https://www.prothomalony.com/
18535
north-america
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ০৬:১৫
যুক্তরাষ্ট্রে শেষ হয়েছে ডে-লাইট সেভিং টাইম। স্থানীয় সময় ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টায় নেওয়া হয়। এর মধ্য দিয়ে ১ নভেম্বর রোববার থেকে দেশটিতে আবার কার্যকর হয়েছে স্ট্যান্ডার্ড টাইম। ঘড়ির সময় পরিবর্তনের ফলে দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি বদলে গেছে নামাজের সময়সূচিও।
নতুন সময়সূচি অনুযায়ী, ১ নভেম্বর ফজর শুরু হবে ভোর ৫টা ১১ মিনিটে আর সূর্যোদয় হবে সকাল ৬টা ২৬ মিনিটে। জোহর শুরু হবে দুপুর ১১টা ৪১ মিনিটে, আসর ৩টা ১০ মিনিটে, মাগরিব সন্ধ্যা ৪টা ৫৩ মিনিটে আর এশার সময় শুরু হবে রাত ৬টা ৯ মিনিটে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ মার্চ ডে-লাইট সেভিং টাইম শুরু হয়েছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী, বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয় এবং শরতে তা আবার এক ঘণ্টা পিছিয়ে আনা হয়। আগামী বছরের ১৪ মার্চ রোববার থেকে আবারও ডে-লাইট সেভিং টাইম চালু হওয়ার কথা রয়েছে।
মূলত দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে এ ব্যবস্থা অনুসরণ করা হয়। বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়ায় বিকেল ও সন্ধ্যায় তুলনামূলক বেশি সময় দিনের আলো পাওয়া যায়। অন্যদিকে, শরতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার পর ঘড়ির হিসাবে সূর্যোদয় ও সূর্যাস্ত এক ঘণ্টা আগে হয়। ফলে সকালে অপেক্ষাকৃত আগে আলো ফোটে এবং সন্ধ্যায় আগে অন্ধকার নামে। এতে শীত মৌসুমে মানুষের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে দিনের আলোর সময়ের সমন্বয় ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন