https://www.prothomalony.com/
18591
literature
তবুও রয়েছি বেঁচে
সু শা ন্ত হা ল দা র
অনেক অনেকদিন হয় এসেছি গোল পৃথিবী 'পরে
পঞ্চাশেরও বেশি হবে এ জন্ম আমার
তবুও রয়েছি বেঁচে মৃত্যুকে উপেক্ষা করে,
মনে পড়ে.....
কত আষাঢ় কদমে ফুটেছিল ঝড়বৃষ্টি মাথায় নিয়ে
শ্রাবণ তবু ফিরেনি আর হেমন্তের মাটিগন্ধ বুকে করে
কত ঘাস হলুদ হয়ে মরেও গ্যাছে চৈত্র দগ্ধ বসন্ত চাতালে
মনে পড়ে......
আমিও তো মরেছি
কতবার কতভাবে রক্তগন্ধ্যা হৈমন্তী চুম্বনে
কাঁচি-কাটা-ধান যখন গোলায় তুলেছিল পিতা আশ্বিনে
মরেছি প্রেমে অপ্রেমে
নারী-মাখা-জোছনা যখন পুড়েছে রবি-ওষ্ঠ একান্ত করে,
তবুও দেখো
বেঁচে আছি শতাব্দী ঘেরা নষ্ট সভ্যতার মব-তান্ত্রিক কবরে
যেখানে সব শালা কবি আজ মেলিটাস দলে-সক্রেটিস' বিচারে !
পকেটঅলা জামা
মুহাম্মদ রফিক ইসলাম
ছেলেটাকে দরজায় রেখে
ঘরে ঢুকে পকেটঅলা জামা।
পাতে রুইমাছের মাথা,
অভুক্ত বিড়ালের চোখে কাঁটাগুলো নাচে।
হাতপাখা হাতে, মা দাঁড়িয়ে...
সোহাগের আঁচ ওঠা-নামায় থাকে।
বাবার অগ্নিবর্ণ চোখ,
পুড়ে যাচ্ছে ফসলের খেত।
এই হেমন্ত
সুমন আহমেদ
দেখা হয় না কতদিন, কত মাস,
বছর পেরিয়ে মহাকাল শতাব্দীযোগ তোমার-আমার!
হারিয়ে ফেলেছি একজীবনের মহাউৎসব; হারিয়ে
ফেলেছি তুমি নামের আমার পৃথিবী।
মনে পড়ে প্রিয়তমা- ঝরাপাতার মর-মর শব্দ...
রাতশেষে পাথারের ওপার থেকে ছুটে আসা উত্তাল
হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে মোড়ানো ভোর।
ঘুঘু-টিয়ার মন ভুলানো মিষ্টি সুর; হলুদ গাঁদার চিঠি।
আমন ধানের আভায় লেগে থাকা কৃষকের
প্রাণখোলা হাসি।
সর্ষে ফুলের হলুদ রঙে মিষ্টি রোদের স্নিগ্ধ সৌম্য দুপুর;
পড়ন্ত বিকেলের মটরশুটি খেসারি আর কলই ফুলের
বিস্তীর্ণ মাঠ।
ভরা পূর্ণিমায় উঠোনে দাঁড়িয়ে হাতে-হাত রেখে গল্প
কবিতায় কাটানো অসংখ্য রাতজাগা প্রহর।
মনে কি পড়েনা...
ভুলে কী গ্যাছো প্রিয়তমা কার্তিক অগ্রহায়ণের
এই হেমন্ত?
হাবিয়া দোজখ
মান্নান নূর
একজোড়া পাহাড় দাঁড়িয়ে থাকতে দেখলে
মনে হয়, পৃথিবী এখনো আছে।
আকাশ আর পাহাড়ের সহাস্য কানাকানি
মনে করিয়ে দেয়-পৃথিবী এখনো সুন্দর।
একজোড়া শালিক পাশাপাশি উড়ে গেলে
মনে হয়, পৃথিবী ভালোবাসার এক প্রশান্ত ঘর।
নদীর মোহনায় দাঁড়িয়ে যখন দেখি, এপাড় -ওপাড়কে
নীরবে ডাকছে, তখন বিশ্বাস করতে ইচ্ছে হয়-
পৃথিবী এখনো মানুষের।
কিন্তু যখন দেখি, পাখির বদলে আকাশ চিরে উড়ে
যায় মিসাইল আর বোমারু বিমান;
যখন দেখি, বহুতল ভবনের ছায়ায় কিছু মানুষ একমুঠো ভাতের অপেক্ষায়;
যখন দেখি, ডাস্টবিনে দাঁড়িয়ে একটি শিশু তার পিতার পরিচয় জানতে চায়;
যখন দেখি, আমার মা কিংবা বোন নির্ভয়ে রাস্তায় বের হওয়ার সাহস হারিয়ে ফেলছে-
তখন, তখন মনে হয়,
এই পৃথিবীটা আস্ত এক হাবিয়া দোজখ।
প্রতিক্রিয়া
আসাদুজ্জামান খান মুকুল
বর্ষার দুপুর। ভেজা চাদরের পানি নিংড়াতে দাদি
ডাকছেন।
আমি তখন ফোনে কী জানি একটা দেখছি, ফোনটা
রেখে উঠে গেলাম।
দুজনে দুই মাথা ধরে ঘুরিয়ে যাচ্ছি।
উঠোনে একটু কাদা, আমার একটা স্যান্ডেল খুলে
পড়ে রইল।
কাপড়টা পাকিয়ে পাকিয়ে দড়ির মতো শক্ত হয়ে এল।
আমি যতটা জোর দিই ওপাশ থেকে ঠিক ততটাই জোর
এসে লাগে কব্জিতে।
দাদির হাতের শিরাগুলো ফুলে উঠেছে।
আঙুলের ডগা লাল হয়ে আসে।
পাশের টিউবওয়েলটি তখনও চলছিল।
আমার হাতটা একটু ফসকে যেতেই দাদি টলে পিছিয়ে গেলেন,
খুঁটিতে গিয়ে কনুইয়ে চোট লাগল।
"আহ্," বলে তারপর হাসলেন।
জল ঝরছে ফোঁটায় ফোঁটায়।
দুজনের তালুতেই তখনো লেগে আছে সেই টানের চিহ্ন।
বাতাবিলেবু
মোস্তফা
রীষ্মের দুপুরে ভ্যাপসা গরমের ভেতর মাওলানা সাহেব
আগাগোড়া কালো বোরখায় মোড়া চার বিবি নিয়ে যখন
বাসে উঠলেন, বাস তখন লোকে পরিপূর্ণ; করিম বাউল
হাতে দোতারা আর চৌদ্দ বছরের মেয়েকে নিয়ে ভিড়ের
ভেতর এক কোণে দাঁড়িয়ে।
মেয়েটির সদ্য বেড়ে ওঠা স্তন দুটি ভিড়ের চাপে ফুলে উঠেছে। করিম বাউল ব্যস্ত তাঁর দোতারা সামলাতে, মেয়ের পর্দার দিকে তাঁর নজর নেই। মাওলানা সাহেব রাগ আর ঘৃণার চোখে বাউল আর দোতারার দিকে তাকালেন, তাঁর শরীর জ্বলে গেল—
পর্দার খেলাপ তাঁর সহ্য হয় না। রাগ নিয়ে মাওলানা
সাহেব মেয়েটির বাতাবিলেবুর মতো স্তন যুগল দেখে
ধীরে ধীরে শান্ত হলেন;
পায়জামার ভেতর একটা সাপ ফনা তুলে ছোবল দিচ্ছে। ভ্যাপসা গরমে শরীরে একটা সুখ অনুভূত হতে লাগল; সত্তর জন হুরের স্বপ্নে গরমের ভেতর মাওলানা সাহেব বিবির ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন।
আল-হামদুলিল্লাহ।
মানবশিখা
বৈশাখী খাতুন
নির্মল কবিতার জন্ম ক্ষণলগ্নে,
নিষ্পাপ সুরে পদার্পণ এ মহীতে
নাহি বোধগম্য জীবন-যাতনার ক্লেশ,
কল্লোলিনীর শান্ত সাগরে ভাসবে স্বদেশ।
এখনো পথ বাকি সমাপ্তির দ্বারে,
দুটো স্বপ্ন ছুঁতে নক্ষত্র পানে
কখনো বা যায় ভুলে ক্ষণজন্মার মানে।
নিরাকার স্তব্ধ আকাশে ভাসছে মহাকাব্য,
স্বীয় অন্তরালে বইছে নীরব একলব্য।
জমে থাকা হাসির আড়ালে তিমির রাত,
তবুও যেন অনুচ্চারিত নীরব প্রপাত।
বাড়িয়ে হাত কতশত মায়াবী ক্ষণে,
যায় মরে নিস্তব্ধতার নীল আকাশে
জ্বলছে প্রাণপ্রদীপ নিঃশ্বাসের নীড়ে,
আঁকড়ে ধরে চক্ষুদীপ নশ্বরতার ভিড়ে।
ব্যামো
সারমিন চৌধুরী
কেউ ডাকেনি নাম ধরে
রাখেনি হাতে হাত অগাধ বিশ্বাসের,
আরাধনার ঠোঁট ছুঁয়ে নুয়ে পড়ে শব্দেরা
রোজ নিরাশার বাদলে ডুবে হয় মূর্ছাতুর।
কত নিবিড় মায়ায় বুনেছি বুকে এক অবয়ব—
হাসনাহেনার মিষ্টি ঘ্রাণে বিমোহিত হয় মন,
শুকপাখির ডাকে হৃদয়ে নামে শীতলতা;
বুকের মাঝে ছিল এক অন্যবিধ পৃথিবী।
সেখানে বেঁধেছে গূঢ় নিঃসঙ্গতার ব্যামো
অপেক্ষা শুকিয়ে গেছে কবেই দর্শনেন্দ্রিয়।
কারও পদধ্বনিতে হৃদয় হয়নি উৎকণ্ঠিত—
অন্তরের নোনা স্রোতে মুছে জল্পনা-কল্পনা।
একদিন এখানে ঝরতো কাঁচা সোনা রোদ
চায়ের পেয়ালায় উঠতো শমগুণ ধোঁয়া;
ছিল মনের সবুজ অরণ্যে ফসলের ঘুম।
সেই মহী মুমূর্ষু শিশিরের মতো কাতরাচ্ছে—
সঙ্গীহীন কাইকোমাকো বৃক্ষের মতোই।
ডিম চুরি
ইদ্রিস মণ্ডল
চুয়াডাঙ্গা শহরের যানজট যেন শহরেরই এক পুরোনো বাসিন্দা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল—রাস্তার ওপর সারিবদ্ধ গাড়িগুলো যেন ধৈর্যের নীরব পরীক্ষা দেয়। কেউ বিরক্ত হয়ে হর্ন বাজায়, কেউ মোবাইলের পর্দায় ডুবে থাকে, কেউ আবার পাশের মানুষের সঙ্গে গল্পে মেতে ওঠে। ব্যস্ত শহরের এই দৃশ্য যেন প্রতিদিনেরই চেনা ছবি।
সেদিনও ছিল তেমনই এক দুপুর। ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান দীর্ঘ যানজটে নিশ্চুপ দাঁড়িয়ে ছিল। চালকের দৃষ্টি সামনের দিকে—কখন রাস্তা ফাঁকা হবে, সেই অপেক্ষায়। তিনি বুঝতেই পারেননি, তাঁর ঠিক পেছনেই নিঃশব্দে শুরু হয়ে গেছে একটি ছোট্ট নাটক।
পিকআপটির গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল একটি রিকশা। রিকশায় বসা এক তরুণীর চোখ বারবার চলে যাচ্ছিল ডিমভর্তি খাঁচাগুলোর দিকে। লোভ বড় বিচিত্র জিনিস; কখন যে মানুষের বিবেকের দরজায় নিঃশব্দে কড়া নাড়ে, তা কেউ বলতে পারে না।
চারপাশে কেউ খেয়াল করছে না ভেবে তরুণী ধীরে ধীরে হাত বাড়ালেন। যেন গাছ থেকে ফুল তুলছেন—এমন সতর্কতায় খাঁচা থেকে একটি ডিম তুলে নিলেন। তারপর আরও একটি। ব্যস, দুটির বেশি নয়। মুহূর্তের মধ্যেই ডিম দুটি তাঁর ব্যাগের ভেতর অদৃশ্য হয়ে গেল। পিকআপচালক কিছুই টের পেলেন না।
কিন্তু ব্যস্ত রাস্তার অসংখ্য চোখকে ফাঁকি দেওয়া কি এত সহজ?
একজন হেসে বললেন,
— "আপু, মনে হয় আজ ডিমভাজি ছাড়া দুপুরের ভাত জমবে না!"
আরেকজন মুচকি হেসে বললেন,
— "এ যে দেখি ভদ্র চোর! চুরির মধ্যেও হিসাব আছে—মাত্র দুইটা!"
পাশ থেকে আরেকজন যোগ করলেন,
— "ডজন পূর্ণ করলে তো দোকানই খুলে ফেলতে হতো!"
মুহূর্তেই চারদিকে হাসির রোল পড়ে গেল। কেউ হাসতে হাসতে চোখ মুছছে, কেউ আবার মোবাইলে ঘটনাটি ধারণ করছে। কিন্তু সেই হাসির ভিড়েই এক বৃদ্ধ গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন,
— "হাসির কথা ঠিকই, কিন্তু ভাবুন তো, দুটি ডিমের জন্য যদি মানুষ নিজের সততা বিসর্জন দেয়, তাহলে বড় লোভের সামনে সে কী করবে?"
বৃদ্ধের কথায় আশপাশে নীরবতা নেমে এলো। হাসির শব্দ যেন আচমকা থেমে গেল।
তিনি আবার বললেন,
— "চুরি কখনো ছোট বা বড় হয় না। অনুমতি ছাড়া অন্যের জিনিস নেওয়াটাই চুরি। আজ দুইটা ডিম, কাল হয়তো আরও বড় কিছু। মানুষ এভাবেই ধীরে ধীরে নিজের বিবেক আর মানুষত্ব হারিয়ে ফেলে।"
তরুণী মাথা নিচু করে বসে রইলেন। তাঁর মুখের হাসি অনেক আগেই মিলিয়ে গেছে। হয়তো নিজের ভেতরের বিবেকই তখন তাঁকে প্রশ্ন করছিল—'দুইটা ডিমের মূল্য বেশি, নাকি নিজের চরিত্রের মূল্য?'
এরই মধ্যে যানজট ধীরে ধীরে ছেড়ে দিল। গাড়িগুলো আবার চলতে শুরু করল। পিকআপচালক আজও জানলেন না, তাঁর গাড়ি থেকে দুটি ডিম কমে গেছে। কিন্তু ঘটনাটি যারা দেখেছিলেন, তারা শুধু একটি মজার দৃশ্য নয়, একটি গভীর শিক্ষা নিয়েই বাড়ি ফিরলেন।
মানুষের আসল পরিচয় তার অর্থ-সম্পদে নয়, তার সততা ও নৈতিকতায়। সামান্য লোভকে জয় করতে পারাই প্রকৃত মানবত্বের পরিচয়। অন্যের জিনিস অনুমতি ছাড়া নেওয়া যতই তুচ্ছ মনে হোক, সেটি অন্যায়, সেটি অপরাধ। হাসির আড়ালে লুকিয়ে থাকা এই ছোট্ট ঘটনাই আমাদের মনে করিয়ে দেয়—বিবেক হারিয়ে অর্জিত কোনো লাভই প্রকৃত লাভ নয়। মানুষ বেঁচে থাকে তার চরিত্রের মর্যাদায়; আর সেই মর্যাদা রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় অর্জন।
সাহিত্য থেকে আরো পড়ুন