https://www.prothomalony.com/
18589
new-york
প্রবীণ ও অসুস্থ মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোবাবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে পবিত্র কুরআন তিলাওয়াত ও সমাবেত কণ্ঠে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ নেওয়াজ প্রতিষ্ঠানের এক দশকের পথচলার স্মৃতিচারণ করেন। এ সময় তিনি সেবাকর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শাহ নেওয়াজ বলেন, দশ বছর শুধু একটি প্রতিষ্ঠানের সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের দীর্ঘ যাত্রা। ২০১৬ সালে কার্যক্রম শুরুর সময় তাঁদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকেই প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্য সামনে রেখেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় কর্মীদের অবদানের কথা তুলে ধরে শাহ নেওয়াজ বলেন, এই অর্জন তাঁর একার নয়। প্রতিদিন যেসব কর্মী মানুষের বাড়িতে গিয়ে সেবা দিচ্ছেন, তাঁরাই প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফলেই এক দশকের এই পথচলা সম্ভব হয়েছে।
.jpeg)
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানিয়ে আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে কর্মী ও অতিথি সংবর্ধনার পর সর্বশেষ দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। এসময় প্রতিষ্ঠানের এক দশকের সেবামূলক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আগামী দিনগুলোতে সেবার মান উন্নয়ন, জবাবদিহি ও মানুষের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা গোল্ডেন এজ হোমকেয়ার নিউইয়র্কে প্রবীণ, অসুস্থ এবং দৈনন্দিন জীবনযাপনে অন্যের সহায়তা প্রয়োজন এমন মানুষের জন্য বিভিন্ন ধরনের হোমকেয়ার সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সেবাদাতাদের মধ্যে বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় যোগাযোগের সুবিধা রয়েছে। এতে সেবাগ্রহীতা ও পরিচর্যাকারীদের মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি প্রবীণদের মানসিক স্বস্তি ও নিরাপত্তাবোধ বাড়ে। এছাড়া নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে এটি হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদন পেয়েছে। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রতিষ্ঠানটির সেবার পরিধি রয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন