https://www.prothomalony.com/
18620
opinion
দীর্ঘ বিয়াল্লিশ বছর পরে দেশে ফিরে এলাম। এখন থেকে জীবনের বাকিটা সময় এখানেই কাটাতে চাই। বাবার চাকরির সুবাদে সেই দশ বছর বয়সে পরিবারের সাথে পাড়ি জমিয়েছিলাম সুদূর আমেরিকায়। সবার সাথে হেসে-খেলে মহাসুখে শান্তিতে কাটিয়ে দিয়েছি দিন, তবে অন্যান্য ভাইবোনদের আলাদা আলাদা সংসার হলেও, আমার আর সংসার করা হয়ে ওঠেনি।
আসলে আমি একজন সাধারণ চেহারার নারী, তাই হয়তো কোনো পুরুষ আমার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বসন্তের আহ্বান করেনি কখনো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছি বহুবার, খুব সুন্দর দেখতে লাগে আমাকে। সৃষ্টিকর্তা নিজ হাতে আমাকে গড়েছেন, সেটা কি খারাপ হতে পারে! হলোই বা নাক বোঁচা কিংবা গায়ের রং কালো, তাতে কী-ই বা আসে যায়, আমি আমাকে খুব পছন্দ করি, ভালোবাসি; তাই কে আমাকে পছন্দ করল আর করল না, তাতে কোনো আফসোস নেই।
বাবা-মা, ভাইবোনেরা আমাকে ভীষণ ভালোবাসে, আমার ব্যক্তিত্বকে শ্রদ্ধা করে। তারা সবাই খুব করে চেয়েছিলেন আমারও একটা সুন্দর গোছানো পরিপাটি সংসার হোক, ঠিক আমি যেমন থাকতে পছন্দ করি; কিন্তু আমি জানি, সেখানে মন থেকে ভালোবেসে ভালোবাসা হবে না কোনোদিন। তাই শুধু স্বার্থের আর শরীরী শর্তের খেলায় জীবন কাটাতে চাইনি।
বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়েই কাটিয়ে দিয়েছি অনেক বছর, এখন মা-ও চলে গেছেন, তাই এই সিদ্ধান্ত নেওয়া।
আজ প্রায় ছয় মাস হতে চলল, পরিচিত আত্মীয়-পরিজন আর ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে কক্সবাজার সমুদ্রসৈকতের কাছে এই অ্যাপার্টমেন্টের একটা নিজস্ব ফ্ল্যাট নিয়ে নিয়েছি। অবশ্য এখানে যারা আছেন, তাদের সবারই নিজস্ব ফ্ল্যাট, তবে কারোর সাথে কারোর কোনো কথাবার্তা বা যোগাযোগ নেই তেমন একটা।
বেলকনি থেকে পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোককে রোজ সকাল-সন্ধ্যায় দেখতে পাই। তিনিও হয়তো আমার মতোই সকালের সূর্য ওঠা আর সন্ধ্যার সূর্য ডুবতে দেখতে পছন্দ করেন। তিনি আমাকে দেখেছেন কি না, জানি না। দূর থেকে বয়স নির্ণয় করা যায় না, তবে বোঝা যায়, তিনিও পঞ্চাশ পেরিয়েছেন।
কয়েক দিন ধরে ভদ্রলোককে দেখতে পাচ্ছি না। মনে মনে খুবই বিচলিত হচ্ছি, কেন হচ্ছি বুঝতে পারছি না। চারদিকে ভালোভাবে দেখে নিয়ে উনার দরজায় নক করতে গিয়েও থেমে গেলাম, ভেতর থেকে অনেক মানুষের কথাবার্তা ও হাসি-আনন্দের শব্দ আসছে।
আমেরিকার একটা বড় প্রতিষ্ঠানে আইটি সেক্টরে কাজ করতাম, এখনো করি অনলাইনে। বিশেষ কাজ না থাকলে বিকেল ছাড়া বাইরে বের হই না।
এখন সকাল দশটা বাজে, মাত্র এক মগ কফি বানিয়ে ল্যাপটপটা নিয়ে বসেছি, অমনি কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কে এল—বেশ বিরক্তি নিয়েই দরজা খুললাম, দেখি সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। একটু আশ্চর্য হলাম, এই প্রথম সামনাসামনি দেখা। এক মুহূর্তে দেখে নিলাম, অসাধারণ পৌরুষদীপ্ত আকর্ষণীয় চেহারা তার। মিষ্টি হেসে তিনিই আগে সালাম দিলেন, সালামের উত্তর দিয়ে সৌজন্যতাবশত উনাকে ভেতরে এসে বসতে বললাম। মনে হলো বেশ খিদে—মানে খুশিই হলেন। আমি উনাকে চা-কফি অফার করলাম। হাসিমুখে ‘নো থ্যাংকস’ বললেন এবং জানালেন যে তিনি দুবেলা গ্রিন টি খান এবং এখন সেটা খেয়েই বের হয়েছেন। ভদ্রলোকের নাম— কামরুল হাসান।
কিন্তু হঠাৎ আমার বাসায় আসার কারণ কী?
প্রশ্নটা না করলেও উনি বুঝতে পারলেন এবং হাসিমুখেই একটু থেমে থেমে বললেন:
“আসলে ক’দিন ধরে আপনাকে বেলকনিতে দেখতে পাইনি, তাই খোঁজ নিতে এলাম। আমার ছেলেমেয়ে-নাতি-নাতনিরা সবাই এসেছিল, গত পরশু আমার বার্থডে ছিল, এ বছরে তেষট্টিতে পা দিলাম। প্রতিবছরের এই সময়টাতে ওরা দেশে আসে, আমার কাছে সাত দিন থাকে। আসলে বুঝতেই পারেন, বর্তমান প্রজন্ম খুব ব্যস্ত সময় পার করে, তাই তাদের দেওয়া এই সাতটা দিন আমার কাছে অনেক বড় পাওয়া। আই অ্যাম সরি, আপনাকে... মানে এই অ্যাপার্টমেন্টের কাউকেই ইনভাইট করা হয়নি...”
মনে মনে একটু ধাক্কা খেলাম, ভদ্রলোকও যে আমাকে খেয়াল করেছেন, এটা আমি কখনো বুঝতে পারিনি। কাছে থেকে দেখে উনার বয়সটা আরও কম মনে হচ্ছে। যাইহোক, ভাবনা থেকে ফিরে এসে আমিও হাসিমুখে ‘ইটস ওকে’ বলে উনাকে লেট বার্থডে উইশ করলাম।
সেদিন থেকে নিয়মিত আমাদের দেখা হয়, কথা হয়। উনার থেমে থেমে কথা বলার কারণ সম্ভবত খুব গুছিয়ে সুন্দর করে কথা বলার জন্য এবং কথা বলার ধরন ও ভঙ্গিমা বেশ চমৎকার। কেন জানি না, দুজনের কথাবার্তায়, মতামতের বেশ মিল এবং তাঁর সাথে কথা বলে মনে মনে খুব প্রশান্তি পাই।
আজ বিকেলে বাইরে বের হতে ইচ্ছে করছিল না, মাথাটা কেমন চাপ ধরে আছে। হাসান সাহেব এলেন, বেলকনিতে বসলাম দুজন। ভালোভাবে খেয়াল করলাম, আজ উনাকে কেমন যেন অন্যরকম লাগছে, চোখ দুটো একটু ফোলা ও লাল। জিজ্ঞেস করলাম— কী হয়েছে?
উনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিলেন, তারপর বলতে শুরু করলেন:
“আজ ক’দিন হলো অতীত দিনের স্মৃতিগুলো মনের আঙিনায় কেমন অদ্ভুত দোলা দিয়ে যাচ্ছে। সেদিন খুব সকালে হাঁটতে বের হয়েছিলাম। দেখলাম এক অচেনা যুগল— বয়সের ভারে ন্যুব্জ, কোমরও বেঁকে গেছে। তবুও দুজনে হাতে হাত ধরে হেঁটে যাচ্ছে, তাদের দেখে আমার ভীষণ ভালো লাগল। আমি বুভুক্ষের মতো চেয়ে চেয়ে বহুদূর পর্যন্ত তাদের হেঁটে যাওয়া দেখলাম। জীবনের এই পড়ন্ত বেলায় এসে এলোমেলো কিছু ভাবনা অনুভূতির দুয়ারে আঘাত হানছে। নিজের মধ্যে নিজেকে যেন হারিয়ে ফেলছি বারবার। খুব ইচ্ছে করছে শেষ বিকেলের কমলা রঙের আলোয় কারও হাত ধরে পাশাপাশি হেঁটে যাই বহুদূর অচেনা কোনো পথে। এই শান্ত সাগরের সামনে দুজনে দাঁড়িয়ে দেখি, ছোট ছোট ঢেউগুলো কেমন আছড়ে পড়ে পাড়ে। পাখিরা যখন ফিরতে শুরু করবে তাদের আপন আপন নীড়ে, যখন গোধূলি রাঙা সূর্যটা মিলিত হবে সন্ধ্যা আকাশের দিগন্ত রেখায়, তখন আবার তাঁর হাত ধরে হাঁটতে হাঁটতে ফিরে আসব আমাদের চেনা কুটিরে।”
উনার কথাগুলো শুনতে শুনতে কেমন ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, সম্বিত ফিরে পেয়ে বললাম: “তো...! হঠাৎ এসব কথা আমাকে বলছেন যে?”
হাসান সাহেব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু ভাবলেন, তারপর আবার বললেন: “আসলে কী জানেন! মাঝে মাঝে মানুষের বুকের ভেতরের কিছু অনুভূতি দীর্ঘশ্বাস বা কথা হয়ে বেরিয়ে আসে। কিন্তু সেই দীর্ঘশ্বাস বা কথার অর্থ সবাই বোঝে না, কিংবা সবাইকে সব কথা বলে বোঝানো যায় না। কেন যেন মনে হলো, আপনাকে সব বলা যায়, তাই... (জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে)
জানেন মিতালী, কলেজজীবনে আমি দেখতে খুবই সুদর্শন ছিলাম, রেনু দেখতে বিশেষ সুন্দরী ছিল না। তবুও আমরা দুজন দুজনকে খুবই ভালোবেসেছিলাম। স্বীকার করতে দোষ নেই আজ, আসলে তার ভালোবাসাকে উপেক্ষা করার মতো দুঃসাহস আমার ছিল না। আমাদের দীর্ঘ বত্রিশ বছরের সংসারে কেউই অসুখী ছিলাম না। কিন্তু হঠাৎ করেই সে পৃথিবীর মায়া ত্যাগ করল আর একাকিত্বের অন্ধকারে বন্দী করে রেখে গেল আমাকে। রেনু একবারও বুঝল না যে, শেষ বয়সে এসে একজন পুরুষ মানুষ একা একা থাকতে পারে না।
প্রত্যেক বয়সের যেমন আলাদা আলাদা সৌন্দর্য আছে, তেমন প্রত্যেক বয়সের আলাদা আলাদা যন্ত্রণাও আছে, সুখের অনুভূতি আছে। আর সেটা সেই বুঝতে পারে, যে যখন সেই নির্দিষ্ট বয়সে উপনীত হয়। ভালোলাগা, ভালোবাসা কখনো বিলীন হয় না, শুধু ক্ষেত্রবিশেষে হয়তো রং বদলায়।
একটা ছেলে বা মেয়ে যখন কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখে, পরিপাটি সাজে সজ্জিত হয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে, গুনগুন করে গান গায়, কখনো ফুরফুরে মেজাজ তো কখনো হঠাৎ রেগে যায়, তখন বাবা-মায়েরা বুঝতে পারে, তাদের ছেলেমেয়ে হয়তো প্রেমে পড়েছে কিংবা বিয়ে দিতে হবে। কিন্তু বাবা-মা যখন দীর্ঘ সংসার জীবন পাড়ি দিয়ে হঠাৎ সঙ্গীবিহীন হয়ে যায়, তখন সন্তানেরা সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে মায়ের পাশে কাউকে দাঁড় করানোকে পাপ মনে করে আর বাবার পাশে অন্য কাউকে মনে করে উটকো বোঝা। ওরা বোঝে না, এই বয়সে প্রিয়জন না হোক, পাশে থাকার জন্য একজন সঙ্গীর প্রয়োজন হয়।”
হাসান সাহেবের গলাটা ধরে এল!
“জানেন, ইদানীং আমার এই বন্ধ ঘরের অন্ধকারময় রাতকে ভীষণ ভয় লাগে। কেবলই মনে হয়, কবে যেন একা একা মরে পচে গলে পড়ে থাকব, দেখার মতো কেউ পাশে থাকবে না। মরার সময় একটু পানি মুখে দেবে না, কেউ শেষবারের মতো কালেমা পড়াবে না, এত সুন্দর একটি জীবন এত বড় দুঃসহ যন্ত্রণার কাছে বিসর্জন হয়ে যাবে!
দিনের আলো নিভে গিয়ে রাত আসে ঠিকই, কিন্তু রাতজাগা পাখির মতো কেঁদে কেঁদে এপাশ-ওপাশ করে নির্ঘুম রাত কেটে আবার ভোর হয় আমার।”
(জোরে দীর্ঘশ্বাস ছেড়ে) “কী জানি কিসের প্রতীক্ষায় দিশেহারা হই। শুধু মনে হয়, কামনার স্পর্শ না হোক, দুটো মমতার হাত আমাকে তার বুকে আগলে রাখুক, মাথায় হাত বুলিয়ে দিক। খাবার টেবিলে কেউ আমার পাশে বসে থাকুক, অন্তত পানির গ্লাসটা সামনে ধরুক। দুকাপ চা হাতে নিয়ে এসে বেলকনিতে পাশাপাশি বসে আমার সাথে সূর্য উঠতে আর সূর্য ডুবতে দেখুক।”
(একটু থেমে) “পরিবারসহ জীবনের দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছি। রেনুর বিয়োগব্যথায় যখন জর্জরিত, তখন সিদ্ধান্ত নিলাম দেশে এসে আপনজনদের সাথে পৈতৃক ভিটায় কাটিয়ে দেব আজীবন। কিন্তু দেখলাম, এতটা বছর ধরে কেবল ‘উলুবনে মুক্তো’ ছড়িয়েছি। আমি যাদের আমার ভেবেছিলাম, তারা সবাই আমার চেয়ে আমার টাকাকে ভালো চেনে। বুঝলাম আমার আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই, তাই এই নির্জনবাস।”
থেমে কি যেন বললেন, “আপনি কিছু বলছেন না যে...!”
সত্যিই এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে উনি চলে গেলেন।
আজ সাত দিন হলো, হাসান সাহেবের কোনো খোঁজ জানি না। এই কদিন খুব ভাবলাম: মানুষ হলো সামাজিক জীব, সে কখনো একা বাস করতে পারে না। প্রত্যেক মানুষেরই চিরন্তন বৈশিষ্ট্য হলো, সে ভালোবাসা পেতে চায়, ভালোবাসতে চায় কিংবা সে চায় ভালোবেসে কেউ তাকে আগলে রাখুক বা সে নিজেই কাউকে ভালোবেসে আঁকড়ে ধরুক, হতে পারে ভালোবাসার সময়, বয়স বা রকম ভিন্ন। সত্যিটা তো এটাই যে ভালোবাসা ছাড়া পৃথিবী বাঁচে না।
কোথাও একটা বইয়ে পড়েছিলাম—লেখক বলেছিলেন, “স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন”, আর আমি বলি—ভালোবাসা ছাড়া জীবন মৃত। বয়স যাই হোক, আমিও তো মানুষ। কী এমন ক্ষতি, যদি আমাকে কেউ তার পাশে পেতে এত উদগ্রীব হয়, আর আমি তার পাশে থাকি! আমিও তো মনের অজান্তেই তার সঙ্গ চেয়েছি বারবার।
অজানা আশঙ্কায় বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আজকাল অনেক জায়গায় এমন ঘটনা ঘটে যে, এই বয়সী নারী বা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষ একাকিত্ব সহ্য করতে না পেরে বেছে নেয় আত্মহননের পথ। সেদিন তিনি যেভাবে কথাগুলো বললেন, তাতে করে তিনি আবার এমন কিছু করে ফেলবেন না তো...!
বিকেলে উনার ঘর বাইরে থেকে লক করা দেখে, সমুদ্রসৈকতে এসে এদিক-সেদিক খুঁজছি। দেখলাম অদূরে একটা বেঞ্চিতে হ্যাট মুখের ওপরে দিয়ে শুয়ে আছেন।
আমি উনার পাশেই বসে একটু জিরিয়ে নিয়ে বললাম:
“এ ক’দিন আপনার কোনো খবর নেই কেন?”
উনি হ্যাট না সরিয়েই গোমরাভাবে বললেন: “এমনি।”
বেশ কিছুক্ষণ চুপ থেকে আমি উনার হাত ধরে বললাম:
“চলুন হাঁটি... হাঁটতে হাঁটতে আজ অনেক দূরে চলে যাবো, তারপর আবার ফিরে আসব, আপনার ভাবনামতো...।”
উনি লাফিয়ে উঠে বসলেন, চোখের কোণে পানি চিকচিক করছে, তবুও হাসিমুখে বললেন:
“সত্যি...!”
আমি উনার হাতদুটো শক্ত করে চেপে ধরে বললাম:
“হুম, সত্যি...।”
অভিমত থেকে আরো পড়ুন