https://www.prothomalony.com/
7106
bangladesh
ঢাকাসহ সারাদেশে মোট ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের এই তিন দিনে। এর মধ্যে রয়েছে ১৮টি বাস। ২ নভেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, সর্বশেষ ১৮ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে আটটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। ১ নভেম্বর বুধবার দিবাগত রাত ১২টা থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব যানবাহনে আগুন দেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, ২ নভেম্বর অবরোধ–সমর্থকেরা রাজধানীতে তিনটি বাস, একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়। এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়ায় একটি বাসে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও ফেনীতে দুটি বাসে এবং নারায়ণগঞ্জে একটি ট্রাকে আগুন দেয় তারা। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কতৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিন দিনে সারা দেশে স্থাপনাসহ ৩৪টি যানবহনে আগুন দেয় অবরোধ–সমর্থকেরা।
এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শো রুম ও একটি পুলিশ বক্স রয়েছে।
এ ছাড়া গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে ৮২টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন