https://www.prothomalony.com/

18624

bangladesh

বাংলাদেশ

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির অভিষেক রোববার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০৫:৫৫

যুক্তরাষ্ট্রের মিশিগানে ‘বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক, মিশিগান’-এর ২০২৭–২০২৮ মেয়াদের ৩৭ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস শাকুর খান মাখন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহেদ মাহমুদ আজিজ (সুমন)।

সম্প্রতি ওয়ারেনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন এই কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়। মোহাম্মদ তাহের লুৎফরের সভাপতিত্বে এবং নুরুজ্জামান এখলাসের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এ ছাড়া সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দায়িত্বশীলরা।

ঘোষিত নতুন কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় হ্যামট্রাম্যাক শহরের গেট অব কলম্বাস হলে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র মুহিত মাহমুদ এবং বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি মাসুকুল ইসলাম খান। অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী ও বিন্দুকণা। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন