https://www.prothomalony.com/

5557

bangladesh

বাংলাদেশ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহতের তালিকায় ভারত ১ম, পাকিস্তান ২য়, বাংলাদেশ ৩য়- পোর্টাল ফ্যাক্টলির প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩ ২৩:৫৪

জাতিসংঘ বিশ্বের ত্রিশটিরও অধিক দেশে সংঘাতময় পরিস্থিতির উত্তরণে আন্তর্দেশীয় শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘের এই বাহিনীর কার্যক্রম শুরু হয়েছিল ১৯৪৮ সালে। এই বছরে শান্তিরক্ষী বাহিনীর ৭৫ বছর পূর্ণ হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশে পরিচালিত ৭০টির বেশি শান্তি মিশনে ৪ হাজার ৩১২ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

সম্প্রতি প্রকাশিত কিছু নথির বরাত দিয়ে ডেটা নিয়ে কাজ করা পোর্টাল ফ্যাক্টলি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। শান্তিরক্ষা মিশনে এখন পর্যন্ত এই তালিকায় সবচেয়ে বেশি নিহত হয়েছে ভারতের, ১৭৮ জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। ১৬৯ জন সেনা ও কর্মকর্তা নিহতের মধ্য দিয়ে তালিকায় দ্বিতীয় পাকিস্তান। আর বাংলাদেশের ১৬৬ জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন, সেনা নিহতের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ১৯৮৮ সালে জাতিসংঘের ইরান-ইরাক শান্তি মিশনে প্রথমবারের মতো সেনা পাঠিয়েছিল বাংলাদেশ। 

পরিসংখ্যানে দেখা গেছে, শান্তি মিশনে নিহতদের মধ্যে অন্তত ২ হাজার ৯৮৭ জন সেনা রয়েছেন। এ ছাড়া সামরিক পর্যবেক্ষক নিহত হয়েছেন ৫১২ জন। নিহত অন্যান্যের মধ্যে পুলিশ ৩০৬ জন, মিশনের অন্তর্ভুক্ত বেসামরিক ৪২৬ জন এবং বিভিন্ন দায়িত্বে থাকা আরও ৬৮ জন প্রাণ হারিয়েছেন। 

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৩০ জনের প্রাণহানি ঘটেছে ‘ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন’ (ইউএনআইএফআইএল) মিশনে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই মিশনটি এখনো চলমান রয়েছে। প্রাথমিকভাবে লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের উদ্দেশে এই মিশন চালু হলেও পরে গৃহযুদ্ধ এবং অন্যান্য কিছু দুর্ঘটনার সূত্র ধরে আরও অন্তত দুইবার মিশনের লক্ষ্যে পরিবর্তন আনা হয়েছে। 

এছাড়া মালিতে পরিচালিত এমআইএনইউএসএমএ নামক মিশনে তিন শতাধিক শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। ২০১৩ সাল থেকে কাজ করা এই মিশনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে গত ৩০ জুন। বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার শান্তিরক্ষী এই মিশনে অন্তর্ভুক্ত ছিলেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন