https://www.prothomalony.com/
7273
bangladesh
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ তফশিল ঘোষণা করেন। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির ভাষণ সম্প্রচার করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।
সংবিধানের অনুচ্ছেদ ১২৩ দফা (৩) উপদফা (ক)-এর বরাতে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন সিইসি। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক করেন নির্বাচন কমিশনাররা। সেখানে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনে (ইসি) তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে টহল দিচ্ছেন র্যাব সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশপথে ব্যারিকেডও রয়েছে।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন