https://www.prothomalony.com/
6468
bangladesh
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২১
সৌদি আরবে চলমান ওমরাহর মৌসুমকে কেন্দ্র করে সৌদি সরকার ওমরাহ পালনে নারীদের পোশাক সম্পর্কিত নিয়ম ঘোষণা করেছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় টুইট করে বলেছে, নারী ওমরাহ পালনকারীরা নির্দিষ্ট নিয়ম মেনে নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন। পোশাকটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, কোনো ধরনের অলংকার থাকা যাবে না এবং নারীর দেহ সম্পূর্ণরূপে ঢেকে রাখতে হবে।
দুই মাস আগে শুরু হওয়া এ বছরের মৌসুমে প্রায় ১ কোটি মুসলিম ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় ভ্রমণ করবেন বলে আশা করছে সৌদি আরব। করোনা মহামারির কারণে তিন বছর হজ পালনে বিধিনিষেধ থাকার পর এ বছর প্রায় ১৮ লাখ মুসলিম হজে অংশ নেন।
এবার ওমরাহ যাত্রীদের ভিসা সহজ করেছে সৌদি আরব। ব্যক্তিগত, ভিজিট এবং টুরিস্ট ভিসায় ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। ভিসার জন্য আবেদন করা যাচ্ছে অনলাইনেই। এ ছাড়া ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। জল, স্থল ও আকাশপথে আসার ওমরাহ যাত্রীরা এখন আরও বেশি দিন সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গালফ কো–অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোতে অবস্থানরত যে কোনো পেশার বিদেশি নাগরিকেরা টুরিস্ট ভিসায় সৌদি আরবে যেতে পারবেন এবং এ সময় ওমরাহ পালনে বাধা নেই।
এ ছাড়া সৌদি আরবের বর্তমান নিয়ম অনুযায়ী, মাহরাম (রক্তের সম্পর্কীয় আত্মীয়) পুরুষকে সঙ্গে নেওয়া ছাড়াও নারী ওমরাহ করতে পারবেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন