https://www.prothomalony.com/

5991

bangladesh

বাংলাদেশ

বাংলাদেশের ‘অভ্যন্তরীণ অবস্থা’ নিয়ে ভারত কোন মন্তব্য করতে চায়না

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ ১২:২৫

১১ আগস্ট শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে জানান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত মন্তব্য করতে চায় না। বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের ‘অভ্যন্তরীণ অবস্থা’ নিয়ে তার বিশেষ কোনো মন্তব্য নেই। এ বিষয়ে তার ভাষ্য, ‘কয়েক দিন আগেই এ ইস্যুতে আমি ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছিলাম। সেই মনোভাব এখনো অপরিবর্তিত। বাংলাদেশের অভ্যন্তরে কী চলছে, সে সম্পর্কে কোনো মন্তব্য করা সমীচীন নয়।

আর তত্ত্বাবধায়ক সরকার হবে কি না, সে সম্পর্কে বাংলাদেশের সংবিধানে উল্লেখ রয়েছে। তাই এ নিয়ে কিছু বলা সংগত নয়।’ সম্প্রতি একটি সর্বভারতীয় দৈনিকের উপসম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছিল, বাংলাদেশে নির্বাচনি জটিলতাকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিতে পারে। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, ‘তৃতীয় শক্তির, সামরিক হস্তক্ষেপের জল্পনার দিকে আমি যেতে চাই না। নিশ্চিতভাবে এগুলো কাল্পনিক। আমি আশা করি, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়।’ এসময় তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া কীভাবে চলবে, তা ঠিক করার ভার বাংলাদেশের মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিৎ।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে যা ঘটছে, তার প্রভাব আমাদের (ভারত) ওপর পড়ে। ভারত ঢাকায় তার হাইকমিশনে মাধ্যমে সেখানকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করে, সেখানে শান্তি থাকবে এবং কোনো সহিংসতা হবে না। পরিকল্পনা অনুযায়ী দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ থেকে আরো পড়ুন