https://www.prothomalony.com/

7063

bangladesh

বাংলাদেশ

২৮ অক্টোবরের সহিংসতাঃ বিএনপি চিঠি দিয়েছে বিদেশি মিশনে

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ ০৬:৩৩

বিএনপি ২৮ অক্টোবরের সহিংসতার জন্য সরকার ও পুলিশকে দায়ী করে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দূতাবাসকে ব্রিফিং করার আগেই বিএনপি দূতাবাসে চিঠি পাঠিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির এক সদস্য। তিনি বলেন, কীভাবে সরকার সহিংসতা সৃষ্টি করেছে তার প্রমাণাদিসহ দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। কোন প্রেক্ষিতে বিএনপিকে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে চিঠিতে তাও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

সরকার পতনের একদফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দেয়। একইসঙ্গে জামায়াতে ইসলামী ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলও সমাবেশ করে। অন্যদিকে একই সময়ে শান্তি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশাল এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে একজন পুলিশ সদস্য ও এক রাজনৈতিক কর্মী নিহত হন। আহত হন অসংখ্য নেতাকর্মী, পুলিশ ও সাংবাদিক।

এ ব্যাপারে ২৯ অক্টোবর সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কূটনীতিকদের তিনি জানান, কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘২৮ অক্টোবর যা হয়েছে, তাতে আমরা হতবাক। যদিও অতীতে বিএনপি-জামায়াতের ভয়ঙ্কর সহিংস ঘটনা দেখে আমরা বিস্মিত নই। তাদের খুব একটা পরিবর্তন হয়নি।’

রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার বিকালে দেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন