https://www.prothomalony.com/

7319

bangladesh

বাংলাদেশ

পদত্যাগ করেছেন টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টারা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩ ১১:০২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। ১৯ নভেম্বর রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তারা নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। বর্তমান সরকারের মন্ত্রিসভায় দুইজন টেকনোক্র্যাট মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী রয়েছেন। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর অনির্বাচিত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের পদ থাকে না।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে তারা পদত্যাগ করেন। মন্ত্রিসভার যেসব সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত নন তাদের টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়।

বর্তমানে সরকারের মন্ত্রিপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। ইয়াফেস ওসমানের ব্যক্তিগত কর্মকর্তা উজ্জ্বল চৌধূরী জানান, 'স্যার পদত্যাগ করেছেন।' 

বিষয়টি নিয়ে মোস্তাফা জব্বারের কাছে জানতে চাওয়া হলে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে কথা বলতে বলেন। তবে মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, তিনি পদত্যাগ করেছেন।

টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী শামসুল আলম রোববার বিকেল তিনটায় পদত্যাগ করেছেন বলে তার দপ্তরের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আছেন ড. মসিউর রহমান (অর্থনৈতিক বিষয়ক), ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক), ড. গওহর রিজভী (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক), মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (নিরাপত্তা বিষয়ক), সজীব আহমেদ ওয়াজেদ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক) এবং সালমান ফজলুর রহমান (বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক)।

তবে প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নির্বাচিত সংসদ সদস্য হওয়ায় তিনি পদত্যাগ করেননি বলে নিশ্চিত করেছেন তার জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। 

উপদেষ্টাদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান পদত্যাগ করেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উচ্চ পর্যায়ের ওই সূত্র জানান, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে যারা সংসদ সদস্য নন তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনের আগে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপেদষ্টারা পদত্যাগ করেননি।

প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী রয়েছেন মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে ৪৫-এ দাঁড়াল।

বাংলাদেশ থেকে আরো পড়ুন