https://www.prothomalony.com/

18529

bangladesh

বাংলাদেশ

কুয়েতে ইয়েমেনি নাগরিককে গলা কেটে হত্যা, পুলিশের কাছে বাংলাদেশি যুবকের আত্মসমর্পণ

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ০২:১৭

কুয়েতের মুতলা এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এক ইয়েমেনি নাগরিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪৭ বছর বয়সি এক বাংলাদেশি যুবক কুয়েত সিটির অদূরে শার্ক থানায় নিজে উপস্থিত হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আতঙ্কিত অবস্থায় শার্ক থানার ডিউটি অফিসারের কাছে গিয়ে ওই বাংলাদেশি যুবক ইয়েমেনি নাগরিককে খুনের কথা স্বীকার করেন। এরপর পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এর আগে ওই যুবকের বিরুদ্ধে কর্মস্থল থেকে পালিয়ে যাওয়া বা নিখোঁজ থাকাসহ বিভিন্ন অভিযোগ ছিল।

পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন যুবক জানান, নিহত ইয়েমেনি নাগরিক তার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিলেন। এই তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ইয়েমেনি নাগরিককে আক্রমণ করেন এবং গলা কেটে হত্যা করেন।

ঘটনার পর মুতলা সিটির একটি প্রপার্টির ভেতর থেকে গলা কাটা অবস্থায় ওই ইয়েমেনি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে পাবলিক প্রসিকিউশনের প্রতিনিধি, ক্রাইম ইনভেস্টিগেটর ও ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।

বর্তমানে অভিযুক্ত বাংলাদেশি যুবককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবরণ বা চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হয়নি।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন