https://www.prothomalony.com/

7353

bangladesh

বাংলাদেশ

যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ ১০:১৯

২০ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথু মিলার এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি ও বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশে মজুরি বৃদ্ধি আন্দোলনে সাম্প্রতিক দিনগুলোতে পাঁচজন গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র কি কোনও ব্যবস্থা নিতে যাচ্ছে?

জবাবে ম্যাথু মিলার বলেন, গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বর্ণনা করেছেন, যুক্তরাষ্ট্র কীভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকারের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষায় সারা বিশ্বের সরকার, শ্রমিক, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ ও বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত থাকে। বাংলাদেশসহ বিশ্বের অন্যত্র যুক্তরাষ্ট্র তার এ তৎপরতা অব্যাহত রাখবে।

ম্যাথু মিলার আরও বলেন, বাংলাদেশে ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বৈধ কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করারও নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর চলমান দমন–পীড়ন নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের মূলনীতি হলো, শ্রমিকেরা যাতে সহিংসতার ভয়, প্রতিশোধ বা ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা ও সমষ্টিগত দর-কষাকষির অধিকার প্রয়োগ করতে পারেন, তা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র তার কাজের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বে এই মৌলিক মানবাধিকারের উন্নতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ও এর বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াবে কি না- এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমি আগেও বলেছি, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক, সবসময় এটাই আমাদের (যুক্তরাষ্ট্রের) চাওয়া।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ প্রসঙ্গে বারবার আমার দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। তবে অভ্যন্তরীণ বিষয়ে (কথা বলা থেকে) আমি বিরত থাকব।’

বাংলাদেশ থেকে আরো পড়ুন