https://www.prothomalony.com/
18477
bangladesh
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ ০৪:২০
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত কালজয়ী ফ্যান্টাসি গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশের শতবর্ষ পেরিয়েও বর্তমান সমাজে সমান প্রাসঙ্গিক। বিজ্ঞানমনস্কতা, জেন্ডার সমতা ও পরিবেশবান্ধব ভাবনার আলোয় আধুনিক সমাজ গঠনে বেগম রোকেয়ার এই কালজয়ী রূপরেখা আজও অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের সনাতন-দীননাথ পাঠকক্ষে ‘সুলতানার স্বপ্ন: শতাব্দী পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এক সৃজনশীল অনুভূতি প্রকাশ ও পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এবং গ্রন্থাগারের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শুভাশিস চক্রবর্তী বলেন, “১৯০৫ সালে রচিত ‘সুলতানার স্বপ্ন’ কেবল একটি গল্প নয়, বরং বিজ্ঞানমনস্কতা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং জেন্ডার সমতার এক দূরদর্শী রূপরেখা। শত বছর আগে বেগম রোকেয়া সৌরশক্তির ব্যবহার, আকাশযান এবং যুদ্ধের বিকল্প হিসেবে জ্ঞান-বিজ্ঞানের যে ‘ল্যাডিল্যান্ড’ বা নারীস্থানের স্বপ্ন দেখিয়েছিলেন, তা বর্তমান জলবায়ু সংকট ও যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তরুণ পাঠক ও শিক্ষার্থীরা ‘সুলতানার স্বপ্ন পড়ো’ শিরোনামে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা জানান, রোকেয়ার এই ভাবনা আজও সমাজকে অবরুদ্ধতার শেকল ভেঙে একটি মানবিক ও সাম্যবাদী পৃথিবী গড়ার প্রেরণা দেয়।
সভাপতির বক্তব্যে রত্নদীপ দাস রাজু বলেন, “নতুন প্রজন্মের মাঝে এই দূরদর্শী সাহিত্যকর্মের বার্তা পৌঁছে দিতেই এই পাঠচক্রের আয়োজন। বিজ্ঞান ও শিক্ষার আলোয় সমাজ থেকে কুসংস্কার ও অন্ধকার দূর করাই আমাদের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তরুণ সমাজকর্মী বিশ্বজিৎ দাশ নারায়ণ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, পাঠক ফোরামের সহ-সভাপতি সজীব দাশ, সাংগঠনিক সম্পাদক তীর্থ দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ ও দপ্তর সম্পাদক রুদ্র কিশোর দাশ প্রান্ত।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পাঠক এবং যুব সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা পর্ব শেষে তরুণ পাঠকদের হাতে ‘সুলতানার স্বপ্ন’ বইটি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন