https://www.prothomalony.com/
6169
bangladesh
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩ ০৩:২১
জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ-ইউপিআর (সর্বজনীন নিয়মিত পর্যালোচনা) ওয়ার্কিং গ্রুপের ৪৪তম অধিবেশনের জন্য পাঠানো এক প্রতিবেদনে সিপিজে বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ বেআইনি আটক, হয়রানি এবং বিধিনিষেধ আরোপের মাধ্যমে গণমাধ্যমকে স্তব্ধ করতে ক্রমবর্ধমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিপিজে, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার—এই তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিবেদনটি দাখিল করেছে।
আগামী নভেম্বরে ইউপিআর অধিবেশন বসার কথা রয়েছে। সিপিজের ওয়েবসাইটে ২৩ আগস্ট বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সরকারের সমালোচক নির্বাসিত সাংবাদিকদের পরিবারের সদস্যদের বেআইনি আটক, হয়রানি এবং তাঁদের সঙ্গে সহিংস আচরণের ঘটনা। এছাড়াও এই প্রতিবেদনে সাংবাদিক হত্যা ও অপহরণের ক্ষেত্রে দায়মুক্তি, নিরাপত্তা হেফাজতে সংবাদকর্মীদের সঙ্গে সহিংস আচরণ এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়গুলোও গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন এই প্রতিবেদনে তুলে ধরেছে এই তিনটি সংস্থা। এর মধ্যে রয়েছে সুশীল সমাজের কাজের পরিধি সংকুচিত হওয়া; নির্বাচনের আগে মানবাধিকার সংগঠন, নাগরিক সংগঠন, সাংবাদিক ও বিরোধীদের লক্ষ্যবস্তু করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের নির্বাচনের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগ সুশীল সমাজের কাজের পরিধি সংকুচিত করেছে এবং রাজনৈতিক দমন ও সহিংসতা বাড়িয়েছে। ২০১৮ সালের নির্বাচনে বিরোধী দলের সদস্যদের ওপর আক্রমণ, ভোটারদের ভয় দেখানো এবং নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছিল বলে সংস্থাগুলোর অভিযোগ। ওই নির্বাচনে র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ভীতি ছড়ানো এবং ভোট জালিয়াতির কেন্দ্রে ছিল।
প্রতিবেদনে বলা হয়, তৃতীয় ইউপিআরে সম্মতি দেওয়া সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ ডিএসএ (ডিজিটাল নিরাপত্তা আইন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন এবং ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের (ওএসএ) অধীনে সাংবাদিকদের গ্রেপ্তার ও হয়রানি করছে। নির্বাসিত সাংবাদিকদের স্বজনদের হয়রানি; সাংবাদিক ও বিরোধী নেতাদের ওপর সহিংসতার মামলায় দায়মুক্তির সুযোগ প্রদান, ২০২৪ সালের জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে গণনজরদারি ও অনলাইন সেন্সরশিপসংক্রান্ত নতুন আইন প্রণয়ন এবং সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ বিস্তৃত করছে।
সংস্থাগুলোর অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনের আগের মতো একইভাবে বিরোধী সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেপ্তার এবং সহিংসতার লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
এই প্রতিবেদনে কোভিড-১৯ মহামারির শুরুতে জনস্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ২০২০ সালের মে মাসে সাংবাদিক রোজিনা ইসলামকে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির অধীনে আটক, তার বিরুদ্ধে করা মামলা ও জামিনের বিষয় বিশদভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে করা সুপারিশগুলোর মধ্যে রয়েছে বলপূর্বক গুম, অপহরণ, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর সব অভিযোগ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা। পরিস্থিতির শিকার, তাঁদের পরিবার ও স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই কমিশন গঠন করতে হবে। প্রতিবেদনে বিরোধী নেতা ও সমর্থকদের সব ধরনের বেআইনি গ্রেপ্তার, আটক, হয়রানি ও তাঁদের ওপর আক্রমণ বন্ধ এবং শান্তিপূর্ণ সমাবেশ ও ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিতেরও সুপারিশও করা হয়েছে।
বাংলাদেশের মানবাধিকার ও নাগরিক সংগঠন, সাংবাদিকদের উপর সব ধরনের হয়রানি, ভীতি প্রদর্শন ও তাঁদের ওপর আক্রমণ বন্ধ করা এবং দায়ীব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন