https://www.prothomalony.com/

6432

bangladesh

বাংলাদেশ

উদ্বেগ উৎকন্ঠায় আছে বিএনপি বেগম খালেদা জিয়াকে নিয়ে

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২৯ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত।  তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, বরং দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি  হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে- এই মুহূর্তে তাকে বাসায় নেয়া সম্ভব নয়। আপাতত হাসপাতালে রেখেই চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখতে হবে। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার। তবে এখনো সরকারের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দলটির নেতারাও। তাকে  দ্রুত  মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দিতে সরকারের কাছে আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ৫৮২ জন বিশিষ্ট নাগরিক। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বলেছেন, ম্যাডাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তিনি অত্যন্ত অসুস্থ। তাকে অতিদ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতির দেয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। ওদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টন কার্যালয়ে সকাল বিকাল দু’দফা দোয়া মাহফিল করেছে ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।  

৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। 

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের জুনে বুকে ব্যথা অনুভব করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। এরপর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। চলতি বছরের ১৩ই জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালে ৫ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়। 

সর্বশেষ ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ওই হাসপাতালের প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন