https://www.prothomalony.com/
6259
bangladesh
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০৩
কুমিল্লার যুবক মোফাজ্জল হোসেনের স্বপ্ন ছিল, যুক্তরাষ্ট্রে গিয়ে জীবন বদলে ফেলবেন। এ জন্য শহীদুল্লাহ মজুমদার নামে যুক্তরাষ্ট্রপ্রবাসী দূরসম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে ৪০ লাখ টাকার মৌখিক চুক্তি করেছিলেন। কিন্তু মোফাজ্জল মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে অবর্ণনীয় কষ্ট ভোগ করে আবার দেশে ফিরে এসেছেন। এ ঘটনায় গত ৫ জুলাই রাজধানীর শাহজাহানপুর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলা করেছেন তিনি।
অবৈধ পথে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশে ফেরত আসা মোফাজ্জল হোসেন এবং তাঁর মতো অনেক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নে মানব পাচারের শিকার হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়া অর্ধশতাধিক বাংলাদেশি দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশের একটি মানব পাচার চক্রের সন্ধান পান মার্কিন কর্মকর্তারা। ঢাকায় মার্কিন দূতাবাস এ ঘটনায় গত জুন মাসে গুলশান থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার তদন্ত করে রাজধানীর পল্টন এলাকার একটি ট্রাভেল এজেন্সির মালিক মোহাম্মদ রুহুল আমিন এবং আকলিমা আক্তার (বিউটি) নামে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। ডিবির পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে জানানো হয়েছে, রুহুল আমিনসহ চক্রের সদস্যরা ১০০ জনের বেশি নাগরিককে ইতিমধ্যে গায়ানা ও সুরিনামে নিয়েছে।
মামলার তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতারক চক্রের সদস্যরা লোকজনকে যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের টাকা নেন। এরপর প্রথমে তাঁদের নিয়ে যান ভারতের নয়াদিল্লিতে। সেখান থেকে ভ্রমণ ও ব্যবসায়ী ভিসায় নেওয়া হয় তুরস্কের ইস্তাম্বুলে। পরে নতুন বোর্ডিং পাস ও নতুন টিকিটে তাঁদের কোপা ও ক্যারিবিয়ান এয়ারলাইনসের ফ্লাইটে করে নেওয়া হয় গায়ানা ও সুরিনামে। সেখান থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করান।
অবৈধ পথে গায়ানায় প্রবেশের অভিযোগে গত ১২ থেকে ১৭ মার্চের মধ্যে ৫০ জনের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে দেশটির রাজধানী জর্জ টাউনের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর সূত্র ধরে রুহুল আমিন, আকলিমা ও ফাহাদ হোসেন নামের তিনজনকে আসামি করে মামলাটি করে মার্কিন দূতাবাস। এই চক্রের সঙ্গে জড়িত আরিফ ও সনেট নামে আরও দুজনের খোঁজ পাওয়া গেছে বলে তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে এভাবে যাঁরা মানব পাচার করছেন, তাঁদের সবাইকে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে মার্কিন দূতাবাসের মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুর রহমান জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার রুহুল আমিন ও আকলিমাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের কয়েকজন সদস্যের নাম জানা গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন