাংলাদেশ ও আইএমএফের কর্মকর্তারা আরও তহবিল ছাড়ার ব্যাপারে সম্মত হয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের ডাটা অনুযায়ী, গত বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক চতুর্থাংশে নেমে আসে। নভেম্বরে রিজার্ভ দাঁড়ায় ২ হাজার ৫১৬ কোটি ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রথমে আইএমএফের পরবর্তী ঋণ ছাড়ের খবর প্রকাশ করে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ৪১ হাজার ৬০০ কোটি ডলারের অর্থনীতি নিয়ে বাংলাদেশ ছিল পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল দেশের একটি। তবে সাম্প্রতিক সময়ে আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধ করতে বাংলাদেশকে বেশ বেগ পেতে হয়েছে।
এদিকে ২৩ নভেম্বর বৃহস্পতিবার দেড় বছরের বেশি সময় ধরে অস্থিরতার পর ডলারের বাজারে স্থিতিশীলতার আভাস দেখতে পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি ও স্বল্প মেয়াদি বৈদেশিক ঋণ পরিশোধের দায় কমে আসার কারণে সামনের দিনগুলোতে চাপ আরও কমবে বলেও মূল্যায়ন করেছে ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন