https://www.prothomalony.com/

18511

bangladesh

বাংলাদেশ

মার্কিন সেনাবাহিনীতে বিচারিক কর্তৃত্বসহ কোম্পানি কমান্ডার হলেন শেখ আল আমিন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৭:৪৬

বাংলাদেশি-আমেরিকান ক্যাপ্টেন শেখ আল আমিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বিশেষ বিচারিক কর্তৃত্বসহ কোম্পানি কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২৪ অক্টোবর ২০২৬ নিউইয়র্কের বেসাইডে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর ৪০৮তম হিউম্যান রিসোর্সেস কোম্পানির কমান্ডার হিসেবে তার ওপর এ দায়িত্ব ন্যস্ত করা হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ফার্স্ট লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন পদে উন্নীত হন তিনি। ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিস (ইউসিএমজে) কর্তৃত্বের আওতায় ইউনিটের শৃঙ্খলা রক্ষা ও সামরিক বিচারিক পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রয়েছে কমান্ডারের।

বাংলাদেশের খুলনায় জন্ম নেওয়া শেখ আল আমিন ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে যান। ২০১৮ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ২০২৩ সালে অফিসার ক্যান্ডিডেট স্কুল থেকে কমিশন লাভ করেন। ২০২৪-২০২৫ সালে মধ্যপ্রাচ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীনে দায়িত্ব পালনকালে নেতৃত্বের জন্য একাধিক সামরিক সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেন তিনি।

সামরিক দায়িত্বের পাশাপাশি তিনি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) স্পেশাল অপারেশনস ডিভিশনে কর্মরত। পুলিশি দায়িত্বে অবদানের জন্য ২০২৪ সালে এক্সিলেন্ট পুলিশ ডিউটি অ্যাওয়ার্ড পান তিনি। এ ছাড়া লেহম্যান কলেজ থেকে সাংগঠনিক নেতৃত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ৪.০ জিপিএ নিয়ে।

শেখ আল আমিনের এই অর্জনে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)। সংগঠনটির নেতৃবৃন্দের মতে, তার সাফল্য যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সুনাম বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বর্তমানে স্ত্রী ন্যান্সি আক্তার লিজা, দুই সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন শেখ আল আমিন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন