https://www.prothomalony.com/
5270
bangladesh
১৪ জুন বুধবার ভোর থেকে মাত্র তিন ঘন্টার বৃষ্টিতেই সিলেট মহানগরের অধিকাংশ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কে জমে হাঁটুসমান পানি, অনেক দোকান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। এতে প্রতি বর্ষার মতো চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।
এদিকে, এই জলাবদ্ধতা নিয়ে সিসিকের বর্ধিত এলাকার ৩৯ নং ওয়ার্ডে কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটা নিয়ে ওই এলাকায় দুপক্ষের তুমুল সংঘর্ষ এবং এতে পুলিশসহ আহত হন অর্ধশতাধিক লোক।
দিনভর বিভিন্ন ঘটনায় সিলেট আলোচনায় থাকলেও কোনো জায়গায় দেখা মিলেনি সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর। দলীয় কাজে তিনি বর্তমানে ঢাকায় রয়েছেন বলে সিলেটভিউ-কে মেয়র আরিফ নিজে জানিয়েছেন।
এদিকে, নগরবাসীকে এমন দুর্ভোগে ফেলে মেয়র আরিফ ঢাকায় অবস্থান করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সচেতন নগরবাসী মন্তব্য করেন গত বছর ভয়াবহ বন্যার সময় তিনি ছিলেন লন্ডনে। এবার বর্ষার শুরুতেই নগরের মানুষ ভোগান্তিতে পড়লেও নগরপিতা নেই পাশে।
তারা বলেন, অল্প বৃষ্টিতেই সিলেট নগরে পানি জমে। সড়ক তো ডুবেই বাসাবাড়িতেও ঢুকে পড়ে পানি। এর জন্য শুরু থেকেই সমালোচিত হচ্ছেন মেয়র আরিফ। তাঁর অপরিকল্পিত উন্নয়নের জন্যই নগরবাসীর এমন তীব্র কষ্ট হচ্ছে। কিন্তু নগরবাসীর বেশিরভাগ দুর্দিনেই পাশে থাকেন না মেয়র আরিফ। এছাড়া এবারের সিসিক নির্বাচনে আরিফ প্রার্থী না হওয়ায় তিনি এমন ‘দায়সারা’ আচরণ করছেন বলেও মন্তব্য করছেন অনেকে।
ঢাকায় থাকা প্রসঙ্গে সিসিক আরিফুল হক চৌধুরী বুধবার সন্ধ্যায় সিলেটভিউ-কে বলেন, ‘আমি ১৩ জুন মঙ্গলবার রাতে দলীয় কাজে ঢাকায় এসেছি। আজ সিলেটে থাকলে অবশ্যই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এবং মারামারি হওয়া এলাকায় যেতাম।’
এদিকে একটি সূত্র জানিয়েছে, দলীয় নির্দেশনা মেনে ‘ত্যাগ শিকার’ করে মেয়র আরিফ সিসিক নির্বাচনে প্রার্থী হননি। এখন তিনি দলীয় শীর্ষ নেতাদের সন্তুষ্ট করে ‘বড় কিছু’ বাগিয়ে নিতে ঢাকায় অবস্থান করছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন