https://www.prothomalony.com/
5640
bangladesh
১৫ জুলাই শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে নারীপক্ষ সংগঠনের ৪০ বছর পূর্তি উপলক্ষে এক সম্মেলনের সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, ‘জয় বাংলা সকলের। কৃষক-মজুরের শ্লোগান , আমজনতার শ্লোগান। আপনার-আমার মতো নারীদের শ্লোগান। এটা আমাদের সকলের। এটা শুধু আওয়ামী লীগের শ্লোগান নয়।'
জয় বাংলাকে আওয়ামী লীগ কুক্ষিগত করে রেখেছিল’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘জয় বাংলা বলতে দ্বিধা করবেন না। জয় বাংলা রণাঙ্গনের শ্লোগান। আওয়ামী লীগের একক সম্পত্তি নয়।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়লা জামান খান, নারীবাদী গবেষক আফরোজা সোমা ও ব্যারিস্টার রাশনা ঈমাম।
আরও উপস্থিত ছিলেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারীপক্ষের ফিরদৌস আজীম।
চিকিৎসক নায়লা জামান খান বলেন, ‘আমরা সোচ্চার হলেই আমাদের কথা দেশ ও জাতি শুনবে। প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে, আমাদের দাবি আমাদেরই আদায় করে নিতে হবে।’
গবেষক আফরোজা সোমা বলেন, ‘আমাদের সকলকে কথা বলতে হবে। নীরবতা ভেঙে সোচ্চার হওয়ার জন্য এমন সম্মেলন একটি চমৎকার প্ল্যাটফর্ম। এখানে যেসব তরুণ নারী উপস্থিত আছেন, তাঁরা ভবিষ্যতে নারীর অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন।’
ব্যারিস্টার রাশনা ঈমাম বলেন, ‘আইনের দরজায় গিয়ে আমাদের কড়া নাড়তে হবে। তা না হলে আইন নিজে থেকে এসে আমাদের সাহায্য করবে না।’
১৩ জুলাই শুরু হয়েছিল এ সম্মেলন। নারীপক্ষের ৪০ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের ৩০০ নারী অধিকার কর্মী নিয়ে ‘মোরা আকাশের মতো বাধাহীন’ শিরোনামে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে নারীপক্ষ। ১৯৮৩ সাল থেকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সব বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে নারীপক্ষ।
বাংলাদেশ থেকে আরো পড়ুন