https://www.prothomalony.com/

18595

opinion

অভিমত

মিথ্যা তথ্যের ফাঁদে আমাদের সমাজ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ০০:৫৯

তথ্যপ্রযুক্তির যুগে আমরা যতটা সমৃদ্ধ, ততটাই ঝুঁকির মুখে আছি। হাতে একটা স্মার্টফোন থাকলেই পৃথিবীর যেকোনো প্রান্তের খবর মুহূর্তেই চোখের সামনে চলে আসে। অথচ এক সময় খবর জানতে আমাদের পত্রিকা, রেডিও বা টিভির ওপর নির্ভর করতে হতো। সকালের কাগজ হাতে আসার অপেক্ষা, কিংবা সন্ধ্যার সংবাদের জন্য টেলিভিশনের সামনে বসে থাকা ছিল নিত্যদিনের অভ্যাস। আজ আর তার প্রয়োজন নেই ঠিকই, তবে এই সুবিধার সঙ্গে ঘনিয়ে এসেছে বিপদও।
   
তথ্যের এই বিশাল ভান্ডারে সত্য-মিথ্যা যাচাই করা এখন কঠিন হয়ে পড়েছে। আগে একটি খবর ছাপা বা প্রচারের আগে অন্তত কয়েকটি হাত ঘুরত, কেউ না কেউ তা যাচাই করত। এখন একজন মানুষ কয়েক সেকেন্ডেই একটি বার্তা লিখে হাজারো মানুষের কাছে পাঠিয়ে দিতে পারে। সেখানে কোনো সম্পাদক নেই, যাচাইয়ের সময়ও নেই।
 
আমরা লক্ষ্য করছি, যে খবর রাগ, ভয় বা কৌতূহল জাগায়, সেটিই সবচেয়ে দ্রুত ছড়ায়, তা সত্য হোক বা নাই হোক। ফলে যেকোনো তথ্য গুজবের সঙ্গে এমন সূক্ষ্মভাবে মিশে যাচ্ছে যে কোনটা আসল খবর আর কোনটা গুজব, তা আলাদা করাই কঠিন হয়ে পড়ছে। অনেক সময় না জেনেই আমরা নিজেরাও সেই গুজবের বাহক হয়ে উঠছি।
 
বাংলাদেশসহ গোটা বিশ্বেই মিথ্যা তথ্য ও গুজব এখন একটি ভয়ংকর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এটি শুধু মানুষকে বিভ্রান্ত করে না, সমাজের শান্তি ও রাষ্ট্রের নিরাপত্তার জন্যেও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
 
গুজব রটানো নতুন কোনো ঘটনা নয়। মানুষ চিরকালই মুখে মুখে অতিরঞ্জিত বা মিথ্যা কথা রটিয়েছে। এমনকি কল্পকাহিনী শুনিয়েও বিভ্রান্ত করেছে। তবে আগেকার দিনের গুজবের গতি ছিল খুবই ধীর, এক স্থান থেকে অন্য কোথাও পৌঁছাতে বেশ সময় লাগত। কিন্তু আজকের ডিজিটাল যুগে ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক আর হোয়াটসঅ্যাপ গুজবকে ঝড়ের গতিতে ছড়িয়ে দিচ্ছে। সেই মিথ্যা খবর যাচাই-বাছাইয়ের আগেই মানুষ অপূরণীয় ক্ষতি সম্মুখীন হচ্ছে।
 
বাংলাদেশে গুজবের কারণে গত কয়েক বছরে অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এমনকি একজন মা তাসলিমা বেগম রেনুকে রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা গুজবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছিল (ঘটনাটা ঘটেছিল ২০ জুলাই ২০১৯ সালে)। এছাড়াও ধর্মীয় উসকানিমূলক গুজব থেকে সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা। অন্যদিকে স্বাস্থ্য বিষয়ে ভুল তথ্যের কারণে মানুষের জীবন পড়েছে ভীষণ সংকটে। করোনাভাইরাস মহামারির সময় আমরা দেখেছি, কীভাবে ভুয়া চিকিৎসাপদ্ধতি ও ভ্যাকসিনবিরোধী প্রচারণা মানুষকে বিভ্রান্ত করেছিল। যার ফলে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারিয়েছিলেন। নির্বাচনের সময়ও পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়, যা জনমতকে প্রভাবিত করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করে তোলে।
 
কিছু মানুষ জেনেশুনে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য গুজব ছড়ায়। আবার অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি লাইক-কমেন্ট-শেয়ার পাওয়ার লোভে যাচাই না করেই গুজব রটিয়ে দেয়। আর সেই গুজব বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। কারণ সামাজিক মাধ্যমের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে, চাঞ্চল্যকর ও আবেগঘন কনটেন্টকেই বেশি প্রাধান্য দেয়, ফলে সত্যের চেয়ে মিথ্যাই মানুষের চোখে বেশি ধরা পড়ে। সেসব তথ্য মানুষের বিশ্বাসের সঙ্গে মিলে যায় বলেই প্রমাণ ছাড়াই তা শেয়ার করে দেয়। এমনিই তো মিথ্যা তথ্য সত্যের চেয়ে অনেক দ্রুত ছড়ায়। মিথ্যা বেশি চমকপ্রদ ও উত্তেজনাকর হয়, যা মানুষের কৌতূহলকে উসকে দেয় এবং দ্রুত শেয়ার করতে প্ররোচিত করে।
 
এখন প্রশ্ন জাগছে, তাহলে এই সমস্যার সমাধান আমরা কীভাবে করব? এই বিষয়ে আমাদের মতামত হচ্ছে, একটি শক্তিশালী তথ্য যাচাই ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি স্কুল-কলেজের পাঠ্যক্রমে এই বিষয়টা যোগ করে দেয়া। যাতে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই তথ্যের উৎস যাচাই করার অভ্যাস গড়ে তুলতে পারে। যেন কোনো তথ্য পাওয়ামাত্রই তা বিশ্বাস না করে, যাচাই করতে সক্ষম হয়। শুধু শিক্ষার্থী নয়, পরিবারের অভিভাবক ও প্রবীণদেরও এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার, কারণ সামাজিক মাধ্যমে গুজব ছড়ানোর ক্ষেত্রে সব বয়সের মানুষই ঝুঁকিতে থাকেন।
 
গুজব ছড়ানোর আরেকটি মাধ্যম হচ্ছে কিছু অখ্যাত বা অনির্ভরযোগ্য গণমাধ্যম। দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় সত্য-মিথ্যা যাচাই না করে সংবাদ প্রকাশ করেই গুজবকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে এই গণমাধ্যমগুলো। তাই প্রতিটি গণমাধ্যমের উচিত একটি শক্তিশালী তথ্য-যাচাই ব্যবস্থা গড়ে তোলা এবং আলাদা তথ্য যাচাইকারী দল রাখা।
 
গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ফেসবুক-ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেন মিথ্যা তথ্য শনাক্ত করা ও অপসারণে আরও কার্যকর ভূমিকা রাখে, সেজন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে মিথ্যা তথ্য দমনের নামে মত প্রকাশের স্বাধীনতা খর্ব না হয়। আর আইন প্রয়োগের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে গুজব রোধের অজুহাতে ভিন্নমত দমন করা না হয়।
 
এই ছাড়াও প্রতিটি নাগরিকের উচিত কোনো তথ্য শেয়ার করার আগে একটু ভাবা এবং উৎস যাচাই করে নেয়া। কারণ গুজব বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আবেগকে কাজে লাগিয়ে ছড়িয়ে পড়ে। তাই ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি না হলে, যতই আইন বা প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হোক না কেন, গুজবের বিস্তার রোধ করা সম্ভব নয়। এর পাশাপাশি প্রয়োজন সরকারি পর্যায়ে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহের একটি ব্যবস্থা করা। আমাদের মনে রাখতে হবে তথ্যের শূন্যতা তৈরি হলেই সেই স্থান দখল করে নেয় গুজব। মানুষ যখন সঠিক তথ্য না পায়, তখন তারা বিভিন্ন অসত্য সূত্রের ওপর নির্ভর করতে বাধ্য হয়, আর সেখান থেকেই গুজবের জন্ম হয়। তাই তথ্যের প্রবাহে স্বচ্ছতা নিশ্চিত করতে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে।
 
মিথ্যা তথ্য ও গুজব শুধু কোনো একক পক্ষের সমস্যা নয়। এটি রাষ্ট্র, গণমাধ্যম, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্বের বিষয়। কেউ একা এই সমস্যার সমাধান করতে পারবে না; প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আমরা যদি এখন থেকে সচেতন না হই, তাহলে আগামী প্রজন্ম এমন এক তথ্য বিভ্রান্তিতে বেড়ে উঠবে, যেখানে সত্য আর মিথ্যার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তাই এখনই সময় আমাদের সচেতন এবং দায়িত্বশীল হওয়ার।

লেখক: কথাসাহিত্যিক, পরিবেশ ও জলবায়ুবিষয়ক কলামিস্ট
 

অভিমত থেকে আরো পড়ুন