https://www.prothomalony.com/
18590
religion
খতিব, নূরে মদীনা জামে মসজিদ সীতাকুণ্ড চট্টগ্রাম।
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ ০৭:৪৩
জান্নাত লাভ প্রত্যেক মুমিন বান্দার আরাধ্য বিষয়। তবে শুধু কামনা করলেই জান্নাত পাওয়া যায় না, এর জন্য রয়েছে কিছু করণীয় ও বর্জনীয়। পাশাপাশি ইসলামি শরিয়তে এমন কিছু নেক আমলের কথাও বলা হয়েছে, যা সম্পাদন করলে বান্দা জান্নাতের বিশেষ বিশেষ প্রাসাদের মালিক হতে পারে। এই নিবন্ধে সেসব আমলের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরা হলো।
আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে জিজ্ঞেস করলেন, জান্নাতের প্রাসাদ কী দিয়ে নির্মিত? তিনি বললেন, একটি ইট স্বর্ণের ও একটি ইট রৌপ্যের, সুগন্ধময় কস্তুরী তার গাঁথুনি, মণি-মুক্তা তার কঙ্কর, আর জাফরান তার মাটি; যে তাতে প্রবেশ করবে সে সুখে থাকবে, কখনো হতাশ হবে না, চিরস্থায়ী হবে, কখনো মরবে না, তার পোশাক পুরোনো হবে না এবং যৌবনও শেষ হবে না (তিরমিযি: ২৫২৬)। জান্নাতের মাটি সম্পর্কে নবীজি বলেন, তা সাদা ও খাঁটি মিশকের সুগন্ধযুক্ত (সহিহ মুসলিম: ২৯২৮)। তবে জান্নাতের এই বর্ণনা মানুষের কল্পনার চেয়েও সুন্দর। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব জিনিস প্রস্তুত রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি (সহিহ বুখারি: ৩২৪৪, সহিহ মুসলিম: ২৮২৪)।
জান্নাতের প্রাসাদ লাভের জন্য মোটা দাগে দুটি শর্ত রয়েছে— ঈমান আনা এবং সৎকর্ম করা। ঈমান আনার অর্থ ঈমানের ছয়টি স্তম্ভে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে জীবনে তাওহীদ বাস্তবায়ন করা এবং সব ধরনের শিরক বর্জন করা। আর সৎকর্মের অর্থ ইসলামের পাঁচ স্তম্ভের উপর অবিচল থাকা, ইহসানের দাবি পূরণ করা, নবীজির দেখানো পদ্ধতিতে ফরজ ইবাদত পালন করা এবং হারাম কথা, কাজ ও উপার্জনসহ সব পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের জান্নাতের সুউচ্চ কক্ষসমূহে স্থান দেব, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত (সূরা আনকাবুত: ৫৮)। অন্যত্র তিনি বলেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তোমাদের আমার নিকটবর্তী করবে না, কেবল যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই বহুগুণ প্রতিদান পাবে এবং জান্নাতের কক্ষসমূহে শান্তিতে থাকবে (সূরা সাবা: ৩৭)। আবু সাঈদ খুদরি রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা উপরের বালাখানার অধিবাসীদের এমনভাবে দেখবে, যেমন তোমরা আকাশের প্রান্তে উজ্জ্বল নক্ষত্র দেখো। সাহাবিরা বললেন, এ তো নবীদের স্থান, অন্যরা কি সেখানে পৌঁছাতে পারবে? তিনি বললেন, হ্যাঁ, সেই সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রাসুলগণকে সত্য বলে মেনেছে (সহিহ বুখারি: ৩২৫৬)।
এবার সেই আমলগুলোর কথায় আসা যাক, যার মাধ্যমে জান্নাতে প্রাসাদ নির্মিত হয়। প্রথম আমল তাকওয়া অবলম্বন করা। প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করে হারাম ও পাপাচার থেকে বিরত থাকা এবং তাঁর আনুগত্য করার নামই তাকওয়া। আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে স্তরের উপর স্তরবিশিষ্ট সুউচ্চ প্রাসাদ, যার নিচ দিয়ে নদী বয়ে যায়; এটাই আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না (সূরা যুমার: ২০)। আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আমল করার চেয়ে আমল কবুল হওয়ার ব্যাপারে বেশি গুরুত্ব দাও, কেননা তাকওয়ার সাথে করা কোনো আমলই অল্প নয় (হিলয়াতুল আউলিয়া: ১/৭৫)। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাকওয়ার তিনটি স্তর উল্লেখ করেছেন— পাপ ও হারাম থেকে অন্তর ও অঙ্গ-প্রত্যঙ্গকে রক্ষা করা, মাকরুহ থেকে বেঁচে থাকা এবং অনর্থক বিষয় থেকে দূরে থাকা (আল-ফাওয়ায়েদ: ১/৪৫)। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, হারামে পড়ার ভয়ে মুত্তাকীরা অনেক হালালও ছেড়ে দেন।
দ্বিতীয় আমল আল্লাহর উপর ভরসা করা। সুখে-দুঃখে সর্বাবস্থায় মুমিন আল্লাহর উপর নির্ভর করে প্রশান্তি লাভ করে। আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য জান্নাতে সুউচ্চ কক্ষ রয়েছে, তারা ধৈর্যধারণ করে এবং প্রতিপালকের উপর ভরসা করে (সূরা আনকাবুত: ৫৮-৫৯)। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি কাজের শুরুতে আল্লাহর উপর ভরসা করল এবং শেষে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকল, সে যেন পূর্ণভাবে আল্লাহর দাসত্ব করল (মাদারিজুস সালিকিন: ২/১২২)।
তৃতীয় আমল ধৈর্যধারণ করা। আল্লাহ বলেন, তাদের ধৈর্যের প্রতিদানস্বরূপ জান্নাতের কক্ষ দেওয়া হবে এবং সেখানে তাদের অভ্যর্থনা জানানো হবে অভিবাদন ও সালামে, তারা সেখানে চিরকাল থাকবে, কতই না সুন্দর সেই আবাসস্থল (সূরা ফুরকান: ৭৫-৭৬)। দ্বীনের দাওয়াত, ইলম অর্জন, দারিদ্র্য, রোগ-ব্যাধি, ইবাদত ও পাপ বর্জনের প্রতিটি ক্ষেত্রেই ধৈর্য প্রয়োজন। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, মুমিন খাদ্য-পানীয়ের মতোই ধৈর্যের মুখাপেক্ষী (ইবনে আবিদ্দুনিয়া, আস-সাবরু ওয়াছ ছাওয়াব: ৬১)। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, দেহের সাথে মাথার সম্পর্ক যেমন, ঈমানের সাথে ধৈর্যের সম্পর্ক তেমন; এই ধৈর্য তিনভাবে হয়— ফরজ ইবাদত পালনে, হারাম থেকে বাঁচতে এবং তাকদিরের ফায়সালায় (আত-তিব্বুন নাবাবি: ২৫১)। তবে আল্লাহ কেবল বিপদ দিয়েই নয়, সুখ-শান্তি দিয়েও ধৈর্যের পরীক্ষা নেন। আব্দুর রহমান ইবনে আওফ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করা হলে আমরা ধৈর্য ধরতে পেরেছি, কিন্তু সুখ দিয়ে পরীক্ষা করা হলে ধৈর্য ধরতে পারিনি (উদ্দাতুস সাবিরিন: ৬৪)। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আরও বলেন, অনেকে তাহাজ্জুদ ও সিয়ামের কষ্টে ধৈর্য ধরতে পারে, কিন্তু হারাম দৃষ্টি থেকে নিজেকে সামলাতে পারে না।
চতুর্থ আমল মসজিদ নির্মাণ করা। উসমান ইবনে আফফান রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন (সহিহ বুখারি: ৪৫০, সহিহ মুসলিম: ৫৩৩)। ইমাম নববি রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ায় অন্য বাড়ির তুলনায় মসজিদের মর্যাদা যেমন বেশি, জান্নাতেও মসজিদ নির্মাণকারীর ঘর তেমনি শ্রেষ্ঠ হবে। মসজিদ নির্মাণে সহযোগিতাকারীর জন্যও এই প্রতিশ্রুতি রয়েছে। জাবির রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি কবুতরের ডিম পাড়ার জায়গা পরিমাণ বা তার চেয়েও ছোট একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন (সুনানে ইবনে মাজাহ: ৭৩৮)। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেন, এত ছোট জায়গায় সালাত আদায় সম্ভব নয়, তাই এর অর্থ হলো মসজিদ নির্মাণে সামান্য অবদান রাখলেও পূর্ণ সওয়াব পাওয়া যাবে। তবে এতে যেন লোক-দেখানো বা প্রচারের ইচ্ছা না থাকে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি লৌকিকতা ও প্রচারের উদ্দেশ্য ছাড়া মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন (তাবারানি, আল-মুজামুল আউসাত: ৭০০৫)। ইবনুল জাওযি রাহিমাহুল্লাহ বলেন, কেউ নিজের নামে মসজিদের নাম রাখলে সে ইখলাস থেকে বহু দূরে অবস্থান করছে। মসজিদ নির্মাণের মাধ্যমে সুন্নাহর বদলে শিরক-বিদআত প্রতিষ্ঠিত হলেও নেকির বদলে গুনাহ হবে।
পঞ্চম আমল নিয়মিত সুন্নাতে রাতেবা আদায় করা। ফরজ সালাতের আগে-পরে আদায় করা সুন্নাত সালাতগুলোকে সুন্নাতে রাতেবা বলা হয়। উম্মে হাবিবা রাযিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন-রাতে বারো রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে— যোহরের আগে চার ও পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই, এশার পরে দুই এবং ফজরের আগে দুই রাকাত (তিরমিযি: ৪১৫; সহিহ মুসলিম: ৭২৮)। ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, ফরজ হলো মূলধন আর নফল হলো তার মুনাফা (হিলয়াতুল আউলিয়া: ৮/১০০)। কিয়ামতের দিন এই নফল ইবাদত দিয়েই ফরজের ঘাটতি পূরণ করা হবে (তিরমিযি: ৪১৩)।
ষষ্ঠ আমল চার রাকাত চাশতের সালাত আদায় করা। সূর্যোদয়ের পরপর পড়লে একে ইশরাক বলা হয়, আর কিছু পরে দ্বিপ্রহরের আগে পড়লে সালাতুয যোহা বা চাশত বলা হয়। আবু মুসা আশআরি রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চার রাকাত চাশত এবং যোহরের আগে চার রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে (তাবারানি, আল-মুজামুল আউসাত: ৪৭৫৩)।
সপ্তম আমল আল্লাহর পথে হিজরত ও জিহাদ। ফাযালা ইবনে উবাইদ রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে আমার প্রতি ঈমান আনল, ইসলাম গ্রহণ করল এবং হিজরত করল, আমি তার জন্য জান্নাতের উপকণ্ঠে একটি ও মধ্যখানে একটি ঘরের জিম্মাদার; আর যে ঈমান আনল, ইসলাম গ্রহণ করল ও আল্লাহর পথে জিহাদ করল, আমি তার জন্য জান্নাতের উপকণ্ঠে, মধ্যখানে এবং কক্ষসমূহের সর্বোচ্চ স্থানে একটি করে ঘরের জিম্মাদার (সুনানে নাসায়ি: ৩১৩৩, সহিহ ইবনে হিব্বান: ৪৬১৯)।
জান্নাতের প্রাসাদ কোনো কল্পকাহিনি নয়, বরং ঈমান ও সৎকর্মের মাধ্যমে প্রতিটি মুমিনের জন্য অর্জনযোগ্য এক বাস্তব প্রতিশ্রুতি। তাকওয়া, তাওয়াক্কুল, ধৈর্য, মসজিদ নির্মাণ, সুন্নাত সালাতের পাবন্দি, চাশতের সালাত এবং আল্লাহর পথে ত্যাগের মাধ্যমে আমরা সেই চিরস্থায়ী আবাস গড়ার চেষ্টা করতে পারি। তবে এসব আমলের মূল শর্ত ইখলাস ও সুন্নাহর অনুসরণ। আল্লাহ তায়ালা আমাদের সকলকে জান্নাতের সুউচ্চ প্রাসাদের অধিকারী হওয়ার তাওফিক দান করুন। আমীন।
পাপাচারে লিপ্ত হওয়ার ক্ষতিকর প্রভাব
শায়েখ ওসামা বিন আমীন
প্রিন্সিপাল, আন্-নাজম একাডেমি, কক্সবাজার।
পাপ তথা আল্লাহর নাফরমানি মানবজীবনের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি বয়ে আনে। পাপের প্রভাব কেবল মানুষের পরকালীন জীবনেই সীমাবদ্ধ নয়; বরং তা দুনিয়াবী জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব বিস্তার করে। মানুষের অন্তর, চিন্তা-চেতনা, নৈতিক চরিত্র, পারিবারিক সম্পর্ক, সামাজিক পরিবেশ ও অর্থনৈতিক জীবনে পাপের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়। মানুষ যখন আল্লাহর নির্দেশনা অমান্য করে পাপাচারে লিপ্ত হয়, তখন ধীরে ধীরে তার অন্তর থেকে ঈমানের স্বাদ, ইবাদতের আগ্রহ, সত্যের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের প্রতি ঘৃণা কমতে থাকে। একপর্যায়ে পাপ তার কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। অথচ একজন মুমিনের বৈশিষ্ট্য হলো, সে নিজের ছোট-বড় প্রতিটি পাপকে ভয় করে এবং সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি অণু পরিমাণ সৎকর্ম করবে, সে তা দেখতে পাবে। আর যে ব্যক্তি অণু পরিমাণ অসৎকর্ম করবে, সে-ও তা দেখতে পাবে’ (সূরা আয-যিলযাল, ৯৯/৭-৮)। অতএব, পাপের ভয়াবহতা উপলব্ধি করা এবং তা থেকে আত্মরক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য অপরিহার্য। নিম্নে পাপাচারে লিপ্ত হওয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা উপস্থাপন করা হলো।
ব্যক্তির অন্তরে পাপের ক্ষতিকর প্রভাব :
পাপাচারের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে মানুষের অন্তরের ওপর। মানুষ যখন কোনো পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ সৃষ্টি হয়। সে যদি তওবা না করে পুনরায় পাপ করতে থাকে, তাহলে সেই দাগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। একপর্যায়ে তার অন্তর পাপের কালিমায় আচ্ছন্ন হয়ে যায়। ফলে তার মধ্যে সত্য গ্রহণের আগ্রহ, নেক আমলের প্রতি ভালোবাসা এবং অন্যায়ের প্রতি ঘৃণা দুর্বল হয়ে পড়ে। মহান আল্লাহ বলেন, ‘কখনোই নয়; বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে মরিচা ধরিয়েছে’ (সূরা আল-মুতাফফিফীন, ৮৩/১৪)। এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের পাপাচার তার অন্তরের ওপর এমন আবরণ সৃষ্টি করে, যা তাকে সত্য উপলব্ধি ও গ্রহণ করা থেকে দূরে সরিয়ে দেয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর সে যদি পাপ পরিত্যাগ করে, ক্ষমা প্রার্থনা করে ও তওবা করে, তাহলে তার অন্তর পরিষ্কার করে দেওয়া হয়। আর সে যদি পুনরায় পাপ করে, তাহলে সেই দাগ বৃদ্ধি পেতে থাকে। এভাবে একসময় তার অন্তর সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে যায় (জামে‘ আত-তিরমিযী, হা/৩৩৩৪)।
পাপাচারের আরেকটি ক্ষতিকর প্রভাব হলো, মানুষের অন্তর থেকে আল্লাহভীতি ও লজ্জাশীলতা ক্রমশ হ্রাস পাওয়া। প্রথমবার কোনো পাপ করার সময় মানুষের মনে অপরাধবোধ কাজ করে। কিন্তু একই পাপ বারবার করতে থাকলে একসময় তা তার কাছে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। এমনকি প্রকাশ্যে পাপ করতেও সে দ্বিধাবোধ করে না। উপদেশ দেওয়া হলেও তার অন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। অথচ লজ্জাশীলতা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘লজ্জাশীলতা ঈমানের অংশ’ (ছহীহ বুখারী, হা/২৪)। অন্য হাদীছে তিনি বলেছেন, ‘পূর্ববর্তী নবীদের বাণী থেকে মানুষ যে কথাটি পেয়েছে তা হলো, যখন তোমার লজ্জা থাকবে না, তখন যা ইচ্ছা তাই করো’ (ছহীহ বুখারী, হা/৩৪৮৩)। অর্থাৎ লজ্জাশীলতা হারিয়ে গেলে মানুষ পাপাচারে নির্লজ্জ হয়ে পড়ে এবং নিজের অপকর্মের ব্যাপারে কোনো অনুশোচনা অনুভব করে না।
পাপাচারের কারণে মানুষের হৃদয় কঠিন হয়ে যায়। ফলে অন্যের দুঃখ-কষ্ট দেখে তার অন্তরে মায়া-মমতা সৃষ্টি হয় না। অসহায় মানুষের প্রতি সহানুভূতি, পিতা-মাতার প্রতি দায়িত্ববোধ এবং আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ কমে যায়। একপর্যায়ে সে নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করতে চায় না। মহান আল্লাহ বলেন, ‘দুর্ভোগ সেইসব লোকের জন্য, যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেছে’ (সূরা আয-যুমার, ৩৯/২২)। তাছাড়া পাপাচার মানুষের নেক আমলের আগ্রহও নষ্ট করে দেয়। যে ব্যক্তি একসময় নিয়মিত ছালাত আদায় করত, কুরআন তেলাওয়াত করত এবং নেক কাজে আনন্দ অনুভব করত, পাপাচারে অভ্যস্ত হওয়ার কারণে একসময় তার মধ্যে ইবাদতের অলসতা সৃষ্টি হয়। ফরয ইবাদত আদায় করতেও তার কষ্ট অনুভূত হয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মাদকে রাসূল হিসেবে সন্তুষ্টচিত্তে গ্রহণ করেছে’ (ছহীহ মুসলিম, হা/৩৪)। সুতরাং পাপাচার মানুষের অন্তরের প্রশান্তি ও ঈমানী অনুভূতিকে দুর্বল করে দেয়।
দুনিয়াবী জীবনে পাপের ক্ষতিকর প্রভাব :
পাপের অন্যতম ক্ষতিকর প্রভাব হলো, একটি পাপ মানুষকে অন্য পাপের দিকে নিয়ে যায়। কারণ পাপের প্রতি অনুশোচনা না থাকলে মানুষের অন্তরে অপরাধের ভয় কমতে থাকে। ফলে সে বারবার একই পাপে লিপ্ত হয় এবং একপর্যায়ে পাপাচার তার অভ্যাসে পরিণত হয়। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, ‘মুমিন ব্যক্তি তার পাপগুলোকে এমন মনে করে, যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে এবং আশঙ্কা করছে যে, পাহাড়টি তার ওপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার পাপগুলোকে এমন মনে করে, যেন একটি মাছি তার নাকের ওপর দিয়ে চলে গেছে’ (ছহীহ বুখারী, হা/৬৩০৮)। এ বক্তব্য থেকে বোঝা যায়, মুমিনের অন্তরে পাপের ব্যাপারে সর্বদা ভীতি ও সতর্কতা কাজ করে। পক্ষান্তরে পাপাচারে অভ্যস্ত ব্যক্তি নিজের অপরাধকে তুচ্ছ মনে করে এবং বারবার একই অন্যায়ে লিপ্ত হয়।
পাপাচার মানুষের জীবনে আল্লাহর রহমত ও বরকত হ্রাস পাওয়ার অন্যতম কারণ। আল্লাহর আনুগত্যের মাধ্যমে মানুষ তাঁর অনুগ্রহ লাভ করে। পক্ষান্তরে অবাধ্যতা ও অকৃতজ্ঞতা মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের ওপর যেসব বিপদাপদ আপতিত হয়, তা তোমাদের কৃতকর্মেরই ফল। আর তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন’ (সূরা আশ-শূরা, ৪২/৩০)। তিনি আরও বলেন, ‘আল্লাহ কোনো সম্প্রদায়ের ওপর যে নে‘মত দান করেন, তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করা পর্যন্ত তিনি তা পরিবর্তন করেন না’ (সূরা আল-আনফাল, ৮/৫৩)। তবে দুনিয়ায় কোনো বিপদ বা রোগ দেখা দিলেই সেটিকে নির্দিষ্ট ব্যক্তির পাপের শাস্তি বলা যাবে না। কেননা বিপদ কখনো পরীক্ষা, কখনো গুনাহ মোচনের মাধ্যম এবং কখনো আল্লাহর বিশেষ হিকমতের অংশ হয়ে থাকে।
পাপাচারের কারণে মানুষের জীবনে অশান্তি ও সংকীর্ণতা সৃষ্টি হয়। মানুষ যতই সম্পদ ও বিলাসিতার মালিক হোক না কেন, আল্লাহর অবাধ্যতা তাকে প্রকৃত প্রশান্তি দিতে পারে না। পাপাচারে লিপ্ত ব্যক্তি অনেক সময় বাহ্যিকভাবে সুখী মনে হলেও তার অন্তরে অস্থিরতা, অপরাধবোধ ও হতাশা কাজ করে। মহান আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকুচিত’ (সূরা ত্ব-হা, ২০/১২৪)। একইভাবে পাপাচার মানুষের উপার্জন ও সম্পদের বরকত নষ্ট হওয়ার কারণ হতে পারে। বিশেষ করে সুদ, ঘুষ, প্রতারণা, মাপে কম দেওয়া এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাতের মাধ্যমে অর্জিত সম্পদ বাহ্যিকভাবে বৃদ্ধি পেলেও তাতে প্রকৃত কল্যাণ থাকে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘ক্রেতা-বিক্রেতা যদি সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা প্রকাশ করে, তাহলে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত দেওয়া হয়। আর যদি তারা মিথ্যা বলে এবং প্রকৃত অবস্থা গোপন করে, তাহলে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত মুছে দেওয়া হয়’ (ছহীহ বুখারী, হা/২০৭৯; ছহীহ মুসলিম, হা/১৫৩২)।
পাপাচারের কারণে মানুষের পারিবারিক ও সামাজিক জীবনেও বিপর্যয় সৃষ্টি হয়। মিথ্যা, প্রতারণা, পরনিন্দা, হিংসা, অহংকার, ব্যভিচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো পাপ মানুষের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা নষ্ট করে। স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হয়, সন্তানদের সঙ্গে পিতা-মাতার সম্পর্ক দুর্বল হয় এবং আত্মীয়স্বজনের মধ্যে বিরোধ বৃদ্ধি পায়। অন্যদিকে সমাজের মানুষ যখন পাপাচারে অভ্যস্ত হয়ে পড়ে এবং অন্যায়কে অন্যায় মনে করে না, তখন দুর্নীতি, জুলুম, অবিচার ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। মহান আল্লাহ বলেন, ‘মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে’ (সূরা আর-রূম, ৩০/৪১)। অর্থাৎ মানুষের অন্যায় ও পাপাচার ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামগ্রিক সামাজিক বিপর্যয়েরও কারণ হয়ে দাঁড়ায়। তাই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগতভাবে পাপ পরিহার করার পাশাপাশি অন্যায় প্রতিরোধে দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
আখিরাতে পাপের ক্ষতিকর প্রভাব :
পাপের সবচেয়ে ভয়াবহ পরিণতি প্রকাশ পাবে আখিরাতে। দুনিয়ার জীবনে মানুষ অনেক পাপ গোপন রাখতে সক্ষম হলেও কিয়ামতের দিন কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না। প্রত্যেক মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আর আমলনামা উপস্থিত করা হবে। তখন তুমি অপরাধীদের দেখবে, তাতে যা আছে সে সম্পর্কে তারা ভীত-সন্ত্রস্ত। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের! এ কেমন আমলনামা! এতে ছোট-বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি; বরং সবকিছুই এতে লিপিবদ্ধ রয়েছে’ (সূরা আল-কাহফ, ১৮/৪৯)। সুতরাং দুনিয়ার জীবনে করা প্রতিটি কাজের জন্য মানুষকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে।
বিশেষ করে মানুষের অধিকার নষ্ট করা, জুলুম করা এবং অন্যের প্রতি অন্যায় আচরণ করার কারণে কিয়ামতের দিন নিজের নেক আমল অন্যদের দিয়ে দিতে হতে পারে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘প্রকৃত নিঃস্ব ব্যক্তি হলো সে, যে কিয়ামতের দিন ছালাত, ছিয়াম ও যাকাত নিয়ে উপস্থিত হবে; অথচ সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্তপাত করেছে এবং কাউকে প্রহার করেছে। ফলে তার নেক আমল থেকে তাদের প্রত্যেককে দেওয়া হবে। তার নেক আমল শেষ হয়ে গেলে তাদের পাপ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে’ (ছহীহ মুসলিম, হা/২৫৮১)। এ হাদীছ থেকে স্পষ্ট হয় যে, শুধু ব্যক্তিগত ইবাদত করলেই যথেষ্ট নয়; বরং মানুষের অধিকার সংরক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাপের আরেকটি ভয়াবহ পরিণতি হলো আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের শাস্তির সম্মুখীন হওয়া। যে ব্যক্তি শিরক ও কুফরের ওপর মৃত্যুবরণ করে, তার জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। আর অন্যান্য পাপের ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা ও বিচার অনুযায়ী শাস্তি অথবা ক্ষমা হতে পারে। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন; সেখানে তারা চিরকাল থাকবে’ (সূরা আল-জিন, ৭২/২৩)। অতএব, একজন মুমিনের উচিত দুনিয়ার সাময়িক আনন্দের জন্য আখিরাতের চিরস্থায়ী জীবনকে বিপন্ন না করা।
পাপ থেকে মুক্তির উপায় :
পাপের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য সর্বপ্রথম প্রয়োজন আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করা। পাপ হয়ে গেলে হতাশ না হয়ে অবিলম্বে তা পরিত্যাগ করতে হবে, অনুতপ্ত হতে হবে এবং ভবিষ্যতে সেই পাপে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করতে হবে। আর মানুষের অধিকার নষ্ট করে থাকলে যথাসম্ভব তা ফিরিয়ে দিতে হবে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (সূরা আয-যুমার, ৩৯/৫৩)। এ আয়াত পাপাচারে লিপ্ত ব্যক্তিদের জন্য আশার এক মহান বার্তা। কোনো মানুষ যত বড় পাপেই লিপ্ত হোক না কেন, আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর ক্ষমা লাভের সুযোগ তার জন্য উন্মুক্ত রয়েছে।
পাশাপাশি নিয়মিত ছালাত আদায়, কুরআন তেলাওয়াত, যিকির-আযকার, সৎ মানুষের সাহচর্য গ্রহণ এবং পাপের দিকে আহ্বানকারী পরিবেশ ও উপকরণ থেকে দূরে থাকা জরুরি। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তুমি যেখানেই থাকো, আল্লাহকে ভয় করো। কোনো মন্দ কাজ করে ফেললে তার পরপরই ভালো কাজ করো, যা সেটিকে মুছে দেবে। আর মানুষের সঙ্গে উত্তম আচরণ করো’ (জামে‘ আত-তিরমিযী, হা/১৯৮৭)। অতএব, পাপ থেকে বেঁচে থাকার পাশাপাশি নেক আমল বৃদ্ধি করা এবং সর্বদা আত্মসমালোচনার মাধ্যমে নিজের জীবন সংশোধন করা প্রত্যেক মুমিনের কর্তব্য।
পাপাচার মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্যই মারাত্মক ক্ষতিকর। এটি মানুষের অন্তরকে কলুষিত করে, নৈতিক চরিত্র ধ্বংস করে, ইবাদতের আগ্রহ কমিয়ে দেয় এবং পারিবারিক ও সামাজিক জীবনে অশান্তি সৃষ্টি করে। অন্যদিকে আখিরাতে রয়েছে পাপের হিসাব ও শাস্তির ভয়াবহ পরিণতি। তাই প্রত্যেক মুমিনের উচিত পাপকে ছোট মনে না করা; বরং সর্বদা আত্মসমালোচনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নেক আমলের মাধ্যমে নিজের জীবনকে পরিশুদ্ধ করা। তবে কোনো মানুষই পাপমুক্ত নয়; তাই পাপ হয়ে গেলে হতাশ না হয়ে আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মহান আল্লাহ আমাদের সকল প্রকার প্রকাশ্য ও গোপন পাপ থেকে হেফাযত করুন এবং বিশুদ্ধ তওবার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফীক দান করুন। আমীন।
ধর্ম থেকে আরো পড়ুন