https://www.prothomalony.com/
18623
new-york
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ অ্যাভিনিউতে ভবন ধসের ঘটনায় অন্তত একজন নিহত ও ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে রাতভর উদ্ধার অভিযান চালিয়েছে নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই)।
বুধবার বিকেল চারটার পরপরই ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ ও ১৩২৩ নম্বরে অবস্থিত বাণিজ্যিক ও আবাসিক মিশ্র ব্যবহারের ভবন দুটিতে এই ধসের ঘটনা ঘটে। ভবন দুটি ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের একটি উন্মুক্ত নির্মাণস্থলের ঠিক পাশেই অবস্থিত ছিল।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে কিংস কাউন্টি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে চারজন নির্মাণশ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা মাঝারি ও সামান্য আঘাত পেয়েছেন।
ঘটনার পরপরই এফডিএনওয়াইয়ের একটি বড় কারিগরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়। অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজে প্রশিক্ষিত কুকুর দল (কে-নাইন ইউনিট), ড্রোন এবং বৈদ্যুতিক করাত ব্যবহার করা হয়। এ ছাড়া উদ্ধারকর্মীরা হাত দিয়ে সাবধানে ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে কোনো জীবিত বা আটকে পড়া মানুষ আছেন কি না, তা তল্লাশি করেন।
সরকারি নথিপত্র অনুযায়ী, দুর্ঘটনাস্থলের পাশের ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউয়ের প্লটটিতে একটি নয়তলা মিশ্র ব্যবহারের ভবন নির্মাণের অনুমোদন রয়েছে। পাশের এই নির্মাণকাজের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি) ও স্থানীয় কর্তৃপক্ষ। তবে ভবন ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন