https://www.prothomalony.com/
18625
new-york
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০৫:৫৮
নিউইয়র্কে মুসলিম কমিউনিটির অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান জামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) সাময়িক কার্যক্রম বন্ধের পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ। মসজিদের ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেম দ্রুত কার্যকর করার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন পেতে নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্টসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জেএমসির বোর্ড অব ট্রাস্টি ও এক্সিকিউটিভ কমিটির পক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান সংগঠনটির সেক্রেটারি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।
বিবৃতিতে বলা হয়, বৃহত্তর জামাইকা মুসলিম কমিউনিটির অন্যতম প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান জেএমসির সম্প্রসারণ ও উন্নয়নকাজ চলমান রয়েছে। ক্রমবর্ধমান মুসল্লি, শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের জন্য নিরাপদ, সুন্দর ও আধুনিক ইবাদতের পরিবেশ নিশ্চিত করতেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সম্প্রতি কমিউনিটির একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৬ নভেম্বর শুক্রবার নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট মসজিদটি পরিদর্শন করে। এ সময় চলমান নির্মাণকাজের কারণে ফায়ার স্প্রিংকলার ও ফায়ার অ্যালার্ম সিস্টেম সম্পূর্ণ কার্যকর না থাকায় নিরাপত্তার স্বার্থে মসজিদে নামাজ আদায়সহ সব ধরনের জনসমাগম ও ধর্মীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
জেএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুসল্লিদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা কার্যকর করার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সিটি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত ও যথাযথ অনুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব পাঁচ ওয়াক্ত নামাজসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে এ সাময়িক সংকট মোকাবিলায় মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতা ও দোয়ায় শিগগিরই জামাইকা মুসলিম সেন্টার আবারও মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন