https://www.prothomalony.com/
7107
bangladesh
৫ নভেম্বর রোববার থেকে আবারও ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে । ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
এছাড়া ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের হামলায় যাঁরা নিহত হয়েছেন (এক সাংবাদিকসহ ৯ জন), তাদের আত্মার শান্তি কামনা করে শুক্রবার দোয়া ও মোনাজাতের কর্মসূচি দিয়েছে বিএনপি। সারা দেশের সব মসজিদে এই দোয়া ও মোনাজাত হবে। পুলিশের গ্রেপ্তার অভিযানের মুখে আত্মগোপনে থাকা রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে এই সংবাদ সম্মেলন করেন।
২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আলোচনায় আমন্ত্রণ জানাতে ইসির একজন বার্তাবাহক আজ একটি চিঠি তালাবদ্ধ বিএনপি কার্যালয়ে রেখে এসেছেন।
নির্বাচন কমিশনের এই চিঠি পাঠানোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘কিসের সংলাপ, কার জন্য সংলাপ? নির্বাচন কমিশন লোক দেখানোর জন্য এই তামাশা করছে। চিঠি দেবেন, মহাসচিব কারাগারে। সরকারের নির্দেশে এই তামাশা, ইয়ার্কি করা হচ্ছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির মহাসচিবসহ শীর্ষস্থানীয় নেতাদের ঘরবাড়িছাড়া করে কার সঙ্গে সংলাপ করতে চায় (ইসি), যেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কর্মচারী পর্যন্ত যেতে পারছে না। সবাই আতঙ্ক-শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। কেন্দ্রীয় কার্যালয়কে ‘ক্রাইম সিন’ করে ক্ষমতাসীনেরা বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ থেকে আরো পড়ুন