https://www.prothomalony.com/
18622
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের মন্দিরগুলোতে কালীপূজা ও দীপাবলি উদ্যাপিত হয়েছে। শনি ও রোববার (৭ ও ৮ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এসব পূজা অনুষ্ঠিত হয়।
ডেট্রয়েট দুর্গামন্দিরে রোববার সন্ধ্যায় পূজা, রাত সাড়ে আটটায় অঞ্জলি, আলোকসজ্জা ও ভক্তিমূলক গান পরিবেশিত হয়। সবশেষে ছিল প্রসাদ বিতরণ।
ওয়ারেন সিটির শিবমন্দিরে সন্ধ্যা ছয়টায় পূজা ও সাতটায় অঞ্জলি শেষে আলোকসজ্জা করা হয়। সাংস্কৃতিক পর্বে ভক্তিমূলক গান, ধামাইল ও নৃত্য পরিবেশিত হয়। এ ছাড়া মিশিগান বাংলা থিয়েটারের উদ্যোগে হারান কান্তি সেনের রচনা ও নির্দেশনায় একাঙ্ক যাত্রাপালা ‘ভবচন রাজার দেশে’ এবং বিশেষ নাটক ‘কালী কালী মহাকালী’ মঞ্চস্থ হয়।
ওয়ারেন সিটির কালীমন্দিরে শনি ও রোববার দুই দিনব্যাপী পূজা, অঞ্জলি, ভক্তিমূলক গান, দীপাবলির প্রদীপ প্রজ্বালন, আলোকসজ্জা, আরতি ও প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া শনিবার ওয়ারেন শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে এবং রোববার হ্যামট্রাম্যাক রাধাকৃষ্ণ টেম্পলে পূজা, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
কালীপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরেই প্রবাসী ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও আলোকসজ্জা উৎসবে সব বয়সী মানুষ অংশ নেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন