https://www.prothomalony.com/
18626
new-york
নিউইয়র্কের ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতে খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পণ্য চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। দোকানকর্মীদের চোখের সামনেই ব্যাগভর্তি পণ্য নিয়ে বেরিয়ে যাচ্ছেন সন্দেহভাজন ব্যক্তিরা। অনেক ক্ষেত্রে কর্মীরা পিছু নিলেও নিরাপত্তার ঝুঁকি ও প্রতিষ্ঠানের নীতিমালার কারণে তাদের আটকাতে পারছেন না। পুলিশকে খবর দেওয়া হচ্ছে, কর্মকর্তারাও ঘটনাস্থলে আসছেন। কিন্তু একই ব্যক্তিদের বিরুদ্ধে বারবার চুরির অভিযোগ ওঠায় প্রশ্ন তৈরি হয়েছে, গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ার পরও কেন থামছে না এই চুরি?
নিউইয়র্কের চার্চ অ্যাভিনিউ ও ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকার একটি ওয়ালগ্রিনস স্টোরে সম্প্রতি এমন দৃশ্য দেখা যায়। এক ব্যক্তি দোকান থেকে বেরিয়ে দ্রুত দৌড়াতে শুরু করেন। পেছনে ছুটতে থাকেন দোকানের দুই কর্মী। কিছুদূর যাওয়ার পর ব্যাগভর্তি পণ্য নিয়ে ওই ব্যক্তি সাবওয়ে স্টেশনে ঢুকে পড়েন। ফলে তাকে আর আটকানো সম্ভব হয়নি।
দোকানের এক নারী বিক্রয়কর্মী জানান, ওই ব্যক্তি পণ্য চুরি করে পালিয়েছেন। এমন ঘটনা এখানে প্রায়ই ঘটে। কিন্তু তাদের কিছুই করার নেই।
একই চিত্র দেখা গেছে আরেকটি ব্যবসাপ্রতিষ্ঠান জারার সামনেও। সেখানে একজন নিরাপত্তাকর্মীকে এক ব্যক্তির পেছনে দৌড়াতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও পণ্য চুরির ঘটনা ঘটেছে।
ম্যানহাটনের কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ঘুরে এবং অন্তত চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে কথা বলে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তাদের ভাষ্য, প্রতিদিনই কোনো না কোনো দোকানে চুরির ঘটনা ঘটছে। পুলিশকে খবর দিলে কর্মকর্তারা আসেন, কিন্তু অনেক ক্ষেত্রে ততক্ষণে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যান। আবার গ্রেপ্তারের পর মামলার কী অগ্রগতি হচ্ছে, সে সম্পর্কেও তাঁরা কিছু জানতে পারেন না।
ম্যানহাটনের একটি বড় সিভিএস স্টোরের অপারেশন ম্যানেজার নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৬ সালের মে, জুন ও জুলাই—এই তিন মাসে তাদের দোকান থেকে প্রায় ৩৯ হাজার ডলারের পণ্য চুরি হয়েছে। এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত তাদের কাছে রয়েছে।
দোকান কর্তৃপক্ষ কেন চুরি প্রতিরোধে সরাসরি ব্যবস্থা নিচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, কোম্পানির নির্দেশনা অনুযায়ী কোনো কর্মী সন্দেহভাজন ব্যক্তির শরীরে হাত দিতে পারবেন না। এমন ঘটনা ঘটলে পুলিশকে ফোন করতে হবে। এরপর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সরেজমিনে লেক্সিংটন অ্যাভিনিউ ও ৫৩ স্ট্রিটের মোড়ে অবস্থিত একটি সিভিএস স্টোরেও চুরির অভিযোগে পুলিশের উপস্থিতি দেখা যায়। কয়েকজন পুলিশ কর্মকর্তা দ্রুত দোকানে প্রবেশ করেন। তাদের একজন জানান, দোকান কর্তৃপক্ষের ফোন পেয়ে তারা এসেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি।
দোকানকর্মী ডোনাল্ড বলেন, চুরির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের কারও কারও কাছে অস্ত্র থাকতে পারে। ফলে তাদের বাধা দিতে গেলে কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হয়। চাকরি ও নিজের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকেই সরাসরি বাধা দিতে চান না। তার মতে, চুরির ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমতে পারে।
ম্যানহাটনের ৩৭ স্ট্রিটের একটি গিফট শপের ম্যানেজার মোজাম্মেল হক জানান, তাদের দোকানেও নিয়মিত পণ্য চুরির ঘটনা ঘটে। বিশেষ করে নারী সন্দেহভাজনদের ক্ষেত্রে দোকানকর্মীরা আরও বেশি অসহায় বোধ করেন। পুলিশকে জানানো হলেও কার্যকর বিচার হচ্ছে কি না, তা তাদের কাছে স্পষ্ট নয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩৪ স্ট্রিটের জুতার দোকান আলডোতেও একই চিত্র দেখা গেছে। বিকেল চারটার দিকে এক ব্যক্তি দ্রুত দোকানে প্রবেশ করে বেশ কিছু পণ্য নিয়ে বেরিয়ে যান। দোকানকর্মীরা সবকিছু দেখলেও তাকে বাধা দেননি। পরে জানা যায়, চুরি হওয়া পণ্যগুলোর আনুমানিক মূল্য ছিল এক হাজার ডলার। পণ্যগুলোর মধ্যে ছিল তুলনামূলক বেশি দামের জুতা ও অন্যান্য সামগ্রী।
বছরে হাজার কোটি ডলারের ক্ষতি
খুচরা ব্যবসায় চুরির কারণে নিউইয়র্ক সিটিতে বছরে ঠিক কত ডলারের ক্ষতি হচ্ছে, তার নির্ভরযোগ্য সরকারি হিসাব নেই। তবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ান শপিংয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের খুচরা ব্যবসায় চুরির কারণে আনুমানিক ৪৪০ কোটি ডলারের ক্ষতি হয়েছিল।
অন্যদিকে, ন্যাশনাল রিটেইল ফেডারেশনের হিসাবে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রজুড়ে খুচরা ব্যবসায় পণ্য ও মজুতের সামগ্রিক ক্ষতির পরিমাণ ছিল ১১২ দশমিক ১ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু দোকান থেকে পণ্য চুরি নয়, কর্মীদের চুরি, ব্যবসায়িক প্রক্রিয়া ও হিসাবসংক্রান্ত ত্রুটি এবং অন্যান্য কারণেও সৃষ্ট ক্ষতি অন্তর্ভুক্ত।
ক্যাপিটাল ওয়ান শপিংয়ের ২০২৬ সালের হালনাগাদ তথ্য বলছে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বহিরাগত চুরির কারণে প্রায় ৪৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে।
তবে অনেক ব্যবসায়ী এসব ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী নন। এ বিষয়ে কথা বলেছেন ম্যানহাটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জেসিকা ওয়াকার। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি কাউন্সিলের শুনানিতে তিনি বলেন, কর্মী, ক্রেতা ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকাই কঠিন। ছোট ব্যবসার নিরাপত্তা সরঞ্জাম কেনায় সরকারি আর্থিক সহায়তা, চুরির ঘটনা বেশি এমন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা এবং সংঘবদ্ধ ও পুনরাবৃত্ত চুরির তথ্য নিয়মিত প্রকাশের প্রস্তাবও দেন তিনি।
এর আগে ২০২৪ সালের মে মাসে তিনি বলেছিলেন, চুরির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না—এমন ধারণা থেকে নিউইয়র্কের অনেক ব্যবসায়ী পুলিশকে চুরির ঘটনা জানানোও বন্ধ করে দিয়েছেন।
চুরি নিয়ে উদ্বেগ বাড়ছে, মামলা খারিজের হার নিয়েও প্রশ্ন
নিউইয়র্কে দোকান চুরির ঘটনা নিয়ে উদ্বেগের পাশাপাশি আদালতে এসব মামলার পরিণতি নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের অভিযোগ, একই ব্যক্তিরা বারবার চুরির ঘটনায় জড়ালেও কার্যকর আইনি ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ২০২৫ সালের ১৬ এপ্রিল ব্যবসায়ী নেতা ও কয়েকজন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সঙ্গে এক সংবাদ সম্মেলনে পুনরাবৃত্ত চুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে চুরিসংক্রান্ত মামলা খারিজের সংখ্যা ২০১৯ সালের ৩ হাজার ৩৮৫টি থেকে বেড়ে ২০২৪ সালে ৭ হাজার ১৬৮টিতে দাঁড়িয়েছে। ২০২৪ সালে চুরির মামলায় গ্রেপ্তারের ২৫ শতাংশ খারিজ হয়েছে, যা ২০১৯ সালে ছিল ১৪ শতাংশ।
গভর্নর এই পরিস্থিতির পেছনে ২০১৯ সালের ডিসকভারি আইন সংস্কারের পর তৈরি হওয়া প্রক্রিয়াগত জটিলতাকে দায়ী করেন। তার বক্তব্য, এসব জটিলতার কারণে মামলা পরিচালনায় বিলম্ব হচ্ছে এবং কিছু মামলা খারিজ হয়ে যাচ্ছে।
অন্যদিকে, ম্যানহাটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জেসিকা ওয়াকার ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি কাউন্সিলের শুনানিতে বলেন, কর্মী, ক্রেতা ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। ছোট ব্যবসার নিরাপত্তা সরঞ্জাম কেনায় সরকারি আর্থিক সহায়তা, চুরির ঘটনা বেশি এমন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা এবং সংঘবদ্ধ ও পুনরাবৃত্ত চুরির তথ্য নিয়মিত প্রকাশের প্রস্তাব দেন তিনি।
এর আগে ২০২৪ সালের মে মাসে তিনি বলেছিলেন, চুরির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না—এমন ধারণা থেকে নিউইয়র্কের অনেক ব্যবসায়ী পুলিশকে চুরির ঘটনা জানানোও বন্ধ করে দিয়েছেন।
এনওয়াইপিডির প্রকাশিত তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে ২০২২ সালে দোকান চুরির ৬৩ হাজার ৭৫৪টি অভিযোগ নথিভুক্ত হয়। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৫৯ হাজার ১৩১ এবং ২০২৪ সালে ৬১ হাজার ৩২৮টি। ২০২৫ সালে অভিযোগের সংখ্যা কমে ৫২ হাজার ৬৯৬টিতে দাঁড়ায়।
এনওয়াইপিডির গত ২৬ ফেব্রুয়ারির সিটি কাউন্সিল শুনানিতে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে খুচরা চুরির অভিযোগে ২৮ হাজার ৮২টি গ্রেপ্তারের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ হাজার ১৫৪ জনের আগেও দোকান চুরির অভিযোগে গ্রেপ্তারের রেকর্ড ছিল। অর্থাৎ, ওই বছরের মোট গ্রেপ্তারের প্রায় ৬৪ দশমিক ৬ শতাংশের ক্ষেত্রে আগের দোকান চুরির গ্রেপ্তারের রেকর্ড পাওয়া গেছে। তবে আগের গ্রেপ্তারের রেকর্ড থাকা মানেই আগের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া নয়।
নিউইয়র্কে দোকান চুরি ঠেকাতে পুলিশের কৌশলে পরিবর্তনের কথা জানিয়েছেন এনওয়াইপিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিটি কাউন্সিলের শুনানিতে পুলিশের পেট্রোল সার্ভিসেস ব্যুরোর নির্বাহী কর্মকর্তা থমাস আলপস বলেন, বারবার চুরির ঘটনা শনাক্ত করতে পুলিশ এখন শুধু অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকছে না। অপরাধের ধরন বিশ্লেষণ, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টহল এবং দীর্ঘমেয়াদি তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আলপসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে নিউইয়র্ক সিটিতে খুচরা চুরির অভিযোগ আগের বছরের তুলনায় ১৪ শতাংশ কমেছে। এ ধরনের প্রায় অর্ধেক অভিযোগের ঘটনায় গ্রেপ্তার হয়েছে, যা ২০১৯ সালের পর সর্বোচ্চ হার বলে তিনি জানান। পুলিশের দাবি, ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক এলাকায় বিশেষ টহল এবং তথ্য বিশ্লেষণভিত্তিক কার্যক্রমের ফলে এ অগ্রগতি হয়েছে।
২৫৪ বার গ্রেপ্তারের পরও মুক্তি
পুলিশের অভিযানে অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার হলেও পরবর্তী সময়ে ছাড়া পাচ্ছেন। বারবার চুরির অভিযোগে আলোচনায় এসেছেন ৬৩ বছর বয়সী অ্যান্থনি হোয়াইট। ২০২৫ সালের ১২ জুলাই নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাত দিয়ে বলা হয়, হোয়াইটের বিরুদ্ধে ২৫৪ বার গ্রেপ্তারের রেকর্ড রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের একটি চুরির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তিনি প্যারোলে মুক্তি পান। ২০২৫ সালের মে মাসে ম্যানহাটনের কয়েকটি দোকানে চুরির অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা হয়। ওই দোকানগুলোর কয়েকটিতে তার প্রবেশ নিষিদ্ধ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সর্বশেষ অভিযোগে আদালতে হাজির করার পর তাকে তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়। পুলিশ সূত্রের মন্তব্য, এতবার গ্রেপ্তারের পরও তার মুক্তি পাওয়া উদ্বেগজনক।
পুলিশের তথ্য অনুযায়ী, শহরে মাত্র ১ হাজার ২৮৮ জন অপরাধী মোট দোকান চুরির প্রায় ৪৫ শতাংশ ঘটনার সঙ্গে জড়িত। হোয়াইট তাদের মধ্যে অন্যতম।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন