https://www.prothomalony.com/

6596

sports

খেলাধুলা

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশকে ১ম পদক এনে দিলো নারী ক্রিকেটাররা

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০২

ভারতের বিপক্ষে সেমিফাইনালে হেরে এশিয়ান গেমসে সোনার আশা বাদ দিতে হয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দলের। ২৫ সেপ্টেম্বর ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ ছিল পাকিস্তান। হাংজুতে পাকিস্তানকে ৬৪ রানে আটকে দেওয়ার পর বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এটিই।

এর আগে ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।

এবার বাংলাদেশ সরাসরি খেলেছে কোয়ার্টার ফাইনালে। হংকং এর সাথে ম্যাচ ভেসে যাওয়ায় বাছাইয়ে এগিয়ে থাকা বাংলাদেশ যায় সেমিফাইনালে। সেখানে ভারতের কাছে হতাশাজনক হারের পর পাকিস্তানের সঙ্গে লড়াইটা সহজ হওয়ার কথা ছিল না। কিন্তু বাংলাদেশ স্পিনাররা সেটিকেই বানিয়ে ফেলেছেন একপেশে। তাতেই ২০১৮ সালের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়টি এসেছে। 

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ২০ ওভারে ৬৪ রানের বেশি করতে পারেনি।

ব্রোঞ্জ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬৫ রান। ৬৫ রান তাড়া করতে নেমে শামীমা সুলতানা ও সাথী রাণী ওপেনিং জুটিতে ২৭ রান করায় ভালো ভিত পায় বাংলাদেশ। ৩৪ রানের মধ্যে তিন উইকেট পড়লে বাংলাদেশ একটু চাপে পড়লেও। পরবর্তী ব্যাটারদের দৃঢ়তায় বাংলাদেশকে জয় পায়।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও এবার শেষ দিকে দায়িত্ব নেন স্বর্ণা। রিতু মনির পর সুলতানা খাতুনকে নিয়ে নিশ্চিত করেন জয়, নিজে অপরাজিত থাকেন ৩৩ বলে ১৪ রান করে। এ ম্যাচে উইকেটের মূল্যই সবচেয়ে বেশি, স্বর্ণার ৪২.৪২ স্ট্রাইক রেটের ইনিংসে প্রমাণ হয়েছে সেটিরই।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২০ ওভারে ৬৪/৯ (আলিয়া ১৭, নিদা ১৪; স্বর্ণা ৩/১৬, সানজিদা ২/১১, মারুফা ১/২)

বাংলাদেশ: ১৮.৫ ওভারে ৬৫/৫ (স্বর্ণা ১৪, শামীমা ১৩, সাথী ১৩; নাশরা ৩/১০, নিদা ১/৬)

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী 

খেলাধুলা থেকে আরো পড়ুন