https://www.prothomalony.com/

18580

north-america

উত্তর আমেরিকা

প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ ০১:৫৬

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি জানিয়েছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ ফ্রান্স শাখা। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় প্যারিসের ওবারভিলিয়ে এলাকার ‘লিগ্যাল এইড’ হলরুমে সংগঠনটির আহ্বায়ক কমিটির এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আজাদ মিয়া এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল)।

সভায় বক্তারা বলেন, প্যারিস-ঢাকা সরাসরি বিমান যোগাযোগ চালু হলে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দুই দেশের মধ্যে যাতায়াতকারী অন্য যাত্রীরাও উপকৃত হবেন। এতে যাত্রার সময় কমবে এবং ট্রানজিটের ভোগান্তি এড়ানো সম্ভব হবে। তবে এই দাবি বাস্তবায়নে সম্ভাব্য যাত্রী চাহিদা, পরিচালন ব্যয় ও রুটটির বাণিজ্যিক কার্যকারিতা যাচাই করা প্রয়োজন। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরা হবে বলে জানান নেতারা।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্যারিস-সিলেট সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টিও সভায় আলোচনায় আসে। এ ছাড়া ফ্রান্সে সংগঠনটির কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯০১ সালের ফরাসি সমিতি আইনের আওতায় নিবন্ধন এবং আগামী ২১ নভেম্বর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিলেট বিভাগের চার জেলার প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আজাদ মিয়া (সিলেট)। যুগ্ম আহ্বায়ক মনোয়ার হুসেন (সুনামগঞ্জ), মো. তাজ উদ্দিন (সিলেট), সালাহ উদ্দিন আহমেদ (হবিগঞ্জ) ও তৌফিকুল ইসলাম (মৌলভীবাজার)। সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন আব্দুল মোমিত (রোমেল) (মৌলভীবাজার)। কমিটির অন্য সদস্যরা হলেন— বদরুল বিন আফরুজ (সিলেট), আনসারী মোহাম্মদ আজাদ (মৌলভীবাজার) ও জিল্লুর রহমান (সিলেট)।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করাই তাদের মূল লক্ষ্য। প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব বাস্তবায়নে দ্রুতই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন